কালিয়াকৈরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈরে জোর করে আটকে রেখে সংঘবদ্ধভাবে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে গত বুধবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকার ইউনুছ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার দাতালপুর এলাকার মোজাফফর হোসেনের ছেলে বাছেদ মিয়া (৪০) ও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সিরাজকান্দি এলাকার মজম আলীর ছেলে সোলেমান হোসেন (৫৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী পোশাকশ্রমিক (১৯) উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তার কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হলে দুজনে মিলে একটু ঘোরাফেরা করেন। এক পর্যায়ে আশরাফুল, সোলেমান, বাছেদসহ ৫-৬ জন যুবক তাদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন। এ সময় তারা ওই দুই সহকর্মীকে মারধর করেন এবং তাদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে ওই নারী শ্রমিকের সহকর্মীকে ছেড়ে দিয়ে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই নারী শ্রমিক আত্মরক্ষার জন্য দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে ওইদিন রাত ১০টার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এছাড়াও ওইদিন রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আশরাফুল, বাছেদ, সোলেমান নামে তিনজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।