ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে জোট। খবর ইন্টারনেট। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন এই জোট। গত জুলাইয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে হামলার ঘটনা বেড়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি গতকাল ভোরে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। তিনি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের দুটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।
গতকাল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজান ও আবহা শহর এবং খামিস মুশাইত এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে। পরে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে। গত কয়েক সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।