র‌্যাপিড জরিপ

আর্থিক অন্তর্ভুক্তিতে প্রযুক্তির ঘাটতি রয়েছে

মোবাইল ফোন, ইন্টারনেট ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধার অভাবে দেশের অনেক মানুষ এখনো আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে রয়েছেন। ব্যাংক হিসাব খোলা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও বিভিন্ন আর্থিক অ্যাপ ব্যবহারের সুযোগ থাকলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এসব সেবা নিতে পারছেন না অনেকে।

গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) উদ্যোগে জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ দশমিক ৫ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছেন। তবে পুরুষের তুলনায় নারীরা ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে। আর্থিক সেবার গ্রাহকসংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)। দেশে বর্তমানে এমএফএস হিসাবের সংখ্যা ২৫ কোটি। এর মধ্যে নারীদের নামে রয়েছে ১০ কোটি হিসাব। তবে আর্থিক অন্তর্ভুক্তিতে আঞ্চলিক বৈষম্যও স্পষ্ট। জেলাভিত্তিক হিসাবে ৮৩ শতাংশ আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে শীর্ষে রয়েছে রাজবাড়ী। অন্যদিকে মাত্র ৪৬ দশমিক ৮ শতাংশ নিয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিরাজগঞ্জ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) প্রশাসনিক ইউনিটের পরিচালক (ইনচার্জ) শাহানা ফেরদৌসী। জরিপের মূল ফলাফল উপস্থাপন করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিকাশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর, ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক সেবার মান এবং মানুষের সেবা গ্রহণের প্রবণতা সম্পর্কে বাস্তব চিত্র জানতে এ জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জরিপটি সম্পন্ন করতে সহযোগিতা করায় র‌্যাপিড ও এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) ধন্যবাদ জানান তিনি।

ডেপুটি গভর্নর বলেন, আর্থিক অন্তর্ভুক্তির জাতীয় কৌশলের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রযুক্তিগত সুবিধার অভাবে অনেক মানুষ এখনো ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। এ সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি নারী-পুরুষ, গ্রাম-শহর এবং সচ্ছল ও কম সচ্ছল জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সেবা পাওয়ার ব্যবধান কমাতে হবে। তিনি বলেন, এ লক্ষ্যে সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালুর উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক মানদ-ে দেশের আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে আগামী পাঁচ বছরে দেশের আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেছে র‌্যাপিড।