খাগড়াছড়ির রামগড়ে সেনা অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে নিজবাড়ি থেকে আটক করেছে সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি দল।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। অভিযানে সাগর দেবনাথ (৬১) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার শ্মশানটিলা এলাকার জদু দেবনাথের ছেলে। সে রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত ব্যক্তিকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় রামগড় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তি চোরাইপথে ভারত থেকে কসমেটিকস্ পণ্য এনে রামগড়ে বিক্রি করতেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার হয়েছে। মামলা তদান্তাধীন, অস্ত্র সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।