খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮নভেম্বর) রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। এসব পিকআপ সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
বুধবার রাতে যথারীতি গাড়িগুলো সেখানে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা চারটি গাড়ির মধ্যে দুটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
গাড়িচালক রিটেন ত্রিপুরা জানান, রাতে বাড়ির পাশেই গাড়িগুলো পার্কিং করে রেখেছিলেন। সেখানে নিয়মিত চারটি পিকআপ রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ততক্ষণে দুটি গাড়ির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, রাতে নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে, ঘটনার পর খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রাতভর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের একাধিক গাড়ি টহল দেয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
অন্যদিকে, জেলার জিরো মাইল, বটতলা ও ঠাকুরছড়াসহ কয়েকটি এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিল করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এসব মিছিল করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাতে সদরের জিরো মাইল এলাকা থেকে নাশকতার চেষ্টার অভিযোগে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি নজরুল ইসলামকে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা আটক করে পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে লকডাউনের অংশ হিসেবে সড়কে টায়ার জ্বালানোর ঘটনা ঘটে।