পটুয়াখালীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাসভবনে আগুন

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের তালাবদ্ধ বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার এতিমখানা রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বাড়িটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে কাজী আলমগীরের পরিবারের কোনো সদস্য বা স্বজন সেখানে বসবাস করেন না। অগ্নিকাণ্ডের সময়ও বাড়িটি তালাবদ্ধ ছিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।