সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল, বোরখা পরা একজন নারী তার সাবেক স্বামীকে অ্যাকশন মুভির দৃশ্যের অনুরূপে দৌড়ে ধরলেন এবং সংসারের অধিকার ফিরিয়ে চাইলেন। তার দাবি, মিথ্যা অপবাদের ভিত্তিতে তাকে অন্যায়ভাবে তালাক দেওয়া হয়েছে; তার কাছে প্রমাণ আছে। পুরুষটি সেই বক্তব্য অস্বীকার করেছেন। ভিডিও দেখে কার দাবি সত্য, তা নির্ধারণ করা যায় না। কিন্তু দৃশ্যটি একটি প্রশ্ন সামনে আনে- বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে কেউ অন্যায়ের শিকার হলে, অথচ আইন কার্যকর প্রতিকারের পথ না রাখলে, তিনি কোথায় যাবেন?
নিজের হাতে বিচার তুলে নেওয়া নিরাপদ সমাধান নয়। ভুক্তভোগীর হাতে আদালত নেই, কারাগার নেই, প্রমাণ যাচাই কিংবা শাস্তির মাত্রা নির্ধারণের ক্ষমতাও নেই। বিচার না পেয়ে কেউ প্রতিশোধপরায়ণ হয়ে উঠলে প্রাপ্যের চেয়ে বেশি শাস্তি দেওয়া, এমনকি অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। আইনের বাইরে প্রতিশোধের ঝুঁকি কমাতে হলে আইনের ভেতরে প্রতিকারের পথ থাকতে হবে। অন্যায়ের প্রতিকারহীনতা তাই শুধু ব্যক্তিগত দুর্ভাগ্য নয়; এটি আইনের শাসনেরও প্রশ্ন।
বিবাহ কোনো সাময়িক সম্পর্ক নয়, যার অবসানে দুজন মানুষ কেবল আলাদা পথে হাঁটেন। একজন মানুষ এতে জীবনের বহু বছর, ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক সামর্থ্য, পারিবারিক প্রত্যাশা এবং অন্য জীবন বেছে নেওয়ার সম্ভাবনা বিনিয়োগ করতে পারেন। সন্তান নেওয়ার পরিকল্পনা, বয়সের সঙ্গে বদলে যাওয়া সুযোগ কিংবা দীর্ঘদিনের মানসিক ও সামাজিক নির্ভরতাও এর সঙ্গে যুক্ত। সম্পর্ক ভাঙা কখনো অপরিহার্য হতে পারে; নির্যাতন বা অসহনীয় দাম্পত্যে কাউকে আটকে রাখাও ন্যায়বিচার নয়। কিন্তু বিচ্ছেদের এই অধিকার অন্য পক্ষের প্রতি স্বেচ্ছাচারিতাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখে না।
কারণ যাচাইয়ের ব্যবস্থা: বাংলাদেশে মুসলিম বিবাহবিচ্ছেদের প্রচলিত নোটিশে কারণ উল্লেখ করার ঘর দেখা যায়। সামাজিকভাবেও ডিভোর্সের পেছনে একটি গ্রহণযোগ্য কারণ উল্লেখ করার প্রবণতা রয়েছে। এর তাৎপর্য হলো, বিবাহবিচ্ছেদকে সমাজ নিছক একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে দেখে না; সিদ্ধান্তটির পেছনে গ্রহণযোগ্য কারণ থাকার প্রত্যাশাও রাখে। কিন্তু সামাজিক প্রত্যাশা আর আইনগত বাধ্যবাধকতা এক নয়।
Muslim Family Laws Ordinance, ১৯৬১-এর ৭ ধারায় তালাকের লিখিত নোটিশ চেয়ারম্যানকে দেওয়া এবং তার অনুলিপি অপর পক্ষকে পাঠানোর বিধান রয়েছে। ৩০ দিনের মধ্যে পুনর্মিলনের উদ্দেশ্যে সালিশি পরিষদ গঠনের কথা বলা হয়েছে; মীমাংসা না হলে সাধারণভাবে চেয়ারম্যান নোটিশ পাওয়ার ৯০ দিন পর তালাক কার্যকর হয়ে যাবে। কিন্তু ধারাটিতে নোটিশে নির্দিষ্ট কারণ উল্লেখ করা কিংবা সেই কারণের সত্যতা প্রমাণ করাকে স্পষ্ট বাধ্যতামূলক শর্ত করা হয়নি। ফলে বিচ্ছেদ কার্যকরের প্রক্রিয়া থাকলেও তার পেছনের কারণ নিয়ে প্রশ্ন থেকে যায়। সালিশি পরিষদের পুনর্মিলনের চেষ্টার প্রক্রিয়াটি কী? বিচ্ছেদের কারণ নিয়ে বিরোধ থাকলে সালিশি পরিষদ কি সেটির সত্যতা যাচাই করবে? তা না করলে নোটিশে উল্লেখিত কারণের যথার্থতা যাচাইয়ের দায় কার? কারণের ঘরটি যদি আইননির্ধারিত সত্যতা যাচাইয়ের ব্যবস্থা না হয়, তাহলে সেটি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কী সুরক্ষা দেয়? নোটিশে যখন বিচ্ছেদের কারণ উল্লেখ করার প্রচলন রয়েছে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য কারণ থাকার প্রত্যাশা আছে, তখন সেই কারণটি প্রকৃত পরিস্থিতির সঙ্গে মেলে কি না, সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধরা যাক, নোটিশে লেখা হলো- ‘বনিবনার অভাব’। অথচ একজন সম্পর্ক টিকিয়ে রাখতে বারবার আলোচনা করতে চেয়েছেন, অন্যজন কোনো মতবিনিময়ের সুযোগ না দিয়েই একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। আবার প্রকৃত কারণটি প্রকাশযোগ্য না হওয়ায় কেউ এমন একটি গ্রহণযোগ্য কারণ লিখলেন, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে মেলে না। কারণের সত্যতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকলে এসব পরিস্থিতির পার্থক্য প্রতিষ্ঠিত হবে কীভাবে? কারণ লেখার প্রচলন নিজে থেকেই কারণের সত্যতা, ন্যায্যতা কিংবা দায়বদ্ধতা নিশ্চিত করে না। নোটিশে লেখা কারণের সত্যতা নিয়ে বিরোধ উঠলে তা যাচাইয়ের সুযোগ কোথায়? কারণটি মিথ্যা প্রমাণিত হলে তার প্রতিকার পাওয়া যাবে কোথায়? তালাকনামায় কারণের ঘর থাকা অথচ সেই কারণের যথার্থতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকলে কারণের ঘরটি তখন স্রেফ ন্যায্যতার আইওয়াশ হিসেবে এক্সিস্ট করে।
দেনমোহর পরিশোধ করলেই ডিভোর্স ন্যায্য হয়ে যায়? : ভিডিওটিতে দেখা গেছে, ডিভোর্সের কারণ উল্লেখ না করে পুরুষটি বলছেন- ‘আমি দেনা-পাওনা মিটিয়ে দিয়েছি।’ দেনমোহর স্ত্রীর প্রাপ্য অধিকার। তবে এটি বিবাহের সঙ্গে যুক্ত, ডিভোর্সের সঙ্গে যুক্ত নয়। বাংলাদেশে ডিভোর্সের কারণ দর্শানোর বাধ্যবাধকতা নেই; বৈবাহিক সম্পত্তির সুষম বণ্টনেরও ব্যবস্থা নেই। বাংলাদেশে বৈবাহিক জীবনে অর্জিত সম্পত্তির স্বয়ংক্রিয় সমান ভাগ পাওয়ার সাধারণ ব্যবস্থা নেই। অন্যদিকে, অনেক দেশে ডিভোর্সের কারণ উল্লেখ করতে হয় না, তবে বিচ্ছেদ-পরবর্তী আর্থিক ন্যায্যতার বিকল্প ব্যবস্থা রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে আদালত সম্পত্তি, সঞ্চয়, পেনশন ও ভরণপোষণ নির্ধারণে বিবাহের দৈর্ঘ্য, উভয়ের সম্পদ, উপার্জনক্ষমতা, আর্থিক প্রয়োজন এবং পরিবারে তাদের ভূমিকা বিবেচনা করে। ফ্রান্সের দেওয়ানি বিধির ২৬৬ ধারায়ও নির্দিষ্ট পরিস্থিতিতে বিবাহবিচ্ছেদের ফলে সৃষ্ট বিশেষভাবে গুরুতর ক্ষতির জন্য ক্ষতিপূরণের সুযোগ রয়েছে। এসব উদাহরণ দেখায়, তালাকের অধিকার অক্ষুণ্ণ রেখেও বিচ্ছেদ-পরবর্তী আর্থিক ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব। কিন্তু দীর্ঘ দাম্পত্যের অবসানে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক, মানসিক ও পেশাগত ক্ষতি হতে পারে; প্রভাব পড়তে পারে সন্তান নেওয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ জীবনেও। এসব ক্ষতি শুধু অর্থে পূরণ করা সম্ভব নয়। তাই বিচ্ছেদের কারণের সত্যতা ও ন্যায্যতা যাচাইয়ের ব্যবস্থাও জরুরি। দেনমোহর পরিশোধ স্ত্রীর প্রাপ্য অধিকার পূরণ করে; কিন্তু ‘দেনা-পাওনা মিটিয়ে দিয়েছি’ বললেই বিচ্ছেদের ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় না।
দীর্ঘদিন আগে নির্ধারিত একটি অঙ্ক পরিশোধ করলেই বিবাহবিচ্ছেদের সামগ্রিক ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় না। ধরা যাক, পঞ্চাশ বছর আগে কোনো বিয়েতে দেনমোহর নির্ধারিত হয়েছিল পাঁচ হাজার টাকা। পঞ্চাশ বছর পর সেই একই অঙ্ক পরিশোধ করে বিচ্ছেদ ঘটালে, নতুন জীবন শুরু করতে এই অর্থ কতটুকু সুরক্ষা দেবে? পাঁচ হাজার টাকায় কি পঞ্চাশ বছরের দাম্পত্যের ন্যায্য হিসাব মেটে? এই হিসাব কোনো জীবনের ক্ষতিপূরণ নয়; একটি দীর্ঘ দাম্পত্যের পর একই পাঁচ হাজার টাকা আর্থিক বাস্তবতায় কতটা অপ্রতুল হয়ে পড়তে পারে, তারই দৃষ্টান্ত। দেনা-পাওনার হিসাব মিটতে পারে; তাতে অন্যায়ের হিসাব মেটে না। তাই বিচ্ছেদের আর্থিক পরিণতি বিবেচনার পাশাপাশি তার পেছনের কারণের সত্যতা ও প্রমাণিত অন্যায়ের প্রতিকারের ব্যবস্থাও জরুরি।
সংবিধানের ২৭ অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান আশ্রয়ের কথা বলে। ৩১ অনুচ্ছেদ আইনানুযায়ী সুরক্ষা পাওয়ার অধিকার স্বীকার করে। এই অধিকারগুলো থাকার অর্থ এই নয় যে, প্রতিটি বিবাহবিচ্ছেদ আদালতে চ্যালেঞ্জ করার উপযোগী হবে। তবে যদি সেটা হয়, প্রতিকার পাওয়ার পথ কোথায়? অন্যায়ভাবে তালাক দেওয়া, মিথ্যা কারণ দেখানো এবং তার ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠলে কার্যকর প্রতিকারের ব্যবস্থা যেখানে অপর্যাপ্ত, সেখানে আইন সংস্কারের দায় কার? Human Rights Watch-এর ২০১২ সালের প্রতিবেদন Will I Get My Dues Before I Die? বাংলাদেশের বিবাহ, বিচ্ছেদ ও সংশ্লিষ্ট ব্যক্তিগত আইনে নারীর প্রতি বৈষম্য পর্যালোচনা করেছে। প্রতিবেদনটি পারিবারিক আদালতব্যবস্থা প্রতিষ্ঠার পরও ব্যক্তিগত আইনের মৌলিক বৈষম্য সংস্কার না হওয়ার বিষয়টি তুলে ধরে।
২০০৫ সালে বাংলাদেশ আইন কমিশন একটি অভিন্ন পারিবারিক আইন বা Common Family Code প্রস্তাব বিবেচনা করেছিল। প্রতিবেদন অনুযায়ী, আইন কমিশন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে; সেই সিদ্ধান্তের পেছনে সামাজিক প্রয়োজন কীভাবে বিবেচিত হয়েছিল, কোন যুক্তিতে প্রত্যাখ্যাত হয়েছিল এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা কী গবেষণার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি গুরুত্বপূর্ণ। বিবাহবিচ্ছেদসংক্রান্ত বৈষম্য দূর করার দাবি ও সংস্কারের সুপারিশ বহু বছর ধরেই আছে। এ ক্ষেত্রে আদালতের ভূমিকা, সরকারের আইন প্রণয়নের ক্ষমতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের দায় আলাদা। আইন কমিশনের সিদ্ধান্ত, রাজনৈতিক আপত্তি, সরকারি প্রতিশ্রুতি ও আদালতের রায়ের ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করলে বোঝা সম্ভব হবে—আইনের ঘাটতি, রাজনৈতিক অনীহা, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, নাকি একাধিক কারণ এই পরিস্থিতি বজায় রেখেছে। সমস্যাটির সামাজিক গুরুত্ব বোঝার জন্য আত্মহত্যা-সংক্রান্ত গবেষণাও প্রাসঙ্গিক। এসব গবেষণা দাম্পত্য বা পারিবারিক দ্বন্দ্বকে আত্মহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। ২০১৭ সালে ছয়টি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত ২৭১টি আত্মহত্যার ঘটনা বিশ্লেষণ করে Demography and Risk Factors of Suicide in Bangladesh: A Six-Month Paper Content Analysis গবেষণায় ৪৫ শতাংশ ক্ষেত্রে মৃত ব্যক্তির বিবাহিত জীবন এবং ৩৪.৩২ শতাংশ ক্ষেত্রে দাম্পত্য বা পারিবারিক বিরোধের উল্লেখ পাওয়া যায়। ২০২০ সালের আরেকটি সংবাদভিত্তিক গবেষণায় ২০১৮-২০১৯ সালের ৪০৩টি প্রতিবেদন বিশ্লেষণ করে ১৪.৮৯ শতাংশ ক্ষেত্রে দাম্পত্য বিরোধ এবং ৯.৬৮ শতাংশ ক্ষেত্রে পারিবারিক বিরোধকে পূর্ববর্তী ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। ২০১৮ সালে Asian Journal of Psychiatry-তে প্রকাশিত আটটি বাংলা অনলাইন সংবাদমাধ্যমের ৩৫৮টি প্রতিবেদনভিত্তিক গবেষণায় পরকীয়া-সম্পর্কিত সমস্যা ১৪.২৫ শতাংশ ক্ষেত্রে উল্লেখিত হয়; দাম্পত্য কলহ ও পারিবারিক বিরোধও গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট ঘটনা হিসেবে উঠে আসে। আর ঢাকায় আত্মহত্যায় মৃত ১০০ জনের নিকটাত্মীয়ের সাক্ষাৎকারভিত্তিক ২০২১ সালের একটি মনস্তাত্ত্বিক অটোপসি গবেষণায় ১১টি ক্ষেত্রে স্বামী-স্ত্রীর বিরোধ, দাম্পত্য বিচ্ছেদ-সংশ্লিষ্ট কলহ ও বিবাহবিচ্ছেদকে আত্মহত্যার আগের জীবনঘটনা হিসেবে শনাক্ত করা হয়। এই গবেষণাগুলো দাম্পত্য কলহ, বিচ্ছেদ ও পারিবারিক বিরোধের সঙ্গে জড়িত মানবিক পরিণতি যে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার, তা দেখায়। তাই প্রশ্নটি শুধু বিচ্ছেদের আনুষ্ঠানিক বৈধতা নয়; বিরোধের ক্ষেত্রে ন্যায্য প্রতিকার পাওয়ার পথ কতটা কার্যকর, সেটিও। প্রয়োজন এমন একটি আইনি ব্যবস্থা, যাতে বিবাহবিচ্ছেদের অধিকার অক্ষুণ্ণ রেখেই প্রাসঙ্গিক ক্ষেত্রে কারণ নিয়ে বিরোধ উত্থাপন, প্রমাণ যাচাই এবং প্রমাণিত অন্যায়ের প্রতিকার নিশ্চিত করা যায়। এর উদ্দেশ্য নির্যাতনের শিকার কাউকে বিচ্ছেদ থেকে বিরত রাখা নয়; বরং বিচ্ছেদের অধিকার যেন অন্যের জীবনে স্বেচ্ছাচারিতার ঢাল হতে না পারে। মাত্র ২০০ টাকা নিকাহ রেজিস্ট্রারের নিবন্ধন ফি দেওয়ার সামর্থ্য থাকলেই যেন কেউ বিনা কারণে বা অন্যায়ভাবে আরেকজনের জীবনে এমন গুরুতর বিপর্যয় চাপিয়ে দেওয়ার পর সব দায় থেকে মুক্ত থাকতে না পারেন, আইনকে তা নিশ্চিত করতে হবে।
ভাইরাল ভিডিওর নারীটির ব্যক্তিগত ঘটনা আমাদের অজানা। কিন্তু তার দৃশ্যটি যে প্রশ্ন সামনে এনেছে, তা স্পষ্ট: অন্যায়ের প্রতিকার না পেলে একজন মানুষ কি নিজেই অন্যায়কারীর পেছনে ছুটবেন, অসহায়ভাবে সব মেনে নেবেন, নাকি আত্মহননের মতো চরম পথ বেছে নেবেন? নাকি আইনের কাছে অভিযোগ যাচাই ও প্রতিকার চাওয়ার কার্যকর সুযোগ পাবেন, যাতে কাউকে নিজ উদ্যোগে আইনের বিকল্প খুঁজতে না হয়? বিচার ও শাস্তি নির্ধারণের ক্ষমতা রাষ্ট্রের হাতে ন্যস্ত, কারণ ভুক্তভোগীর হাতে তো আদালত নেই, কারাগার নেই, অপরাধের মাত্রা নির্ধারণের ক্ষমতা নেই। ব্যক্তিগত প্রতিশোধের কোনো নির্ভরযোগ্য সীমা নেই। প্রতিকারের দাবিতে ক্ষুব্ধ কেউ সীমা অতিক্রম করে অপরাধের তুলনায় বহুগুণ বেশি শাস্তি দিয়ে ফেলতে পারেন, এমনকি কারও প্রাণও কেড়ে নিতে পারেন বা নিজের জীবন বিপন্ন করতে পারেন। তখন রাষ্ট্র সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া বলে বিচার করবে। তাই ভুক্তভোগীর হাতে আইন তুলে দেওয়া বিপজ্জনক। বিচার ও শাস্তির ক্ষমতা রাষ্ট্রের হাতে রাখার যৌক্তিকতা হলো—ব্যক্তিগত প্রতিশোধের বদলে আইনের মাধ্যমে প্রতিকার নিশ্চিত করা।
আইনের কাজ শুধু বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করা নয়; তার সঙ্গে যুক্ত অধিকার, দায় এবং ক্ষতির ন্যায্য প্রতিকার নিয়েও ভাবা। অন্যায়ভাবে ডিভোর্স সম্পন্ন হলে তা প্রচলিত আইনে বৈধ বলে গণ্য হতে পারে; কিন্তু আইনি বৈধতা নিজে থেকেই ন্যায্যতা প্রতিষ্ঠা করে না, যদি অভ্যন্তরে অন্যায্যতা লুকিয়ে থাকে। বিচ্ছেদের অধিকার যেমন আইনে স্বীকৃত, সেই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে প্রমাণিত অন্যায় ঘটলে তার প্রতিকারের পথও আইনে স্পষ্ট থাকতে হবে।
লেখক: শিল্পী ও কলাম লেখক