হালান্ড জাদুতে কোয়ার্টারে নরওয়ে

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর সৃষ্ট শূন্যতা পূরণ করা ছিল বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জের দ্বিতীয় পরীক্ষায় এসে উত্তীর্ণ হলো পর্তুগাল। এই জয়েও কোনোভাবে যেন জড়িয়ে গেল রোনালদোর প্রসঙ্গ। কারণ কার্ডিফে ওয়েলসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচের জয়সূচক গোলটা এসেছে সিআরসেভেনের উত্তরসূরি নতুন ৭ নম্বর জার্সির মালিক কার্লোস ফোর্বসের পা থেকে। অন্যদিকে, একই রাতে ইউরোপের অন্য প্রান্তে নরওয়ের জার্সিতে যা ঘটল, তাকে আক্ষরিক অর্থেই বলে ‘হালান্ড ম্যাজিক’। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে পেনাল্টি থেকে গোল করে দুই গোলে পিছিয়ে থেকে শুরু করেও ডেনমার্কে ৩-২ ব্যবধানে হারিয়ে নরওয়েকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দিয়েছেন এই গোলমেশিন।

পর্তুগালের স্বস্তির জয় : পর্তুগালের ফুটবলে ‘৭ নম্বর’ জার্সি মানেই এতদিন ছিল রোনালদোর একচ্ছত্র রাজত্বের সোনালি ইতিহাস। কিংবদন্তির বিদায়ের পর শুরুর ধাক্কাটাও ছিল বেশ বড়, ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে চরম চাপে পড়েছিল পর্তুগাল। তবে কার্ডিফ সিটি স্টেডিয়ামে টানটান উত্তেজনার পাঁচ গোলের থ্রিলারে ওয়েলসকে হারিয়ে রোনালদো-পরবর্তী যুগে নিজেদের প্রথম জয় তুলে নিল জর্জ জেসুসের দল। এই জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘এ-ফোর’-এর শীর্ষস্থান নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের পৌঁছে পর্তুগাল।

কার্ডিফের শীতল সন্ধ্যায় ম্যাচের ১১তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে পর্তুগালকে এগিয়ে দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তবে স্বাগতিক ওয়েলস ঘুরে দাঁড়াতে সময় নেয় মাত্র দুই মিনিট; ডেভিড ব্রুকস ও সোরবা থমাসের গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। এরপর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেদ্রো নেতো গোল করে ২-২ সমতায় দলকে ফেরান।

দ্বিতীয়ার্ধে কোচ জেসুস মাঠে নামান কার্লোস ফোর্বসকে। ম্যাচের ৭০তম মিনিটে ওয়েলস ডিফেন্ডারের ভুল থেকে বল পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন রোনালদোর ৭ নম্বর জার্সির নতুন এই উত্তরাধিকারী। তবে গোল করার পর শেষ ১৬ মিনিট ১০ জন নিয়ে খেলেও রক্ষণ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানিয়ে ফোর্বস বলেন, ‘এটি একটি বিশেষ অনুভূতি; আমি আজকের দিনটি কখনো ভুলব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিততে পেরেছি, আর তাতেই আমি খুশি। আমি জানি এই জার্সি নম্বরটির বিশেষ তাৎপর্য রয়েছে, তবে এটি পরে আমি কোনো বাড়তি চাপ অনুভব করিনি।’

হালান্ডের শেষ মুহূর্তের জাদুতে নরওয়ের রূপকথা: কোয়ার্টার ফাইনালের শেষ দল হিসেবে জায়গা করে নিতে ডেনমার্কের প্রয়োজন ছিল কেবল একটি ড্র, আর নরওয়ের সামনে জয় ছাড়া কোনো বিকল্পই খোলা ছিল না। ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায় দুই গোল হজম করে যখন নরওয়ের বিদায়ঘণ্টা প্রায় বেজেই গিয়েছিল, ঠিক তখনই প্রত্যাবর্তনের গল্প লিখলেন আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ড। যোগ করা সময়ের একেবারে অন্তিম মুহূর্তে হালান্ডের ঠা-া মাথার পেনাল্টি গোলে স্বাগতিক ডেনমার্ককে ৩-২ ব্যবধানে স্তব্ধ করে দিয়ে অষ্টম ও শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় নরওয়ে।

ম্যাচের শুরুতে রাসমুস হয়লুন্দ ও পিয়েরে-এমিল হয়বার্গের গোলে ডেনমার্ক ২-০ ব্যবধানে এগিয়ে গেলে খাদের কিনারায় চলে যায় নরওয়ে। তবে ৩৭তম মিনিটে ডেনিশ গোলরক্ষকের ভুল থেকে হালান্ড ব্যবধান কমান। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে ৮৩তম মিনিটে আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড সমতা ফেরান। আর ম্যাচের শেষ মুহূর্তে ডি-বক্সে হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বিলম্বিত গোলটি (৯৫ মিনিট ৪৫ সেকেন্ড) গোল করে নরওয়েকে শেষ আটে পৌঁছে দেন হালান্ড।

চলতি বছরে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর নাটকীয় এই জয়ে দলকে নেশনস লিগের কোয়ার্টারে তুলে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড বলেন, ‘ফুটবলে আমার দেখা অন্যতম পাগলাটে একটি বছর এটি। এমন রাজকীয়ভাবে বছরটা শেষ করতে পারা দারুণ আনন্দের। ম্যাচের আগে কোচ স্টালে (সোলবাকেন) আমাদের বলেছিলেন, ‘চলো, অবিশ্বাস্য এই ফুটবল বছরটা দারুণভাবে শেষ করি।’ দ্বিতীয়ার্ধে আমরা ওদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেলেছি। আজ আমার হ্যাটট্রিক করা উচিত ছিল, তবে দুই গোল পেয়েও আমি ভীষণ খুশি।’

নরওয়ের এই জয়ের মধ্য দিয়ে নির্ধারিত হয়ে গেছে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সেরা আট দল। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ড্রয়ে শীর্ষ বাছাই হিসেবে থাকছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ড। অন্যদিকে, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেনের মতো শক্তিশালী দলগুলোর মধ্য থেকে যেকোনো একটির বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ে নামতে হবে এই শীর্ষ দলগুলোকে। আগামী বছরের মার্চে দুই লেগের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর পর সেমিফাইনাল হবে জুনে।