ইংল্যান্ডের ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু লর্ডসে আগামী বছরের জুনে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ২০২৭ সালের ৩ জুন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে দুই দলের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো লর্ডসে ছেলেদের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
এমসিসি জানিয়েছে, ৩ জুনের ম্যাচটি স্থানীয় সময় ও সম্প্রচার-সুবিধা বিবেচনায় এমনভাবে আয়োজন করা হবে, যাতে বাংলাদেশ ও নেপালের দর্শকেরা সরাসরি মাঠে উপস্থিত হয়ে খেলা দেখতে পারেন। একই দিন লর্ডসে অনুষ্ঠিত হবে মিডলসেক্সের টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচও। ফলে প্রথমবারের মতো একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ছেলেদের ক্রিকেটের দ্বৈত আয়োজনের সাক্ষী হবে লর্ডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এই ম্যাচকে ঐতিহাসিক উপলক্ষ হিসেবে অভিহিত করেছেন।
এই ম্যাচের আগে ইংল্যান্ড সফরে ব্যস্ত সময় কাট বাংলাদেশ দলের। সফরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ম্যাচটি ইংল্যান্ডের চেলমসফোর্ডে আয়োজনের বিষয়ে দুই বোর্ডের আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও আগ্রহের কথা জানানো হয়েছে। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
এরপর ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবেন নাজমুল হোসেন শান্তরা। ২০১০ সালের পর এই প্রথম ঐতিহ্যবাহী ভেন্যুটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল।