কৃষক দল ও জাসাস নেতার দাফন সম্পন্ন

নড়াইলে দুই পরিবারে শোকের মাতম

আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত নড়াইলের কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যার দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষক দল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

গত বুধবার সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  মোটরসাইকেলে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেন্দারচর এলাকায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

নিহত দুজনের পরিবারে এখন চলছে শোকের মাতম। সান্ত¡না দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। দুই নেতা হত্যার বিচার চান ভুক্তভোগীদের পরিবারসহ দলীয় নেতাকর্মীরা। নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, যারা আমার ছেলেটাকে মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার বয়স ৭০ বছরের বেশি। এখন আমি কী করব। শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম বলেন, আমি বিধবা হয়ে গেলাম। আমার স্বামী একটি শো-রুমে চাকরি করত। যে বেতন পেত তাই দিয়ে আমাদের সংসার চলত। এখন আমি কী নিয়ে বাঁচব। স্বামী হত্যার দ্রুত বিচার চাই।

নিহত জাসাস নেতা সোহেল মোল্যার বড় ভাই বলেন, আমার ভাইয়ের অপরাধ কী ছিল। নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির কর্মসূচিতে গিয়েছিলাম। আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহিন ও সোহেল হত্যাকা-ে জড়িতদের ধরতে অভিযান চলছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মামলা হয়নি।

এদিকে আজ নিহতদের কবর জিয়ারত করতে যাবেন নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।