সিদ্ধান্ত চাই যে রাষ্ট্র সিনেমা চায় কি না...

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার গিয়াসউদ্দিন সেলিম, যিনি ‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ ও ‘কাজলরেখা’র মতো নন্দিত চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে এ দেশের মূলধারার ও বিকল্প ধারার সিনেমার মাঝে এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছেন। দেশ রূপান্তরের পক্ষ থেকে অনিন্দ্য নাহার হাবীবের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি তার দীর্ঘ নির্মাণযাত্রা, চলচ্চিত্র ভাবনা ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন

প্রশ্ন : ওটিটি প্ল্যাটফর্মে ক্রাইম থ্রিলারের দাপট এবং বর্তমান কনটেন্টের ধরন সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?

গিয়াসউদ্দিন সেলিম : ‘সেক্রেড গেমস’ আসার পর ক্রাইম থ্রিলার এমনভাবে আধিপত্য বিস্তার করেছিল যে, প্রায় ছয়-সাত বছর ধরে এর প্রভাব ছিল। বিশেষ করে নেটফ্লিক্সের ‘সেক্রেড গেমস’-এর প্রভাবটা ছিল ব্যাপক। তখন আমাদের এখানেও নতুন নতুন ওটিটি প্ল্যাটফর্ম এসেছে এবং এই ক্রাইম থ্রিলারের প্রতি পুরো জাতি যেন ঝুঁকে পড়েছিল। তবে এখন আস্তে আস্তে ভিন্ন ভিন্ন জনরা এবং বিভিন্ন ধরনের ভালো কনটেন্ট তৈরি হচ্ছে। আমি টেলিভিশনের জন্য দীর্ঘ ধারাবাহিক ও প্রচুর সিরিজ করেছি, কিন্তু ওটিটিতে কাজ করা হয়নি। এবার একটি ওয়েব সিরিজ করতে যাচ্ছি। লেখালেখি শেষ হয়েছে, আশা করছি ডিসেম্বরের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে।

প্রশ্ন : সিনেমা, নাটক বা ইলেকট্রনিক মিডিয়ায় আপনি যা-ই নির্মাণ করেন, তার মধ্যে আপনার থিয়েটার ব্যাকগ্রাউন্ডের প্রভাব কতটুকু দেখতে পান?

গিয়াসউদ্দিন সেলিম : প্রভাবের ক্ষেত্রে একজন মানুষ যখন কাজ করে, তখন সে নিজের ওপর কার বা কীসের প্রভাব কতটুকু, তা নিজে বিচার করার সুযোগ পায় না। কারণ আমি তো এর ভেতরেই আছি। বাইরে থেকে কেউ দেখে যখন বলেন যে আমার কাজে অমুক বা তমুক বিষয়ের প্রভাব আছে, তখন বিষয়টি বোঝা যায়। তবে আমার জীবনে নানা অভিজ্ঞতার প্রভাব আছে। ছোটবেলা থেকে শুরু করে এই বয়স পর্যন্ত আমি যেসব অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি, মা-বাবা, স্ত্রী-সন্তান, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে আমার যে সম্পর্ক ও মিথস্ক্রিয়া সেগুলো অবচেতনেই দাগ কেটে যায়, ছায়া ও ছাপ ফেলে যায়। মানুষকে বোঝার ও জানার এই দীর্ঘ অভিজ্ঞতা এবং স্মৃতি কাজে প্রভাব ফেলবেই; আমি তো আর আসমান থেকে কিছু লিখতে পারব না।

প্রশ্ন : ছোটবেলায় কি কখনো মনে হতো যে বড় হয়ে সিনেমা বানাবেন? তখন কী হওয়ার স্বপ্ন দেখতেন? 

গিয়াসউদ্দিন সেলিম : না, সিনেমা বানাব তা কখনো মনে হতো না। একেক সময় একেক রকম স্বপ্ন দেখতাম। খুব ছোটবেলায় যখন গ্রামের স্কুলে পড়তাম, তখন আমাদের স্কুলে একজন নতুন ‘সেকেন্ড স্যার’ এসেছিলেন। হেড স্যারের পরের পদে থাকা সেই স্যার আমাদের মারতেন না, খুব স্নেহ দিয়ে সুন্দর ভঙ্গিতে কথা বলতেন। জামাকাপড়েও তিনি তৎকালীন অন্যান্য শিক্ষকদের চেয়ে আলাদা ছিলেন। তখন আমার মনে হতো, আমি যদি সেকেন্ড স্যার হতাম! আমাদের গ্রামের বাড়ির সামনে বিশাল সুপারির বাগান ছিল; উপকূলীয় এলাকার বাড়িতে সুপারির বাগান থাকাটা তখন বাধ্যতামূলক ছিল। আমি সেই সুপারি গাছগুলোকে ছাত্র বানিয়ে সেকেন্ড স্যার সেজে ওদের পড়াতাম।

এরপর যখন মহকুমা শহর ফেনীতে উচ্চশিক্ষার্থে আসলাম, তখন বাবার ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে একটি মিষ্টির দোকান ছিল। সেখানে ছোট বাটিতে ছানাবাটি বা রসমালাই বিক্রি হতো, যা আমার খুব প্রিয় ছিল। তখন মনে হতো, আমি যদি মিষ্টির দোকানদার হতাম, তাহলে ফ্রি খেতে পারতাম! তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন থিয়েটার শুরু করি, তখন স্বপ্ন ছিল দিল্লির এনএসডিতে (ন্যাশনাল স্কুল অব ড্রামা) পড়ে থিয়েটার ডিরেক্টর হব এবং ঢাকায় নয়, বরং ফেনীতে গিয়ে থিয়েটার চর্চা করব।

প্রশ্ন : থিয়েটার ডিরেক্টর হওয়ার সেই স্বপ্নটা কি তারুণ্যের বিপ্লবী ভাবনা থেকে এসেছিল? পরে তা পূরণ হলো না কেন?

গিয়াসউদ্দিন সেলিম : বিপ্লবী ভাবনা নয়, অনার্স পড়ার সময় থিয়েটার করতাম বলেই অমন স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবতা হলো, অনার্স পরীক্ষার পরপরই আমার বিয়ে হয়ে যায়। তখন বিয়ের বয়স বা সময় ছিল না, কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছিল। আমি তখন ছাত্র; বাবা আর কত দিন বউকে খাওয়াবেন? তাই মাস্টার্স পরীক্ষার পরপরই কাজে নেমে পড়তে হলো এবং ওই সব স্বপ্ন বাদ দিতে হলো।

প্রশ্ন : আপনার প্রতিটি সিনেমায় যেমন ‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘গুনিন’ কিংবা ‘কাজলরেখা’ আলাদা আলাদা নির্মাণশৈলী এবং গভীর মনোনিবেশ দেখা যায়। এর পেছনের কারণ কী?

গিয়াসউদ্দিন সেলিম : আমরা যখন টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন থেকেই প্রত্যেকে আসলে সিনেমার স্বপ্ন দেখতাম। আমরা স্টুডিওকেন্দ্রিক টেলিভিশন ফিকশন করিনি, বরং এক ক্যামেরা দিয়ে সিনেমার ভঙ্গিতেই শুটিং করতাম। যেমন ‘ভয়’ কিংবা ‘হারানের নাতজামাই’ নাটকগুলো মেকিং ও ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজের দিক থেকে ছিল ছোট ছোট সিনেমার মতো। প্রস্তুতি, বাজেট ও সামর্থ্য কম থাকায় ওভাবে করতাম।

প্রথম যখন ‘মনপুরা’ বানালাম, তখন আমার বয়স ও অভিজ্ঞতায় রোমান্টিক ভঙ্গিটা প্রবল ছিল, তাই রোমান্টিক সিনেমা বানানোর চেষ্টা করেছি। অবশ্য সেখানেও ধনী-গরিবের সামাজিক বাস্তবতা ও সংগ্রাম ছিল। এরপর যখন ‘স্বপ্নজাল’ বানালাম, তখন প্রেমের পাশাপাশি সময়ের সামাজিক বাস্তবতা যুক্ত হলো। ১৯৪৭-এ দেশভাগের সময় এদেশে হিন্দু-মুসলিম অনুপাত ছিল প্রায় ৬০:৪০, যা এখন সাত-আট শতাংশে নেমে এসেছে। আমাদের যে ধর্মীয় বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, একজন নির্মাতা হিসেবে সময়ের সেই বাস্তবতাটা বলে যাওয়ার আকাক্সক্ষা থেকেই ‘স্বপ্নজাল’ করা। আবার ‘পাপপুণ্য’ মানুষের আদিম প্রবৃত্তি বা বেসিক ইন্সটিংক্ট নিয়ে। আসলে জনপ্রিয়তা বা আয়-উন্নতি সবাই চায়, কিন্তু নির্মাতা হিসেবে সমাজকে কী বলব এবং কেন বলব সেই নিজস্ব দায়বদ্ধতা থেকেই ছবিগুলো আলাদা হয়ে যায়।

প্রশ্ন : বাজেট কম থাকলে কি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বেড়ে যায়? আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সিনেমাকে নিয়ে যেতে কী কী প্রয়োজন?

গিয়াসউদ্দিন সেলিম : টাকা-পয়সার টানাটানি হলে পুরো টিম সৃজনশীল সমাধানের দিকে মন দেয়, ফলে কিছু জিনিস ভালো হয়ে যায়। কিন্তু সিনেমা সবসময়ই একটি ব্যয়বহুল মাধ্যম। এখানে অনেক লোক কাজ করে, শুটিংয়ের প্রতি মিনিটে খরচ হয়। বিশ্ব সিনেমা আজ যে জায়গায় পৌঁছেছে, শুধু ক্রিয়েটিভিটি দিয়ে বাজেট ছাড়া সেখানে যাওয়া সম্ভব নয়।

একটি দেশের ফুটবল, ক্রিকেট, চিত্রকলা, সংগীত ও নৃত্য যে অবস্থায় থাকে, সিনেমাও সেই একই সমান্তরালে থাকার কথা। আমাদের ক্রিকেট বিশ্বে ভালো নাম করেছে। ফুটবলেও প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের এনে এখন ভালো অবস্থায় যাচ্ছে। কিন্তু সংগীত ও নৃত্যে আমরা কিছুটা পিছিয়ে আছি। খেলাধুলায় সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াও আইসিসি বা ফিফার মতো সংস্থার অর্থ ও প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কিন্তু আমাদের শিল্পকলার কোনো শাখার প্রতি সরকারের কখনো কোনো দয়ামায়া ছিল না। বিনোদন শিল্প থেকে যে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব, তা তুরস্ক বা ভারত প্রমাণ করেছে। তুরস্ক তাদের সিরিজ দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আনছে। আমাদেরও সেই সম্ভাবনা আছে। কিন্তু একটি দেশের শিল্প-সংস্কৃতি ও সিনেমা কেমন হবে, তা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা কি হামদ-নাতের ভঙ্গিতে যাব, নাকি আমাদের নিজস্ব জারি-সারি-ভাটিয়ালিকে আধুনিক ফর্মে নেব তা রাজনৈতিকভাবে ঠিক করতে হয়। আমরা সরকারের কাছে অঢেল টাকা চাই না, আমরা শুধু সিদ্ধান্ত চাই যে রাষ্ট্র সিনেমা চায় কি না।

প্রশ্ন : ‘সিনেমা চাই কি না’ এই প্রশ্নের উত্তর খোঁজাটা কি বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছুটা দুঃখজনক নয়?

গিয়াসউদ্দিন সেলিম : দুঃখজনক হলেও বাস্তবতা এটাই, আর আমরা বাস্তবতার বাইরে যেতে পারব না। দীর্ঘদিন ধরেই পুরো দেশ একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেশে মবের রাজত্ব দেখলাম। আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করেনি। ইন্ডাস্ট্রির প্রায় ৮০ শতাংশ মানুষের এখনো কাজ নেই, মাত্র ২০-২৫ শতাংশ মানুষ কাজ করছে। অভিনয়শিল্পীদের মধ্যেও গুটিকয়েক প্রথম শ্রেণির শিল্পী সচ্ছল আছেন, বাকিরা নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায় দিন কাটাচ্ছেন। সিনেমা ও শিল্পকলার সব শাখাতেই এখন চরম দুর্যোগপূর্ণ সময় যাচ্ছে।

প্রশ্ন : বর্তমান সময়ের ইউটিউব নাটক বা ভিউকেন্দ্রিক কনটেন্ট নিয়ে আপনার মূল্যায়ন কী?

গিয়াসউদ্দিন সেলিম : ইউটিউব নাটক করে দেশে বৈদেশিক মুদ্রা আসছে, এটা ভালো দিক। সারা পৃথিবীতে প্রায় ৩০-৩৫ কোটি বাঙালি আছে, ভাষাভাষীর দিক থেকে আমরা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম জাতি। ফ্রি কনটেন্ট হওয়ার কারণে ওটিটির চেয়ে ইউটিউবে দর্শক অনেক বেশি যুক্ত হচ্ছে। কিন্তু এখানকার নির্মাতারা দর্শক কী চায় সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছেন; ‘আমি কী দেখাব’ সেদিকে কোনো ফোকাস নেই। সিনেমা বা নাটক তো আর পোশাক তৈরির কারখানা নয়; এটি মানুষের মনন ও রুচি গঠনের কাজ করে। তাই বাঙালি জাতি যাতে উপকৃত হয়, সেভাবেই কনটেন্ট বানানো উচিত। অথচ এখন অধিকাংশ জনপ্রিয় নাটকে বুলিং, হ্যারাসমেন্ট বা ‘প্রবাসীর বউ’-জাতীয় স্থূল বিষয়ের আধিক্য দেখা যায়।

প্রশ্ন : আপনার গল্পে চরিত্রের গভীরতা ও টানাপড়েন খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। এই পর্যবেক্ষণগুলো কীভাবে গড়ে উঠেছে?

গিয়াসউদ্দিন সেলিম : এটি আলাদা কোনো ভাবনার বিষয় নয়, বরং আমার যাপিত জীবনের অভিজ্ঞতা এবং বিশ্বসাহিত্য পাঠের ফসল। বাংলা সাহিত্যের মাস্টার লেখকদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হাসান আজিজুল হক, আখতারুজ্জামান ইলিয়াস কিংবা জহির রায়হানের লেখা পড়ে বাঙালি চরিত্র নির্মাণের বিস্তার সম্পর্কে ধারণা পেয়েছি। পাশাপাশি তলস্তয়, চেখভ, মপাসাঁ, উইলিয়াম শেকসপিয়ারসহ রুশ, ল্যাটিন আমেরিকান ও ইউরোপীয় সাহিত্যের ছিটেফোঁটা পাঠ আমাকে জীবনবোধ তৈরি করতে সাহায্য করেছে।

বড় লেখকরা মানুষের মৌলিক প্রবৃত্তি বা জীবনের গূঢ় সত্য নিয়ে কথা বলেন। যেমন শেকসপিয়ার তার এক সনেটে লিখেছেন চল্লিশ বছর বয়সে মুখে বলিরেখা পড়ার পর কেউ যদি জিজ্ঞেস করে তোমার যৌবন কোথায়, তবে ষোলো বছরের কান্তিমান সন্তানকে দেখিয়ে বোলো, এই তো আমার যৌবন। মানুষের এই মৌলিক সত্যগুলোই আমাদের অনুপ্রেরণা এবং কাজের মূল উদ্দেশ্য।

প্রশ্ন : সাহিত্যের মতো চলচ্চিত্রে আপনার পছন্দের বা ‘মাস্টার’ নির্মাতা কারা?

গিয়াসউদ্দিন সেলিম : কারও কাছ থেকে কিছু নেওয়ার জন্য ছবি দেখি না, তবে ছোটবেলা থেকে যাদের ছবি দেখে আমার সিনেমার রুচি তৈরি হয়েছে, তাদের মধ্যে জাপানের ইয়াসুজিরো ওজু ও আকিরা কুরোসাওয়া, চীনের ঝযাং ইমু, কোরিয়ার কিম কি-দুক, ফরাসি নির্মাতা রবার্ট ব্রেসোঁ (যিনি ‘আ ম্যান এসকেপড’ বানিয়েছেন), রুশ নির্মাতা আন্দ্রেই তারকোভস্কি এবং আমাদের সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও জহির রায়হান অন্যতম।

প্রশ্ন : আপনার সিনেমায় সংগীতের ব্যবহার অনন্য। আপনার এই সংগীতবোধ কীভাবে তৈরি হলো?

গিয়াসউদ্দিন সেলিম : আমি নিজে অসুর, আমার গলায় সুর নেই। তবে গান শুনতে শুনতেই হয়তো এই বোধ তৈরি হয়েছে। প্রাচ্যের গান, বিশেষ করে বাংলা গান ও আমাদের নিজস্ব লোকজ ফর্মগুলোর প্রতি আমার এক ধরনের মোহাবিষ্টতা আছে। আসলে জিনগতভাবেই মানুষের রক্তে নিজের দেশের সুর বাজে।

প্রশ্ন : ‘কাজলরেখা’ নির্মাণের পেছনে কি ময়মনসিংহ গীতিকাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার তাগিদ ছিল, নাকি শুধুই গল্প বলার ইচ্ছা?

গিয়াসউদ্দিন সেলিম : দুটোই আসলে। এটি একটি রূপকথা, কিন্তু এর ভেতরের শক্তিটা অসাধারণ। যে ভাষায় ও ভঙ্গিতে এটি রচিত, তা শুনে রাতের পর রাত বাংলার মানুষ হেসেছে ও কেঁদেছে। কিন্তু সমসাময়িক প্রজন্মের কাছে ময়মনসিংহ গীতিকা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমাদের চল্লিশোর্ধ্ব প্রজন্ম পাঠ্যবইয়ে এটি পড়েছে, কিন্তু পরবর্তী সময় পাঠ্যসূচি থেকে তা বাদ দেওয়া হয়েছে, যা ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত।

ময়মনসিংহ গীতিকার পালাগুলো একেবারেই আমজনতার বিনোদনের জন্য আমজনতার দ্বারা রচিত ও গীত। এখানে সুধী বা জ্ঞানী সমাজের কোনো শ্রেণিবিভাগ বা হায়ারার্কি নেই। এর ভাষায় সংস্কৃতের প্রভাব খুব কম, বরং প্রাকৃত ও দেশি শব্দে ভরপুর। এই বিলুপ্তপ্রায় অমূল্য সম্পদকে ফিরিয়ে আনাটা আমাদের কাজেরই অংশ; জীবন তো আর কুসুমাস্তীর্ণ নয় যে ফুলের বিছানায় শুয়ে থাকব!

প্রশ্ন : ২০২০ সালের পরের সময়ে দাঁড়িয়ে এমন একটি ঐতিহাসিক লোকজ প্রেক্ষাপট পর্দায় ফুটিয়ে তুলতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে?

গিয়াসউদ্দিন সেলিম : চ্যালেঞ্জ হলো পুরো পরিবেশটাই নতুন করে তৈরি করে নিতে হয়েছে, কারণ পুরনো কোনো ঘরবাড়ি অবশিষ্ট নেই। সম্রাট আকবর যখন দিল্লির মসনদে ছিলেন, তখন বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধশালী জনপদ। মোগল বাদশাহরা পূর্ব বাংলাকে বলতেন ‘জান্নাতুল বেলাদ’ বা পৃথিবীর স্বর্গ, কারণ এখান থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আদায় হতো। ষোড়শ শতাব্দীতে বাংলার জিডিপি ইংল্যান্ড ও ফ্রান্সের চেয়েও বেশি ছিল। কিন্তু আমরা ব-দ্বীপ বা ডেল্টা অঞ্চলের মানুষ; নদীর পাড়ে ঘর বাঁধি, নদীভাঙলে আরেক পাড়ে গিয়ে ঘর তুলি। হাজার বছর ধরে এমনটা চলায় আমাদের স্থায়ী স্থাপত্য বা প্রামাণ্য দলিল খুব কম। ইউরোপের মানুষেরা পাথুরে অঞ্চলে স্থিতু হওয়ায় তারা তাদের চৌদ্দ-আঠারো গোষ্ঠীর ইতিহাস জানে, আর আমরা বাপ-দাদার নামই ঠিকমতো জানি না।

প্রশ্ন : অনেকেই বলেন আমাদের সংস্কৃতি খুব সমৃদ্ধ আর পশ্চিমা সংস্কৃতি দুর্বল এই তুলনাটিকে কীভাবে দেখেন?

গিয়াসউদ্দিন সেলিম : কারও সংস্কৃতি কম বা ছোট এটি একটি আজব ধারণা। প্রতিটি জাতি ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি আছে, যা তাদের কৃষি ও জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত। প্রত্যেকের কাছেই তার নিজের সংস্কৃতি শ্রেষ্ঠ। আমাদেরটা শ্রেষ্ঠ আর ওদেরটা অশ্রেষ্ঠ এমন ভাবাটা

চরম কূপম-ূকতা।

প্রশ্ন : ‘কাজলরেখা’ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সিনেমার অবস্থান এখন কোথায়?

গিয়াসউদ্দিন সেলিম : বিশ্বমঞ্চে আমাদের সিনেমা নিয়ে যাওয়ার অগ্রদূত ছিলেন তারেক মাসুদ। তার ‘মাটির ময়না’ কান উৎসবে ফিপ্রেসি জুরি অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতির নতুন দরজা খুলে দেয়। যদিও তখন পশ্চিমারা আমাদের যেভাবে দেখতে চায়, তেমন একটা ভঙ্গি কাজে ছিল। এরপর অনেকেই বুসান, গোয়া, টরন্টোসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে যাওয়া শুরু করলেন। মাঝখানে কিছুদিন আমরা সিনেমায় আমাদের দারিদ্র্য ও ধর্মান্ধতা বিক্রি করেছি। তবে এখন আর ওসব বেচাবিক্রি হচ্ছে না, এখন ভালো সিনেমাই বিশ্বমঞ্চে যাচ্ছে।

প্রশ্ন : মূলধারার বা মেইনস্ট্রিম সিনেমার সংকট কাটিয়ে উঠতে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত?

গিয়াসউদ্দিন সেলিম : আমাদের মূলধারার সিনেমা যাদের হাতে ছিল, নানা কারণে তার যোগ্য উত্তরাধিকার তৈরি হয়নি। মনে রাখতে হবে, একটি দেশের মেইনস্ট্রিম সিনেমা শক্তিশালী না হলে প্যারালাল সিনেমাও ভালো করতে পারে না। মেইনস্ট্রিমকে জাগিয়ে তুলতে হলে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত, নীতিমালা এবং বিনিয়োগ প্রয়োজন।

আমি শুনেছি বর্তমান সরকার প্রকৃত ও পরীক্ষিত নির্মাতাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার একটি উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি দেশের ৬৪টি জেলায় যদি ৬৪টি মাল্টিপ্লেক্স নির্মাণ করা হয়, তবে তাতে ১,০০০ কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। সরকার যদি চুরি-চামারি রোধ করে যোগ্য লোকের হাতে এই হাজার কোটি টাকা বিনিয়োগ করে, তবে এখনকার তরুণরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছে তারা ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে ফেলতে পারবে। কারণ দেশে-বিদেশে বাংলা কনটেন্টের প্রচুর চাহিদা রয়েছে।

প্রশ্ন : স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে শুটিং ও সম্পাদনা কখন আপনার মনে হয় যে কল্পনার ছবিটি পর্দায় ঠিকঠাক ধরা দিয়েছে?

গিয়াসউদ্দিন সেলিম : তা কখনো বোঝার সুযোগ নেই। এক বড় নির্মাতা বলেছিলেন, একটি সিনেমা তিনবার জন্মায় এবং চারবার মরে। প্রথমে এটি স্ক্রিপ্টে জীবন্ত হয়; শুটিং শেষ হলে স্ক্রিপ্ট মারা যায়। এরপর এডিটিং টেবিলে কাটাছেঁড়ার পর শুটিং ফুটেজ মারা যায় এবং চূড়ান্ত সিনেমাটি জীবন্ত হয়। সবশেষে সিনেমাটি যখন দর্শকের কাছে পৌঁছায়, তখন সিনেমাটি মরে যায় এবং দর্শকের মনে তার অনুভূতি জেগে থাকে। যে সিনেমা অনুভূতি তৈরি করতে পারে, সেটি টিকে যায়; আর যেটি পারে না, সেটি ব্যর্থ হয়। এখানে নির্মাতার ব্যক্তিগত ভালো লাগার কোনো সুযোগ নেই।

প্রশ্ন : আপনি চাইলেই ‘মনপুরা-২’ বানাতে পারতেন

এবং প্রযোজকেরও অভাব হতো না। সেই পথে কেন হাঁটলেন না?

গিয়াসউদ্দিন সেলিম : ‘মনপুরা’র চরিত্র ও গল্পের যে পূর্ণতা, তা তো আর ‘দাবাং’-এর মতো নয় যে ‘দাবাং ১’, ‘দাবাং ২’ বানানো যাবে! এর সিক্যুয়েল বানানোর কোনো পূর্বপরিকল্পনাও ছিল না। তবে ভবিষ্যতে কখনো যদি মনে হয় যে ‘মনপুরা-২’ বানাব, তখন বানাতেও পারি।

প্রশ্ন : একজন সৃজনশীল মানুষের ক্ষেত্রে ‘ইগো’ বা অহংবোধ কতটা প্রভাব ফেলে?

গিয়াসউদ্দিন সেলিম : ইগো বিষয়টি বেশ ঝামেলাপূর্ণ। ইগো হলো প্রাণীর মৌলিক প্রবৃত্তি, যা থাকা ভালো। কিন্তু তা যখন অহংবোধের পর্যায়ে চলে যায়, তখন তা ক্ষতিকর হয়ে ওঠে। বাঙালির জনপ্রিয়তা সামলানোর ইতিহাস খুব বেশি দিনের নয়, বড়জোর স্বাধীনতার পর থেকে এই পঞ্চাশ বছরের। ফলে হঠাৎ কেউ জনপ্রিয় বা বিত্তশালী হয়ে গেলে ঐতিহ্যের অভাবে সে মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিষয়টি ঠিকমতো সামলাতে পারে না। কম বয়সে এটা বোঝা যায় না, তবে বয়স বাড়লে এবং জীবনে দুই-চারবার ধাক্কা খেলে মানুষ বুঝতে পারে যে অহমিকা করার মতো কিছু নেই।