গতির ঝড় তুলে ব্যাটারদের মনে ত্রাস ছড়ানোই ছিল যাঁর ক্যারিয়ারের মূল মন্ত্র, আধুনিক ক্রিকেটের নিস্তেজ রূপ দেখে সেই শোয়েব আখতারের মন এখন বিষণ্ণ। বিশ্ব ক্রিকেটের ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই সাবেক পাকিস্তানি পেসারের আক্ষেপ, গত দুই দশক ধরেই একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছে ক্রিকেট।
তবে সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো, নতুন প্রজন্ম, এমনকি তাঁর নিজের সন্তানেরাও ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। উইজডেনের পডকাস্ট ‘দ্য স্কুপ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান ক্রিকেটের নানা অসঙ্গতি, পাকিস্তানের নিষ্প্রভ ক্রিকেট এবং নিজের খেলোয়াড়ি জীবনের বল বিকৃতির গোপন অধ্যায় নিয়ে অকপট কথা বলেছেন শোয়েব।
শোয়েবের মতে, নিয়মের বেড়াজাল এবং দুটি নতুন বলের ব্যবহার আধুনিক ক্রিকেটকে পুরোপুরি ব্যাটারদের স্বর্গরাজ্যে পরিণত করেছে, যেখানে ফাস্ট বোলারদের কার্যকারিতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এর চেয়েও বড় সংকট হলো তরুণ প্রজন্মকে মাঠে টানার মতো আকর্ষণীয় চরিত্রের অভাব। বাবর আজমের মতো তারকারা জনপ্রিয় হলেও, বর্তমান পাকিস্তান দলে সেই চিরচেনা আগ্রাসন অনুপস্থিত বলে মনে করেন তিনি।
শোয়েব বলেন, ‘খেলাটি মারা যাচ্ছে। গত ২০ বছর ধরেই এটি ধুঁকে ধুঁকে মরছে। আমার ছেলে আমাকে বলে, ‘বাবা, আমাদের দলের খেলায় আমি কোনো আগ্রাসনই দেখতে পাই না।’
আলাপচারিতায় নিজের খেলোয়াড়ি জীবনের বিতর্কিত অধ্যায় নিয়েও কোনো রাখঢাক রাখেননি শোয়েব। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে তিনি জানান, বল বিকৃতির মতো ঘটনাগুলো কেবল দু-একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো দলই তা জানে। এমনকি রিভার্স সুইং আদায় করতে তাঁরা নিজেরাও যে বলের আকৃতি পরিবর্তন করতেন, তা অকপটে স্বীকার করেন তিনি।
ওই পডকাস্টে বল বিকৃতির কৌশল ফাঁস করে শোয়েব বলেন, ‘ইংল্যান্ডে খেলার সময় আমরা শিরিষ কাগজ নয়, বরং বোতলের ছিপি ব্যবহার করতাম।’
২০০৩ সালের মে মাসে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে বল বিকৃতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা গুনেছিলেন শোয়েব।
এদিকে ক্রিকেটের হারানো রোমাঞ্চ ফেরাতে বেশ কিছু সাহসী প্রস্তাবও দিয়েছেন এই গতিদানব। তাঁর মতে, বোলারদের লড়াইয়ে ফেরাতে ওয়ানডেতে আবারও একটি বলের নিয়ম চালু করা উচিত এবং টেস্ট ক্রিকেটে ওভারপ্রতি চারটি বাউন্সার দেওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন। শুধু মুখে বলাই নয়, আক্রমণাত্মক ফাস্ট বোলিংয়ের উপযোগী পরিবেশে একটি টেস্ট ম্যাচ আয়োজনের জন্য নিজের পকেট থেকে অগ্রিম ১ লাখ মার্কিন ডলার দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠিত দলগুলোর বাইরে উদীয়মান দেশগুলোতে ক্রিকেটের প্রসারে আইসিসিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান শোয়েব।
তবে পাকিস্তান ক্রিকেটের এমন দুর্দিনেও প্রশাসনিক কোনো দায়িত্বে আসার ইচ্ছা নেই তাঁর। মায়ের কাছে দেওয়া একটি বিশেষ প্রতিশ্রুতির কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন বলে জানান শোয়েব আখতার।