গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রহমান

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী ও ইংরেজিভাষী সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ (জিএমএফ)। গণমাধ্যম, শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল পেশার মানুষদের একটি বৈশ্বিক নেটওয়ার্কের আওতায় আনাই সংগঠনটির মূল লক্ষ্য।

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রাজু আলীমকে সভাপতি এবং জার্মানপ্রবাসী সাংবাদিক ফাতেমা রহমান রুমাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের প্রাথমিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক কমিটির বাইরে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় ১০০ জন প্রতিষ্ঠিত ও সক্রিয় পেশাজীবীকে যুক্ত করে শিগগিরই এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

জিএমএফে সাংবাদিকদের পাশাপাশি মডেল, অভিনয়শিল্পী, নাট্যব্যক্তিত্ব, উপস্থাপক, চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা, কবি এবং প্রবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে গণমাধ্যম, সংস্কৃতি ও অর্থনীতির মধ্যে সংযোগ তৈরি এবং অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়কে উৎসাহিত করবে সংগঠনটি।

এ ছাড়া ইউরোপ, আমেরিকা ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সামাজিক অবদান ও সাফল্যের গল্প আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেবে ফোরাম।

নতুন সদস্য অন্তর্ভুক্তি ও আন্তর্জাতিক যোগাযোগ কার্যক্রমও শুরু হয়েছে। সংগঠনের কার্যক্রমে যুক্ত হতে সভাপতি রাজু আলীমের সঙ্গে ০১৭১৩-০০৯১৫৪ ও ০১৭১১-৬২৭৪৯৩ নম্বরে অথবা telepress@gmail.com ঠিকানায় যোগাযোগ করা যাবে। সাধারণ সম্পাদক ফাতেমা রহমান রুমার সঙ্গে যোগাযোগের নম্বর +৪৯ ১৭০ ১২৯৬২৯৬ এবং ইমেইল fatama.ruma007@gmail.com।