এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। ওই আদেশ স্থগিত চেয়ে করা আবেদনে সাড়া দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করার সিদ্ধান্ত দেন। ফলে আপাতত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা বহাল থাকছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। তবে এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম চালু রাখতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয় ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।