শেয়ারবাজারে নজরদারি বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

শেয়ারবাজার ও আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রক সংস্থা। বিনিয়োগকারী ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ২০২৭ সালের নজরদারি কার্যক্রমে এ বিষয়টিকে অন্যতম প্রধান অগ্রাধিকার দিয়েছে অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন (এএসআইসি)। সংস্থাটির স্পষ্ট বক্তব্য, এআই বা স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার কোনোভাবেই আর্থিক প্রতিষ্ঠানগুলোর আইনি দায় কমাবে না।

গতকাল বুধবার সিডনিতে অনুষ্ঠিত এএসআইসির বার্ষিক ফোরামে ২০২৭ সালের জন্য নির্ধারিত ৯টি নজরদারি অগ্রাধিকার তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান সারাহ কোর্ট। তিনি জানান, এআই, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণব্যবস্থা ও চ্যাটবটের অনুপযুক্ত ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্ত করা, ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে আর্থিক সেবা গ্রহণের সময় প্রতারণার শিকার হওয়া, বীমার দাবি জানানো কিংবা আর্থিক সহায়তা চাওয়ার ক্ষেত্রে গ্রাহক যেন প্রয়োজনে সরাসরি কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে চায় এএসআইসি। প্রযুক্তিনির্ভর সেবায় মানবিক পর্যালোচনা ও সহায়তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে।

এআইয়ের অপব্যবহারের পাশাপাশি আর্থিক প্রতিবেদন জমা, লাইসেন্সের শর্ত পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে নিয়ন্ত্রক সংস্থাটির। তবে বিচ্ছিন্ন কোনো অনিয়মের তুলনায় ধারাবাহিকভাবে নিয়ম ভঙ্গ করা কিংবা পদ্ধতিগতভাবে অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সারাহ কোর্ট বলেন, কোনো প্রতিষ্ঠান নিজেদের ভুল সংশোধনে দ্রুত উদ্যোগ নিলে এবং নিয়ন্ত্রক সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা করলে সেটি বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, নজরদারির অগ্রাধিকার তালিকায় কোনো বিষয় যুক্ত হওয়ার অর্থ এই নয় যে, সংশ্লিষ্ট প্রতিটি ঘটনায় মামলা করা হবে।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এএসআইসির সাম্প্রতিক কার্যক্রমের উদাহরণ হিসেবে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স (সিএফডি) খাতের অনিয়মের বিষয়টিও তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি জানান, গত এক বছরে এ খাতের বিভিন্ন অনিয়মের ঘটনায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলারের বেশি জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রক পদক্ষেপের ফলে বিনিয়োগকারীরা প্রায় ৪০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার ফেরত পেয়েছেন।

এ বিষয়ে ইউনিয়ন স্ট্যান্ডার্ডের অস্ট্রেলীয় প্রতিষ্ঠানকে ১৫৬ দশমিক ৭ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার, ইউরোপএফএক্সকে ১১৪ দশমিক ১ মিলিয়ন ডলার এবং ট্রেডফ্রেডকে ২৯ দশমিক ৪ মিলিয়ন ডলার জরিমানা করে দেশটির ফেডারেল আদালত। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সংঘটিত অনিয়মের অভিযোগ ছিল।

এর আগে ২০২৩ সালে সাতটি সিএফডি ব্রোকারের বিরুদ্ধে লিভারেজ-সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছিল এএসআইসি। প্রতিষ্ঠানগুলো হলো ক্যাপিটাল ডটকম, সিএমসি মার্কেটস, এইটক্যাপ, আইজি, পেপারস্টোন, স্যাক্সো মার্কেটস ও সিটি ইনডেক্স। ওই ঘটনায় বিনিয়োগকারীদের ৪ দশমিক ৩ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার ফেরত দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৬ সালের ১ জুন এএসআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারাহ কোর্ট। এর আগে ২০২১ সাল থেকে তিনি সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।