সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী  জ্যোতি গ্রেপ্তার

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গত বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান মোড়লের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। একই দিন রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকেও কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী দেশ রূপান্তরকে বলেন, নুরুল ইসলাম নাহিদ ও জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে রিমান্ডের কোনো আবেদন রাষ্ট্রপক্ষে করা হয়নি। পাশাপাশি দুজনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় কোনো জামিনের আবেদন হয়নি। ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত বুধবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। পরে উত্তরা পশ্চিম থানার সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ১৪টি মামলায় তার নাম রয়েছে বলে সিডিএমএস পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে একই দিন জুলাই আন্দোলনের মামলায় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই মুর্শিদুল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

নাহিদের বাসায় লুটপাটের অভিযোগ : নুরুল ইসলাম নাহিদকে যে বাসা থেকে আটক করা হয় সেটি তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার বাসা বলে জানা গেছে। বাসায় পুলিশ যখন আটক অভিযান চালায় তখন কয়েকটি মিডিয়া লাইভ সম্প্রচার করে। লাইভ সম্প্রচারের এই সব ভিডিও গতকাল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তাতে শোনা যায় নাহিদের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেন, রাতেই কিছুক্ষণ আগে ডিবি পরিচয় দিয়ে কিছু লোক তাদের বাসায় যায় এবং টাকা ও মেয়ের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

বাসায় লুটপাটের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দেশ রূপান্তরকে বলেন, আমিসহ উত্তরা পশ্চিম থানার একটি দল রাত ২টার দিকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করতে যাই। পুলিশ সদস্যরা বাসায় প্রবেশের পর পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাত ১০টার দিকে একদল লোক বাসায় এসে লুটপাট করে। তবে তারা কারা সেটা বলতে পারেনি। তারা থানায় লিখিত কোনো অভিযোগও দেননি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে- এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।