কারখানা বাঁচলে শ্রমিক বাঁচবে, বললেন মোস্তফা জামান

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের পরও আন্দোলন অব্যাহত থাকায় প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা জামান। শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল রাজনৈতিক কিংবা ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছে কি না, তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শ্রমিকদের উদ্দেশে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

স্ট্যাটাসে মোস্তফা জামান প্রশ্ন করেন, সরকার যখন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে এবং দাবি পূরণে সম্মতি জানিয়েছে, তখনো আন্দোলন অব্যাহত রাখার কারণ কী? এই আন্দোলনে প্রকৃতপক্ষে কারা লাভবান হচ্ছেন এবং কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তা শ্রমিকদের বিবেচনা করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, দেশের শিল্পকারখানা ও শ্রমিকদের কর্মসংস্থান পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। আন্দোলন ও অস্থিতিশীলতার কারণে বিদেশি ক্রয়াদেশ বন্ধ হয়ে গেলে, নতুন কাজের সুযোগ কমে গেলে কিংবা কারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা। এর নেতিবাচক প্রভাব পড়বে তাঁদের পরিবার এবং সামগ্রিক অর্থনীতিতে।

শ্রমিকদের বাস্তব পরিস্থিতি তুলে ধরে মোস্তফা জামান লেখেন, কোনো শ্রমিকের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলেও আন্দোলনের কারণে তার কর্মস্থল বন্ধ হয়ে গেলে সেই বেতন দিয়ে কী হবে? তখন তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব কে নেবে?

আন্দোলনে উসকানিদাতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যারা শ্রমিকদের রাস্তায় নামতে উৎসাহিত করছেন, তারা সত্যিই শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছেন কি না, তা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলনের পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থ নিয়েও ভাবার পরামর্শ দেন।

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির মধ্যে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে ঐকমত্য হলেও মজুরির পরিমাণ চূড়ান্ত হয়নি। পরে শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের জন্য ১৬ নভেম্বর নির্ধারিত সভা পিছিয়ে ২৩ নভেম্বর করা হয়।

মোস্তফা জামান তার বক্তব্যে আরও বলেন, তিনি শ্রমিকদের প্রতিপক্ষ নন। বরং শ্রমিকদের অধিকার, কর্মসংস্থানের নিরাপত্তা এবং তাঁদের সুখ-দুঃখের বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ।

শ্রমিকদের শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থান রক্ষায় পাশে থাকার আশ্বাস দেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘কারখানা বাঁচলে শ্রমিক বাঁচবে, কর্মসংস্থান বাঁচলে পরিবার বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ এগিয়ে যাবে।’