হার্মারে হুড়মুড় করে ভেঙে পড়লো বাংলাদেশ, ৯ উইকেটে হার

ইনিংস হার এড়িয়ে সামান্য লিড নিলেও শেষ পর্যন্ত তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। জোহানেসবার্গ টেস্টের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই ১৬৮ অলআউট হয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র ১২ রানের দিয়েছে সফরকারীরা। দুই ছক্কার সমানের সেই লক্ষ্য তাড়ায় অবশ্য রানের খাতা না খোলার আগেই উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। অবশ্য তাতে কেবল স্বাগতিকদের জয়ের অঙ্কতে এনেছে পরিবর্তন। ৯ বলেই সেই মামুলি লক্ষ্যে পৌঁছে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টেম্বা বাভুমার দল। 

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন মার্কাস অ্যাকারম্যান। এর কিছুক্ষণ পর এবাদতের বলে এইডেন মার্করামের অফ স্টাম্প ছিটকে গেলেও সেটি ‘নো’ বল হওয়ায়  উইকেট হাতছাড়া হয় বাংলাদেশের। লক্ষ্য তাড়ার ইনিংস ছিক এতোটুকুই দীর্ঘ। 

এর আগে দিনের শুরুতে প্রতিরোধের আভাস দিলেও কাগিসো রাবাদা ও সাইমন হার্মারের তোপে টিকতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা; শেষ দিকে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ইনিংসের যবনিকাপাত ঘটান হার্মার।

রাবাদার পেসে বোল্ড লিটন, ছবি: সংগৃহীত

পঞ্চম দিনের খেলা ৫ উইকেটে ১০০ রান নিয়ে শুরু করেন লিটন দাস ও মুশফিকুর রহিম। শুরুতেই দুজনের জুটিতে দুই হাজার রানের মাইলফলক পূর্ণ হয়। সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছিলেন লিটন, কিন্তু ৪২তম ওভারে রাবাদার ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে ভেতরের কানায় লেগে বোল্ড হন তিনি (৩৯ রান)। এতে মুশফিকের সঙ্গে তাঁর ৬২ বলের ৪৭ রানের জুটি ভেঙে গেলে ১৩৮ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। 

এরপর ধস নামে সফরকারীদের ব্যাটিংয়ে; ৬২ বলে ২২ রান করা মুশফিককে শর্ট লেগে ক্যাচ বানিয়ে রিভিউয়ের সাহায্যে ফেরান হার্মার, আর পরপরই অফ স্টাম্পের বাইরে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন মিরাজ (১৫ রান)। শেষ দিকে টানা দুই বলে শেষ দুটি উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন হার্মার, ফলে লিড দাঁড়ায় মাত্র ১১ রানে।

আগের ইনিংসে কোনো উইকেট না পেলেও এই ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন হার্মার, রাবাদা নেন ৩টি। এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে লিটনের ব্যাটে। 

এদিকে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৫৫৭ রান তুলে ১৫৭ রানের লিড নিয়েছিল। অ‍্যাকারম‍্যান দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরলেও আগের ইনিংসে করেছিলেন দলীয় সর্বোচ্চ ১৫৭ রান। এছাড়া দুবার জীবন পেয়ে রিকেলটন করেন ১০২, লম্বা সময় পর ফেরা জুবাইর হামজা ৮৩ আর রাবাদা করেছিলেন ৭২ রান। সেখানে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে হৃদয় আর লিটনের সেঞ্চুরিতে ৪০০ রান করেছিল বাংলাদেশ।

দুই ইনিংসে ৮ উইকেট আর ৭২ রানের  জবাবে ম্যাচসেরা খেতাব জেতেন রাবাদা।