ডুলির নজর বিশ্বকাপ বাছাইয়ে

সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার জাতীয় দল কমিটির সভায় টুর্নামেন্টে দলের পারফরম্যান্স, প্রস্তুতি ও ব্যর্থতার কারণ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরবেন প্রধান কোচ থমাস ডুলি। তবে সাফের হতাশা পেছনে ফেলে এরই মধ্যে আগামী মার্চে ২০৩০ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সামনে রেখে পরিকল্পনা সাজাতে শুরু করেছেন তিনি।

২৩ বছরের শিরোপাখরা কাটানোর লক্ষ্য নিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় জামাল ভূঁইয়াদের। শনিবারের সভায় টুর্নামেন্টের পারফরম্যান্সের পাশাপাশি দলের প্রস্তুতি ও ব্যর্থতার কারণ পর্যালোচনা করা হবে। একই সঙ্গে আগামী বছরের পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সাফে বিদায় নিলেও দলের খেলায় উন্নতি দেখছেন কোচ ডুলি। বিশেষ করে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়কে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফরম্যান্স বলে মনে করেন তিনি। ডুলি বলেন, ‘অনেকেই হতাশ, তবে আমরা এখন যেভাবে ফুটবল খেলছি, তা নিয়েও অনেকে খুশি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের সেরা পারফরম্যান্স ছিল। কেউ কেউ বলছেন, সম্ভবত এটাই বাংলাদেশের সর্বকালের সেরা খেলা। দলের উন্নতিতে তারা বেশ সন্তুষ্ট।’

এদিকে প্রতিটি ম্যাচের ৮ থেকে ১০ ঘণ্টা আগে দলের কৌশল ও পরিকল্পনা ফাঁস হওয়ার অভিযোগও বাফুফের সভায় আলোচনায় আসতে পারে। বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে কোচিং স্টাফের। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর ছুটিতে বাংলাদেশ ছাড়বেন ডুলি। বড়দিনের ছুটি পরিবারের সঙ্গে ফিলিপাইন ও জার্মানিতে কাটানোর পরিকল্পনা রয়েছে তার। তবে এর আগে দলের মূল্যায়ন সম্পন্ন করা এবং বাফুফে সভাপতির অনুমোদন নেওয়ার বিষয়টি রয়েছে। মার্চের আগে আন্তর্জাতিক ফুটবলের কোনো উইন্ডো না থাকায় এ সময়টাতে ঘরোয়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফিটনেস পর্যবেক্ষণ করবে কোচিং স্টাফ। পাশাপাশি নতুন প্রতিভা ও সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে বের করার কাজও চলবে। ডুলি বলেন, ‘আমরা কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড় খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক খেলোয়াড়কে আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। তাদের ব্যক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে কোন জায়গায় উন্নতি করতে হবে, তা দেখিয়ে দেওয়া হচ্ছে।’ প্রবাসী ফুটবলারদের নিয়েও আলাদা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে কোচের। তবে ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচির কারণে জানুয়ারিতে সেই ক্যাম্প আয়োজন করতে চান না তিনি।

আগামী মার্চে দুই লেগের প্লে-অফ খেলবে বাংলাদেশ। মূল বাছাই পর্বে জায়গা করে নিতে হলে এ দুই ম্যাচে জিততে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্লে-অফের ড্র। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দলের অন্যতম ভরসা হতে পারেন মিডফিল্ডার হামজা চৌধুরী। মার্চের ম্যাচগুলোতে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ।