পিরোজপুরে সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়ি ভাঙচুর

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের ম্যাটারনিটি রোডে অবস্থিত তাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বড় ছেলে তানভীর মুজিব অভি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। খালেকের বড় ভাই এম কে এম এ আউয়াল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাড়িটিতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাড়িটির মেরামতের কাজ শুরু করা হয়েছিল। এর মধ্যেই বুধবার রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, রাতে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।