মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, নিয়োগবিধি না মেনে কর্মচারী নিয়োগ এবং সিজারিয়ান অপারেশন ও কেবিনের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে বেশ কিছু অনিয়মের তথ্য পায় দুদক। এসব বিভাগে কর্মরত পাঁচজন টেকনিশিয়ানের কারও সংশ্লিষ্ট কাজের সনদ বা অভিজ্ঞতা নেই। তাদের কোনো প্রাতিষ্ঠানিক কিংবা আউটসোর্সিং নিয়োগপত্রও পাওয়া যায়নি। ব্যক্তিগত উদ্যোগে তারা এসব কাজে নিয়োজিত হয়েছেন বলে অভিযানকালে জানা যায়।

দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, হাসপাতালের এক্স-রে বিভাগে প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা হলেও জমা রেজিস্টারে দৈনিক মাত্র একজন রোগীর ফি জমার তথ্য লিপিবদ্ধ রয়েছে। একইভাবে প্যাথলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা বাবদ আদায় করা ফির তুলনায় জমা রেজিস্টারে উল্লেখযোগ্য পরিমাণ কম অর্থ জমার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে অভিযান পরিচালনাকারী দল।

অভিযানকালে ফি আদায়ের রশিদের মুড়ি অংশ, রেজিস্টার এবং অভিযোগসংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র জব্দ করা হয়েছে। এসব নথিপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।