ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানগণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার আলাদাভাবে সাক্ষাৎ করেছেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ঢাকায় চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউয়িন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ‘থ্যাঙ্কসগিভিং’ ছুটির প্রাক্কালে শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ড. খলিলুর রহমানের সঙ্গে তার সাক্ষাৎটি মূলত ছিল সৌজন্যমূলক, যার উদ্দেশ্য ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তাকে অভিনন্দন জানানো। তিনি স্পষ্ট করেন যে, এই সাক্ষাৎটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের ভূমিকার প্রেক্ষিতে নয়।
এছাড়া, ত্রিবেদী জাতিসংঘ সংস্কার নিয়ে চলমান আলোচনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন এবং বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি অভিন্ন উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন।
এই ধারাবাহিক বৈঠকগুলো এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ড. খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবেও তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।
চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউয়িন সাক্ষাতে দুই দেশের সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। তারা দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এ ছাড়া, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করা, কৌশলগত যোগাযোগ ও রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার করার বিষয়েও তারা ঐকমত্যে পৌঁছান, যাতে নতুন যুগে ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনের প্রক্রিয়া আরও জোরদার করা যায়।