কপ৩১-এর পর্দা নামছে আজ

অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি নিয়ে মতপার্থক্য

বিশ্বের জলবায়ু-সংকট মোকাবিলায় নতুন অঙ্গীকার, অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতির মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে নানা আলোচনা ও দর-কষাকষির মধ্য দিয়ে আজ শুক্রবার পর্দা নামছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর। তুরস্কের আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া ১২ দিনের এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, জলবায়ু বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও বিজ্ঞানী, গবেষক, পরিবেশকর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এবারের সম্মেলনের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, অভিযোজন-কার্যক্রম জোরদার, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো। পাশাপাশি জলবায়ু প্রযুক্তি হস্তান্তর, খাদ্যনিরাপত্তা,কৃষি, পানি ব্যবস্থাপনা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, নগর-সহনশীলতা এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়েও আলোচনা হয়।

সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন। তিনি বলেছেন, জলবায়ু-ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন অনুদান, নতুন ঋণের বোঝা নয়। আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু-অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ-সুবিধা ও ঋণ পুনর্বিন্যাসের ব্যবস্থা, জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা এবং ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যকে গুরুত্ব দিয়ে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা, উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব শিল্পায়নের কথা জানান তিনি। একই সঙ্গে জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ, প্রকৃতিবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

অর্থায়ন ও অভিযোজন নিয়ে আলোচনা : কপ৩১-এর অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল জলবায়ু অর্থায়ন ও অভিযোজন। জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরে উন্নত দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানিয়ে আসছে। এবারের সম্মেলনেও এ দাবি জোরালোভাবে উঠে আসে।

অভিযোজনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অপূরণীয় ক্ষয়ক্ষতির মোকাবিলায় অর্থায়ন এবং সংশ্লিষ্ট তহবিল কার্যকর করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। উপকূলীয় অঞ্চলের মানুষের বাস্তুচ্যুতি, কৃষি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো দুর্যোগ মোকাবিলায় কার্যকর সহায়তার দাবি জানায় ঝুঁকিপূর্ণ দেশগুলো।

জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণে মতবিরোধ : এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত আলোচ্য বিষয় ছিল জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার দ্রুত করার পক্ষে অবস্থান নেয় বিভিন্ন দেশ ও পরিবেশবাদী সংগঠন। তবে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার ক্ষেত্রে জ্বালানি-নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা এবং উন্নয়নশীল দেশগুলোর বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার পক্ষে মত দেয় কয়েকটি দেশ। তাদের যুক্তি, বিকল্প জ্বালানির পর্যাপ্ত সক্ষমতা ও সাশ্রয়ী ব্যবস্থা নিশ্চিত না করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক কর্মকা-ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, দেশগুলোর জাতীয় জলবায়ু-অঙ্গীকার পূরণ এবং নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

নতুন উদ্যোগ ও কর্মসূচি : সম্মেলনে আলোচনার পাশাপাশি জলবায়ু-কার্যক্রম বাস্তবায়নে কয়েকটি আন্তর্জাতিক উদ্যোগ সামনে আসে। এর মধ্যে রয়েছে ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ বা ব্রিজ, যার লক্ষ্য জলবায়ু-প্রতিশ্রুতিকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দেওয়া। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ উদ্যোগের সঙ্গে যুক্ত।

এ ছাড়া নগর এলাকার জলবায়ু সহনশীলতা বাড়াতে ‘সাসটেইনেবল আরবান রেজিলিয়েন্স ফাইন্যান্স ফ্যাসিলিটি’ বা সার্ফ উদ্যোগ সামনে আনা হয়। বিশ্বব্যাংকসহ কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত রয়েছে।

জ্বালানির ব্যবহার বাড়াতে ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ বা ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার স্বেচ্ছামূলক উদ্যোগ ঘোষণা করা হয়। পাশাপাশি ভূতাপীয় জ্বালানির ব্যবহার ২০৫০ সালের মধ্যে ২০২৫ সালের তুলনায় ১২ গুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘গ্লোবাল জিওথার্মাল অ্যাম্বিশন ২০৫০’ উদ্যোগ সামনে আসে। শিল্প খাতের কার্বন নিঃসরণ কমাতে ‘আনতালিয়া গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্যাক্ট’ও ঘোষণা করা হয়।

ডি-৮ সম্মেলনে বাংলাদেশের প্রস্তাব : কপ৩১-এর সাইডলাইনে ১৭ নভেম্বর অনুষ্ঠিত ডি-৮ জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অধিবেশনেও বাংলাদেশ বেশ কিছু প্রস্তাব তুলে ধরে। ‘ফ্রম ইস্তাম্বুল টু আনতালিয়া : ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এ অধিবেশনে বাংলাদেশ জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানায়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন) ড. সাইমুম পারভেজ বাংলাদেশের পক্ষে প্রস্তাবগুলো উপস্থাপন করেন।

সম্মেলনের শেষ পর্যায়ে এসে অনিশ্চয়তা : সম্মেলনের শেষ পর্যায়ে এসে অর্থায়ন, অভিযোজন, নিঃসরণ কমানো এবং জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। ১৯ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে ২১টি আলোচ্য বিষয়ে অমীমাংসিত অবস্থার কথা উঠে এসেছে। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থায়নের দায়, অর্থের পরিমাণ এবং জ্বালানি রূপান্তরের গতি নিয়ে মতবিরোধ আলোচনাকে জটিল করে তুলেছে।

ইউরোপীয় ইউনিয়ন আগের সম্মেলনগুলোর অঙ্গীকার বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে সৌদি আরবসহ কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে কঠোর ভাষার বিরোধিতা করেছে। ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জোট অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটস (এওসিস) জলবায়ু সহনশীলতা ও আগাম সতর্কবার্তা ব্যবস্থার জন্য অতিরিক্ত অর্থায়নের দাবি ওঠে।

সব মিলিয়ে কপ৩১-এ জলবায়ু সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ, অর্থায়ন ও সহযোগিতার নানা প্রস্তাব সামনে এলেও সম্মেলনের চূড়ান্ত সাফল্য নির্ভর করছে শেষ মুহূর্তের আলোচনায় দেশগুলো কতটা ঐকমত্যে পৌঁছাতে পারে তার ওপর।

১২ দিনের কর্মসূচিতে যা ছিল : জাতিসংঘের জলবায়ু-পরিবর্তনবিষয়ক সংস্থার ঘোষিত ১২ দিনের কর্মসূচিতে প্রতিদিনই নির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। ৯ নভেম্বর প্রথম দিন খাদ্য, কৃষি ও স্বাস্থ্য। ১০ নভেম্বর জ্বালানি ও পরিবহন এবং ১১ নভেম্বর শূন্য বর্জ্য বা জিরো ওয়েস্ট নিয়ে আলোচনা হয়। ১২ নভেম্বর জলবায়ুসহিষ্ণু শহর ও পরিবেশ। ১৩ নভেম্বর জলবায়ু অর্থায়ন ও বাণিজ্য।১৪ নভেম্বর শিশু, তরুণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। ১৫ নভেম্বর সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম। ১৬ নভেম্বর বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি। ১৭ নভেম্বর সমুদ্র, প্রকৃতি ও ভূমি ব্যবহার নিয়ে আলোচনা হয়। আর ১৮ নভেম্বর মানবিক ও সামাজিক উন্নয়ন, লিঙ্গসমতা ও জীবিকা এবং ১৯ নভেম্বর জলবায়ু কার্যক্রম বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়।

আজ শুক্রবার ২০ নভেম্বর সম্মেলেনের শেষ দিনে চূড়ান্ত আলোচনা ও দর-কষাকষির মধ্য দিয়ে সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ শেষে সম্মেলন শেষ হবে।