গোপালগঞ্জে দুই দিন পর মুক্ত মহাসড়ক, কাটেনি আতঙ্ক

টানা দুই দিনের অবরোধের পর গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। 

শুক্রবার রাত ১২টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে ঢাকা-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া অংশে এখনো অবরোধ থাকায় ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে টুঙ্গিপাড়া।

বৃহস্পতিবারের সহিংস ঘটনার পর  শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট খুলেছে। শহরতলীতে যানবাহন চলাচল শুরু হয়েছে। প্রয়োজনীয় কাজে মানুষ ঘর থেকে বের হচ্ছেন। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি থাকায় শহরজুড়ে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।

জেলার ৬৭ কিলোমিটার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ থেকে অবরোধ সরিয়ে নেওয়ায় রাত ১২টার পর যান চলাচল শুরু হয়। তবে ঢাকা-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া অংশে অবরোধ বহাল থাকায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, শুক্রবার সকাল ৯টার পর থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সেখানে রয়েছেন আনসার সদস্যরাও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় নতুন করে আরও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোতায়েন রয়েছেন আট প্লাটুন আনসার সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোয় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বৃহস্পতিবারের সহিংস ঘটনার রেশ কাটেনি সাধারণ মানুষের মধ্যে। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

 

১৯ নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার বিকেল থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে অবরোধ তৈরি করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরপর বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল গোপালগঞ্জ।

এদিন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়ি এবং তাঁর সহযোগীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক, মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।