আদালতের স্থগিতাদেশ থাকলেও প্রণোদনার ঋণ পাবেন খেলাপিরা

ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ থাকলেও সংশ্লিষ্ট ঋণগ্রহীতারা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিলের আওতায় ঋণ সুবিধা পাবেন। অর্থনৈতিক কর্মকা- পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প খাতের উৎপাদন সচল রাখতে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন সহজ করতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ঋণগ্রহীতা খেলাপি হওয়ার পর তার করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত যদি সংশ্লিষ্ট খেলাপি ঋণের বিষয়ে স্থগিতাদেশ দেন, তাহলে ওই ঋণগ্রহীতাকে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা যাবে।