বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ ও ঘানা

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। বিশেষ করে বাংলাদেশের ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্যের জন্য ঘানার বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো। গতকাল বুধবার বিকেলে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে ঘানার হাইকমিশনার বলেন, বর্তমানে বাংলাদেশ ও ঘানার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ মার্কিন ডলার, যা দুই দেশের সম্ভাবনার তুলনায় অত্যন্ত নগণ্য। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ঘানায় আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার (অঋঈঋঞঅ) কার্যালয় অবস্থিত। ফলে ঘানার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে পুরো আফ্রিকা মহাদেশের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারের সুযোগ আরও বাড়তে পারে। বাংলাদেশ ও ঘানার বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দুই দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন বৈঠক এবং সুনির্দিষ্ট বাণিজ্যিক অংশীদার খুঁজে বের করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ঘানায় তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, ঘানা বিশ্ববাজারে স্বর্ণ ও কোকো বীজের অন্যতম রপ্তানিকারক দেশ। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ঘানার মিনিস্টার-কাউন্সেলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) সাকরাতা লামিনি ইদ্রিসু, মিনিস্টার-কাউন্সেলর মুনিরু কাদিরি এবং অনারারি কনসুলের বিশেষ সহকারী আরপো খান।