রাজশাহীতে বিআরটিসির দুই বাসে আগুন

রাজশাহীতে এক রাতেই বিআরটিসির দুটি বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া গ্রামীণ ব্যাংকের সামনে ককটেলসদৃশ ছয়টি বস্তু ফেলে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া নগরীর কোর্ট এলাকায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে চারঘাটের বাগমারী এলাকায় গত রাত সোয়া ১১টার দিকে রেললাইনে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।

এছাড়া রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেলসদৃশ ছয়টি বস্তু ফেলে যায় দুর্বৃত্তরা। তবে সেগুলোর একটিও বিস্ফোরিত হয়নি।