অচলায়তন ভাঙার ছবি

একটি ছবিরও কখনো কখনো নিজের সময়ের সঙ্গে লড়াই করার ইতিহাস থাকে। ছবির মানুষটিও তখন সময়ের সীমানা পেরিয়ে হয়ে ওঠেন ইতিহাসের অংশ। কবি সুফিয়া কামালের এই প্রতিকৃতিটিও তেমন। আজ থেকে প্রায় এক শতাব্দী আগে, যখন ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল রক্ষণশীল সমাজের চোখে অপরাধ, তখন এক অষ্টাদশী তরুণী অন্দরমহল থেকে বের হয়ে সাহস করে হাজির হয়েছিলেন স্টুডিওতে। অন্তঃপুরের কোনো মুসলমান নারীর ছবি তোলার কথা তখন ছিল প্রায় অকল্পনীয়। সেই সামাজিক অনুশাসনের দেয়াল ডিঙিয়েই কলকাতার বিখ্যাত সি. গুহ স্টুডিওতে তোলা হয়েছিল ছবিটি। ১৯২৯ সালের সেপ্টেম্বর মাসে সওগাত-এর মহিলা সংখ্যায় প্রকাশিত হয় সেই ছবি। সওগাত-এর পাঠকরা তখন তাকে চিনতেন সুফিয়া এন. হোসেন নামে।

ছবিটি তোলার নেপথ্য কাহিনি লিখে গেছেন নারীজাগরণের পথিকৃৎ ও সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। তার ‘বাংলা সাহিত্যে সওগাত যুগ’ গ্রন্থের ৫৬৫ থেকে ৫৬৭ নম্বর পৃষ্ঠায় রয়েছে সেই সময়ের বিবরণ। সে সময় সওগাত কলকাতার প্রভাবশালী সাহিত্য সাময়িকপত্র; প্রায় প্রতিটি সংখ্যাতেই প্রকাশিত হতো সুফিয়া এন. হোসেনের কবিতা। তার পরিচয় ছিল লেখায়, অবয়ব রয়ে গিয়েছিল আড়ালে। অন্য অনেক নারীর মতো তিনিও ঘরের ভেতর বোরকা পরে থাকতেন। অন্দরমহলের সেই নিভৃত জীবন থেকে তাকে আলোর সামনে নিয়ে আসার উদ্যোগ নিলেন নাসিরউদ্দীন।

সুফিয়া তখন তালতলায় থাকতেন। স্বামী সৈয়দ নেহাল হোসেন, তিন বছরের কন্যা আমেনা খাতুন দুলু আর মা সাবেরা খাতুনকে নিয়ে তার সাজানো সংসার। আগস্ট মাসের কোনো এক দিন নাসিরউদ্দীন সেই বাড়িতে গিয়ে হাজির। কবির বাড়িতে এটিই তার প্রথম যাওয়া। নেহাল হোসেন তাকে সাদরে ঘরে বসালেন। স্ত্রীকে ডেকে বললেন, ‘দেখে যাও কে এসেছেন!’ সুফিয়া দ্রুত এসে সম্পাদক সাহেবকে সালাম জানালেন, বিনিময় হলো কুশল। এরপর নাসিরউদ্দীন জানালেন তার পরিকল্পনা ‘মুসলমান নারীদের রচনা ও তাদের ফটো দিয়ে মহিলা সওগাত বের করব। তার জন্য ছবি দরকার।’ উত্তরে সুফিয়া বললেন, ‘আমার ফটো তো কোনো দিন তোলাই হয়নি।’

পরিকল্পনাটি শুনে নেহাল হোসেন বিস্মিত হলেও তার কথায় ছিল অকুণ্ঠ সমর্থন। বললেন, ‘মুসলমানদের কেন, হিন্দু সমাজেরও কোনো পত্রিকার মহিলা সংখ্যা আজ পর্যন্ত বের হয়নি। আমাদের গোঁড়া সমাজে আপনি এ কাজ করে যাচ্ছেন, আপনার সাহসকে ধন্যবাদ। আর সুফিয়ার ফটোর কথা বলছেন, আপনিই তো তাকে কবি করেছেন [বানিয়েছেন]। তার ফটো তুলতে চান, তুলুন। এর জন্য আমার অনুমতি নিতে হবে না। সে ভার আপনার ওপরই রইল। তবে এ ছবি নিয়ে বাড়িতে যে ঝামেলা বাধবে, তার মোকাবিলা আমি করব।’ নাসিরউদ্দীন প্রস্তাব দিলেন, ‘আপনিও চলুন। আমি আর আপনি মিলে ওকে নিয়ে যাই ফটো তুলতে।’ নেহাল হোসেন হেসে বললেন, ‘আপনার পর আমাদের যতটুকু বিশ্বাস ও শ্রদ্ধা আছে তা ক্ষুণœ করতে চাই না। আমি যাব না, আপনিই ওকে নিয়ে যান। ফটো তুলে আবার ঘরে দিয়ে যাবেন।’ তারপর স্ত্রীকে বললেন, ‘বিলম্ব করো না, তাড়াতাড়ি কাপড় পরে নাও।’

এরপর নাসিরউদ্দীনের সঙ্গে কলেজ স্ট্রিটের পথে পা বাড়ালেন সুফিয়া। অ্যালবার্ট হলের তিনতলায় সি. গুহ স্টুডিও। সি. গুহ তখন কলকাতার নামকরা ফটোগ্রাফার। স্টুডিওতে পৌঁছাতেই সি. গুহ জানতে চাইলেন, ‘ইনি কে?’ নাসিরউদ্দীন পরিচয় করিয়ে দিলেন, ‘ইনি একজন কবি, নাম সুফিয়া এন. হোসেন। সওগাতে বোধহয় এর কবিতা দেখেছেন।’ গুহ বাবু বললেন, ‘এর নাম অনেকের মুখেই শুনেছি।’ নাসিরউদ্দীন জানালেন, ‘সওগাতে এর ফটো ছাপব।’ কথাটি শুনে গুহ বাবুর চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, ‘তাতে আপনার দশাটা কী হবে, ভেবে দেখেছেন? আপনাদের ধর্মান্ধ সমাজের কথা ভালো করেই জানি। আমি তো এখন পর্যন্ত কোনো মুসলমান মেয়ের ফটোই তুলিনি। এর ফটো সওগাতে বের করলে আপনার পিঠের চামড়া থাকবে তো?’ নাসিরউদ্দীন প্রত্যয়ী কণ্ঠে বললেন, ‘আমাদের সমাজের এসব কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। এবার মহিলাদের ছবিসহ সওগাতের মহিলা সংখ্যা বের করব।’

সেদিন সি. গুহ অতি যতœ সহকারে সুফিয়ার বেশ কয়েকটি ছবি তুললেন। শুধু তা-ই নয়, পারিশ্রমিক না নিয়ে নিজ উদ্যোগে ছবিগুলো প্রিন্ট করে পাঠিয়ে দিলেন সওগাতের ১১ নম্বর ওয়েলেসলি স্ট্রিটের ঠিকানায়। ১৩৩৬ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত হলো সওগাত-এর মহিলা সংখ্যা। সেখানে ‘বিড়ম্বিতা’ শিরোনামে তিন পৃষ্ঠাজুড়ে ছাপা হলো সুফিয়ার দীর্ঘ কবিতা, পাশাপাশি তার প্রতিকৃতিও। নারীর ছবি প্রকাশের অপরাধে নাসিরউদ্দীনকে শুনতে হলো তীব্র নিন্দা ও সমালোচনা। কিন্তু প্রতিবাদের কোলাহলের মধ্যেই পত্রিকাটি বিক্রি হতে লাগল মুড়ি-মুড়কির মতো। বাজারে পত্রিকা না পেয়ে যারা সমালোচনায় মুখর হয়েছিলেন, তারাই নারীদের ছবি দেখার কৌতূহল নিয়ে ভিড় জমালেন সওগাত অফিসে। সেই কৌতূহলী জনস্রোত সামলাতে নাসিরউদ্দীনকে বেশ বেগ পেতে হয়েছিল। যে ছবি নিয়ে এত আপত্তি, শেষ পর্যন্ত সেই ছবিই হয়ে উঠল মানুষের প্রবল আগ্রহের বিষয়।

ছবি প্রকাশের কারণে সুফিয়াকে অবশ্য কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। বিড়ম্বনা এসেছিল তার কবিতা ঘিরে। আত্মীয়স্বজন ‘বিড়ম্বিতা’কে কাব্যিক অভিব্যক্তি হিসেবে না দেখে ব্যক্তিগত জীবনের বিবরণ বলে ধরে নিলেন। কবিতার দুঃখ-বেদনার পঙ্ক্তিগুলোকে তারা ভেবে নিলেন সুফিয়ার নিজের জীবনের প্রতিফলন। প্রশ্ন উঠল আমরা তাকে কী এমন দুঃখ দিয়েছি যে এমন কবিতা লিখতে হলো? শিল্পের ভাষাকে ব্যক্তিগত অভিযোগ ভেবে নেওয়ার সেই ভুল বোঝাবুঝির মধ্যেও যেন কবিতাটির নাম নতুন এক তাৎপর্য পেল।

নাসিরউদ্দীনের লেখার সূত্র ধরে সি. গুহর পরিচয় অনুসন্ধান করতে গিয়ে সিদ্ধার্থ ঘোষের ‘ছবি তোলা : বাঙালির ফোটোগ্রাফি-চর্চা’ বইয়ে তার সামান্য পরিচয় মেলে। পুরো নাম চারুচন্দ্র গুহ [২৪ এপ্রিল ১৮৮৪-৩ নভেম্বর ১৯৫৭]। জন্ম ঢাকা জেলার কেরানীগঞ্জের তেঘরিয়া গ্রামে। ১৯০৮ সালে ঢাকার সদরঘাটে তিনি একটি স্টুডিও স্থাপন করেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের বিরূপ পরিস্থিতিতে ব্যবসা গুটিয়ে ১৯১৬ সালে তিনি কলকাতায় চলে যান। তারপর থেকে নিজের দেশেই বিস্মৃতির আড়ালে হারিয়ে যান আলোকচিত্রশিল্পের এই পথিকৃৎ। অথচ তার ক্যামেরায় ধরা পড়া সুফিয়া কামালের সেই প্রথম প্রতিকৃতি আজও মনে করিয়ে দেয় একটি ছবি কেবল একজন মানুষের মুখ দেখায় না; কখনো কখনো তা সময়ের বন্ধ দরজায়ও প্রথম আলোর রেখা ফেলে। চারু গুহর ক্যামেরার ফ্রেমে সেদিন শুধু একজন তরুণীর মুখই ধরা পড়েনি, ধরা পড়েছিল অচলায়তন ভাঙার এক নীরব সাহসও।

কবিকে স্মরণ : জননী সাহসিকা সুফিয়া কামালের ২৭তম প্রয়াণদিবস উপলক্ষে গতকাল বিকেলে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে কবির ধানম-ির বাসভবন সাঁঝের মায়ায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। ঘরোয়া পরিবেশে স্মরণসভায় কথা বলেন কবিকন্যা সুলতানা কামাল। বিভিন্ন শিল্পীর সংগীত পরিবেশনের পাশাপাশি মাকে নিয়ে কবির প্রয়াত পুত্র শাহেদ কামাল ও প্রয়াত কন্যা সাঈদা কামালের লেখা পাঠ করা হয়। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সকালে সুফিয়া কামাল সাংস্কৃতিক প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন ও সংগীত পরিবেশিত হবে।