দেশের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) রূপান্তরিত করা হয়। স্বাধীন ও নিরপেক্ষভাবে দুর্নীতি দমনের লক্ষ্যে গঠিত হলেও গত ২২ বছরে সে লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সংস্থাটির ভূমিকা নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। বেশিরভাগ সময়ে দুদককে রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও উঠেছে। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা, তদন্ত ও বিচার নিয়েও নানা প্রশ্ন রয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ, অনুসন্ধান, তদন্ত ও বিচারের মাধ্যমে দুর্নীতিবাজদের জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে যাত্রা শুরু করা সংস্থাটির ২২ বছর পূর্ণ হচ্ছে আজ শনিবার। দীর্ঘ এ সময়ে বিভিন্ন সরকারের আমলে দুদকের কার্যক্রম নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি রাজনৈতিক প্রভাব, বাছাই করে অভিযান পরিচালনা এবং মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ওয়ান-ইলেভেনের সময় এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর শীর্ষ পর্যায়ের প্রভাবশালী রাজনীতিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন খাতের প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ জোরেশোরে অনুসন্ধান ও তদন্তের আওতায় এসেছে। বিদেশে পাচার করা অর্থ শনাক্ত, ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের উদ্যোগেও সক্রিয়তা দেখিয়েছে সংস্থাটি।
এত সব উদ্যোগের পরও প্রশ্ন উঠছে দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযান কতটা কার্যকরী। প্রভাবশালীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা কতটা দৃঢ়। দুদক কি সত্যিই রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে?
দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মইদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘দুদক যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, সেই লক্ষ্য অর্জিত হয়নি। দুর্নীতি দমন ব্যুরোর সময় যে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ ছিল, কমিশন গঠনের পরও সে অবস্থার পরিবর্তন হয়নি। বরং কমিশন গঠনের শুরু থেকেই আইন অনুযায়ী কর্মকর্তা নিয়োগ, সাংগঠনিক কাঠামো ও স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে।’
সাবেক এ মহাপরিচালক বলেন, দুদক আইনের ৩৩ ধারায় বলা আছে, এ আইনের অধীন কমিশনের তদন্তকৃত বিশেষ জজ আদালতে বিচারযোগ্য মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রসিকিউটরের সমন্বয়ে কমিশনের নিজস্ব একটি স্থায়ী প্রসিকিউশন ইউনিট থাকবে। ওই প্রসিকিউশনের নিয়োগ ও চাকরি বিধি দ্বারা নির্ধারিত হবে। অথচ কমিশন গঠনের পর ২২ বছর পার হলেও দুদকের নিজস্ব আইনজীবী প্যানেল গঠন করা হয়নি। এতে করে যে দল ক্ষমতায় থাকে, তাদের সমর্থিত আইনজীবীরা দুদকের প্যানেল আইনজীবী হয়ে মামলা পরিচালনা করেন। অনেক সময় আইনজীবীরা আসামিদের সঙ্গে আঁতাত করেন। এ বিষয়ে অভিযোগ পেলে তাদের তালিকা থেকে বাদ দেওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
তিনি বলেন, দুর্নীতি দমন ব্যুরো সরকারের সঙ্গে সংযুক্ত ছিল। সরকারপ্রধান যদি প্রধানমন্ত্রীশাসিত হন, তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আর প্রেসিডেন্টশাসিত হলে প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে সংযুক্ত থাকত। সরকারের মর্জিমাফিক মামলা হতো। সে অবস্থার পরিবর্তন কমিশন গঠনের পরেও হয়নি।
প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান : ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ আমলা, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত জোরদার করে দুদক। একাধিক ব্যক্তির দেশ-বিদেশের সম্পদ শনাক্ত করে আদালতের মাধ্যমে সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের চাওয়া ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দুদক তখন তাদের বিরুদ্ধে মামলা, তদন্ত ও অনুসন্ধান শুরু করে। কিন্তু অনেকগুলোর কাজ এখনো শেষ করতে পারেনি।
মইদুল ইসলাম বলেন, বর্তমান কমিশনের কার্যক্রম নিয়েও প্রশ্ন আছে। এখন মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা কতটা দৃশ্যমান, সে প্রশ্ন রয়েছে।
মামলা বাড়লেও কমছে না বিচারিক চ্যালেঞ্জ : দুদকের কার্যক্রমের পরিসংখ্যানে মামলা ও অনুসন্ধান বৃদ্ধির চিত্র পাওয়া গেলেও আদালতে সাফল্যের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে। ২০২৫ সালে দুদকের মামলায় সাজা পাওয়ার হার ছিল ৫০ শতাংশ। এর আগের বছর ২০২৪ সালে এ হার ছিল ৪৭ শতাংশ। ২০২৬ সালের প্রথম সাত মাসেও সাজা পাওয়ার হার প্রায় ৫০ শতাংশ।
দীর্ঘ তদন্ত, দুর্বল অভিযোগপত্র, অনভিজ্ঞ প্রসিকিউশন এবং সাক্ষীদের আদালতে হাজির করতে না পারাসহ বিভিন্ন কারণে মামলার বিচার দীর্ঘায়িত হচ্ছে। অনুসন্ধান ও মামলা দায়েরের পাশাপাশি মামলার বিচার দ্রুত শেষ করা এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করাও দুদকের জন্য বড় চ্যালেঞ্জ।
মইদুল ইসলাম বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন আছে। ব্যুরো আমলে মামলার অনুসন্ধান ও তদন্তের যে গতি ছিল, দুদকের আমলে তা বাড়েনি। বরং কমেছে। বছরের পর বছর অনুসন্ধান পড়ে থাকছে। ১৩ বছর ও ১৪ বছর ধরে অনুসন্ধান চলার ঘটনাও রয়েছে।
তিনি বলেন, তাহলে কোন দিক থেকে বলবেন, দুদকের সক্ষমতা বেড়েছে? সক্ষমতা তো বাড়েনি। স্বাধীনতা ও নিরপেক্ষতাও নিশ্চিত হয়নি।
দুদকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুদক ১৩ হাজার ৮৭৭টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৩৬টি অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। একই বছরে ৫৯৪টি মামলা দায়ের করে সংস্থাটি। এটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ওই বছর ৪১৩টি মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়। এ ছাড়া ২০২৫ সালে আদালতের আদেশে প্রায় ২৯ হাজার ৩১০ কোটি টাকার সম্পদ ক্রোকের উদ্যোগ নেওয়া হয়।
শুধু অভিযোগের অনুসন্ধান, মামলা দায়ের কিংবা সম্পদ জব্দের পরিমাণ দিয়ে দুদকের কার্যকারিতা মূল্যায়ন করা যথেষ্ট নয়। স্বাধীনভাবে কাজ করতে পারাই মূল বিবেচ্য হওয়া উচিত।
রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা বড় পরীক্ষা : বাংলাদেশে দুদকের কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের অন্যতম অভিযোগ রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়া। বিভিন্ন সরকারের আমলে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের তদন্তে ধীরগতি এবং বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অভিযোগ আছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে শুরু হওয়া অভিযান নিয়েও প্রশ্ন রয়েছে।
কোনো সরকারের পতনের পর আগের সরকারের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করাই দুদকের স্বাধীনতার একমাত্র প্রমাণ হতে পারে না। বর্তমান ক্ষমতাকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রভাবশালী ব্যবসায়ী কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সমান নিরপেক্ষতায় তদন্ত পরিচালনা করতে পারছে কি না, সেটিই হবে সংস্থাটির প্রকৃত সক্ষমতার পরীক্ষা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, শুধু অনুসন্ধানের সংখ্যা দিয়ে দুদকের সাফল্য বিচার করা যথাযথ নয়। তার মতে, ক্ষমতার বাইরে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুদকের তৎপরতা বেশি দেখা গেলেও ক্ষমতাসীনদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে একই ধরনের সক্রিয়তা সব সময় দৃশ্যমান হয় না।
দুদকের একজন মহাপরিচালক নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেছেন, দুর্নীতি দমন ব্যুরো আমলে দেশের ৬৪টি জেলায় একটি করে ও রেলওয়ের জন্য দুটিসহ ৬৬টি জেলায় কার্যালয় ছিল। কমিশন প্রতিষ্ঠাকালে ২২টি কার্যালয় রেখে ৪৪টি জেলা কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। পরে জেলা পর্যায়ে দুদক কার্যালয় চালু করা হয়। বর্তমানে ২৮ জেলায় দুদকের কার্যালয় নেই।
তিনি বলেন, সরকার যেখানে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, সেখানে দুদকের বেলায় ভিন্নতা কেন? এর পেছনে কি কোনো কারণ আছে? প্রতিষ্ঠাবার্ষিকীতে সংস্থাটির জবাবদিহিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।