বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক

বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল হয়ে ওঠায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে প্রায় ১ হাজার ৫০০ পর্যটক আটকা পড়েছেন। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় গতকাল বৃহস্পতিবার কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট সব নৌপথে কোনো ধরনের পর্যটকবাহী জাহাজ ও নৌযান চলাচল করেনি। এতে দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। চারটি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

দ্বীপে আটকেপড়া ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক তানভীর আহমেদ বলেন, ‘আমরা দুই দিনের ভ্রমণে এসেছিলাম। বুধবার ফেরার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবারও কোনো জাহাজ না চলায় আমরা দ্বীপেই আটকা পড়ে আছি। পরিবার ও অফিস নিয়ে দুশ্চিন্তায় আছি। তা ছাড়া অতিরিক্ত দিন থাকার কারণে হোটেল ভাড়া ও খাওয়ার খরচ নিয়েও অনেকে বিপাকে পড়েছেন।’ আরেক পর্যটক সাদিয়া ইসলাম বলেন, ‘প্রশাসন ও স্থানীয়রা আমাদের খোঁজখবর নিচ্ছেন, এটি স্বস্তির বিষয়। তবে আজও (বৃহস্পতিবার) জাহাজ বন্ধ থাকায় কিছুটা আতঙ্ক কাজ করছে। অনেকেই ঝুঁকি নিয়ে স্পিডবোটে ফিরছেন, কিন্তু আমরা নিরাপদে জাহাজে ফেরার অপেক্ষায় আছি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, তারা নিরাপদে ও স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং হোটেল-মোটেল মালিকদেরও পর্যটকদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বীপে আটকেপড়া পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ যেন ঝুঁকি নিয়ে ছোট নৌযান বা স্পিডবোটে সাগর পাড়ি না দেন, সে জন্য ঘাট এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই দ্রুততম সময়ের মধ্যে পর্যটকদের ফিরিয়ে আনা হবে।