নেইমারকে ‘শেষ মহান আইডল’ বললেন সান্তোস কোচ

নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই নিজের চেনা দ্যুতি ছড়ালেন নেইমার জুনিয়র, আর তাতে প্রাণ ফিরে পেল কোপা লিবার্তাদোরেসের স্বপ্ন বোনা সান্তোস। কৌতো পেরেইরায় করিতিবার বিপক্ষে আজ ১-০ গোলের কষ্টার্জিত জয়ে টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে কুকার শিষ্যরা। 

তবে ম্যাচের ফল ছাপিয়ে দিনশেষে আলোচনার কেন্দ্রে ছিল নেইমারের অনুশীলন-নিষ্ঠা ও পেশাদারিত্ব, যা দেখে অভিভূত সান্তোস কোচ মনে করিয়ে দিলেন, ক্যারিয়ারের গোধূলিলগ্নে থাকা এই মহাতারকার ফুটবলশৈলী উপভোগ করার এখই সময়। ব্রাজিলিয়ান ফুটবলের এই মহাতারকা বিদায় নেওয়ার আগেই ফুটবলপ্রেমীদের প্রতিটি মুহূর্ত উপভোগ করার আহ্বান জানিয়েছেন কুকা। তাঁর চোখে, এখনো মাঠে সক্রিয় থেকে দারুণ ফুটবল খেলে যাওয়া ফুটবলারদের মধ্যে নেইমারই সম্ভবত সর্বশেষ ‘মহান আইডল’। 

দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে (যার দ্বিতীয় ম্যাচের শাস্তি সান্তোসের আবেদনে বাতিল হয়) মাঠে ফিরেই নিজের ছন্দ ও প্রভাব দেখিয়েছেন নেইমার। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮টি গোলে সরাসরি অবদান রাখা নেইমার ২০২১ সালের পর প্রথমবারের মতো সান্তোসকে মহাদেশীয় আসরে ফেরানোর স্বপ্নে বড় ভরসা হয়ে উঠেছেন।

পুরো সপ্তাহের অনুশীলনে নেইমারের পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখে রীতিমতো অভিভূত কোচ কুকা। করিতিবার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমারের নিবেদন নিয়ে কুকা বলেন, ‘নেইমার যখন পুরো এক সপ্তাহ অনুশীলনের সুযোগ পায়, তখন সে অবিশ্বাস্য হয়ে ওঠে। সে ভালোভাবে অনুশীলন করলে আপনি আত্মবিশ্বাসী থাকবেন যে ম্যাচেও সে ভালো খেলবে। ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের আগে সে দারুণ অনুশীলন করেছিল, এরপর ২-৩টি ম্যাচ মিস করে ফিরে এসে আবারও পুরোদমে অনুশীলন করেছে। দারুণ নিবেদন নিয়ে সে সবার আগেই অনুশীলনে আসত এবং নিজের যত্ন নিত। তার মতো মানসম্পন্ন ও প্রতিশ্রুতিবদ্ধ একজন খেলোয়াড়কে কোচিং করাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

বয়স ও চোটের ধকল সামলে নেইমার যেভাবে সান্তোসের জার্সিতে নিজেকে উজাড় করে দিচ্ছেন, তা ফুটবলের জন্যই বড় পাওয়া বলে মনে করেন কুকা। তাই অবসরের ঘোষণা আসার আগেই দর্শকদের উচিত এই তারকার খেলা প্রাণভরে উপভোগ করা। 

নেইমারের বিদায়ের শঙ্কা ও তাঁর মর্যাদা নিয়ে কুকা আরও বলেন, ‘ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সে এমন একজন খেলোয়াড়, যাকে আমাদের অবশ্যই উপভোগ করতে হবে। আমি জানি না সে আর কতদিন খেলবে। এখনো মাঠে সক্রিয় থাকা এবং দারুণ ফুটবল খেলা সর্বশেষ মহান আইডলদের একজন সে, যদি না সে-ই শেষজন হয়, যা সবার জন্যই আনন্দের।’