২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত; এক ঘোষণায় রাতারাতি পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়ায় একশ টাকা। সপ্তাহখানেক পরে কিছুটা দাম কমার পর আবারও বাড়তে শুরু করে দাম। বাড়তে বাড়তে নভেম্বরের মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম ছাড়ায় ২৫০ টাকা। সে বছর মিয়ানমার থেকে আমদানির পাশাপাশি বাজার সামাল দিতে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো তুরস্ক থেকে উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করেছিল। শুধু সেই বছরই নয়, পেঁয়াজ নিয়ে একই ধরনের অস্থিরতা ও আমদানির ধারাবাহিকতা ছিল ২০২৪ সাল পর্যন্ত। পরের বছর সরকার আন্তরিক থাকলেও সিন্ডিকেটের চাপে বাধ্য হয়ে ৮০ হাজার টনের কিছু বেশি পেঁয়াজ আমদানি করতে হয়েছিল।
এ বছর পেঁয়াজের গল্পটা পুরোপুরি ভিন্ন। চিত্র বদলেছে। প্রতি বছর যেখানে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ নিয়ে ভোগান্তিতে পড়তে হতো, সেটা এবারে একেবারেই নেই। চাহিদার বেশি উৎপাদন, সিন্ডিকেটের নিয়ন্ত্রণমুক্ত হওয়া ও সংরক্ষণ-ব্যবস্থার উন্নতির কল্যাণে একই সময়ে পেঁয়াজের দাম না বেড়ে বরং কমছে। এর মধ্যে আবার নতুন মৌসুমের পাতা-পেঁয়াজ বাজারেও আসতে শুরু করেছে। অথচ, অস্থিরতার সময়গুলোতে তুরস্কের পাশাপাশি মিয়ানমার, পকিস্তান, চীনসহ বিভিন্ন দেশ থেকে এ পেঁয়াজ আমদানি করে বাজার সামাল দেওয়ার চেষ্টা দেখা গেছে।
কৃষি বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উৎপাদন ও চাহিদার মধ্যে বড় ফারাক থাকার কারণেই পেঁয়াজের নির্ভরতা ছিল আমদানির ওপর। এবারে উৎপাদন চাহিদার চেয়ে বেশি হওয়ায় পুরো বছর বাজারে দেশি পেঁয়াজের সরবরাহের বাইরে আমদানির কোনো দরকার পড়েনি। বছরের এ সময়টাতে আগে পেঁয়াজের দামে সংকট তৈরি হতো। কিন্তু এ বছর দাম না বেড়ে উল্টো কমতে শুরু করেছে।
গত বছরও পেঁয়াজ নিয়ে হইচই হয়েছে। সরকার চেয়েছিল পেঁয়াজ-আমদানি বন্ধ রাখতে। কিন্তু সিন্ডিকেটের কারণে আমদানির অনুমতি দিতে বাধ্য হয়েছে কৃষি মন্ত্রণালয়। কারণ, গত বছরের ৭ ডিসেম্বরে সরকার সীমিত পরিসরে পেঁয়াজ-আমদানির অনুমতি দিয়েছিল। কারণ বাজারে হু হু করে পেঁয়াজের দাম বাড়িয়ে চাপ তৈরি করেছিল এ সিন্ডিকেট। সে সময় প্রায় ৮৬ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল ভারত থেকে। তবে এ বছর ব্যাপক উৎপাদনের কারণে সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি বলে জানা গেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর তথ্য বলছে, গত মৌসুমে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৩৮ লাখ টনের বেশি। তার আগের মৌসুমে উৎপাদন ছিল ৩২ লাখ টনের উপরে। এর আগে কখনোই পেঁয়াজের উৎপাদন ৩০ লাখ টন ছাড়ায়নি। যখন উৎপাদন ৩০ লাখ টনের নিচে ছিল তখন দেশে প্রতি বছর ৬ থেকে ৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হতো। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, দেশে পেঁয়াজের চাহিদা ২৮ থেকে ৩০ লাখ টন। ২০২১-২২ অর্থবছরে পেঁয়াজের উৎপাদন ছিল ২৫ লাখ ১৭ হাজার টন। অর্থাৎ উৎপাদন ছিল চাহিদার চেয়ে কম।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) তথ্যমতে, সংরক্ষণ ব্যবস্থাপনার ঘাটতির কারণে উৎপাদন-পরবর্তী সময়ে বিভিন্ন কৃষিপণ্যের ক্ষতি হয় প্রায় ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু পেঁয়াজেই ক্ষতি হয় ২ হাজার কোটি টাকা বা তারও বেশি। উৎপাদিত পেঁয়াজের ২৫ শতাংশ বা তারও বেশি নষ্ট হয়ে যায়। গড়ে যার পরিমাণ ৪ থেকে ৫ লাখ টন বা তারও বেশি।
কৃষি বিভাগ বলছে, সরকার উৎপাদন বাড়ানোতে ব্যাপক গুরুত্ব দিয়েছে। ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে কৃষকের মধ্যেও বাড়তি উৎপাদনের প্রবণতা তৈরি হয়েছে। দুটো বিষয় মিলে বেড়েছে উৎপাদন। এ ছাড়া ব্যাপকহারে কার্যকারিতার প্রমাণ না থাকলেও পেঁয়াজ-সংরক্ষণে সরকারের কিছু উদ্যোগও ইতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি তার একটাই বড় কারণ, আর তা হলো যথেষ্ট উৎপাদন। এ উৎপাদনে ভূমিকা আছে কৃষকের, কৃষি বিভাগের এবং গবেষকদের। কারণ জাত উন্নয়নেও বেশ কাজ হয়েছে বলে জানি। উন্নত জাতগুলোর সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করেছে। আগের বছরগুলোতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে কৃষকের মধ্যেও বাড়তি আগ্রহ ছিল।
তিনি বলেন, ‘বেশকিছু সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছিল পেঁয়াজ-সংরক্ষণে। সেগুলো পুরোপুরি কাজ না করলেও কিছু প্রভাব তো আছেই। সব মিলিয়ে আমদানি-নির্ভরতার যে তকমাটা, সেটা কিন্তু এ বছর আর নেই।’
তিনি জানান, বর্তমানে বাজারে ৫০ টাকা বা এর চেয়ে কিছুটা কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আসলে ৫০ টাকার আশপাশে দামটা থাকলে ভোক্তা যেমন উপকৃত হয়, তেমনি কৃষকও লাভবান হয়। এ জন্য উৎপাদন মৌসুমে কৃষক যাতে দামটা ঠিকঠাক পান সে বিষয়টি খেয়াল রাখ দরকার।
কৃষি মন্ত্রণালয় বলছে, পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ। কারণ ঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে উৎপাদিত পেয়াজের ওজন দ্রুত কমতে থাকে এবং একটা পর্যায়ে পচে যায়। যে কারণে ভালো উৎপাদনের পরও মৌসুম শেষে পেঁয়াজের ঘাটতি তৈরি হতো। এ জন্য সরকারের একাধিক কর্মসূচি চলমান রয়েছে। এর মধ্যে একটি এয়ার ফ্লো মেশিন।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের চার হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়। আর গত অর্থবছরে প্রথম দফায় চার হাজার এবং দ্বিতীয় দফায় আরও ১৫ হাজার মেশিন বিতরণ করা হয়। এর বাইরে অন্য কর্মসূচির আওতায় দেওয়া হয়েছে আরও ৩ হাজার ৭০০টি মেশিন। সব মিলিয়ে এ পর্যন্ত কৃষকপর্যায়ে সরবরাহ করা হয়েছে ২৭ হাজার ৭০০টি এয়ার ফ্লো মেশিন। কৃষি মন্ত্রণালয় দাবি করেছে, এসবের মাধ্যমে পেঁয়াজ-সংরক্ষণের সক্ষমতা বেড়েছে প্রায় তিন লাখ টন।
সংশ্লিষ্টরা বলছেন, এ প্রযুক্তি শতভাগ কার্যকরী না হলেও এর একটা বড় প্রভাব রয়েছে পেঁয়াজ সংরক্ষণে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বিনার নতুন প্রযুক্তি গামা ই-রেডিয়েশন (বিকিরণ প্রযুক্তি)। সম্প্রতি গাজীপুরে নির্মাণ করা হয়েছে গামা ই- রেরডিয়েশন সেন্টার, যেখানে বিকিরণ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে পেঁয়াজের পচন রোধ ৮০ থেকে ৮৫ ভাগ কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া বেসরকারি পর্যায়ে পেঁয়াজের হিমাগার ও কৃষক পর্যায়ে পেঁয়াজের সংরক্ষণে রয়েছে নানা উদ্যেগ। সব মিলিয়ে ইতিবাচক ফল পেয়েছে বাংলাদেশ।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘কৃষিপণ্যের উৎপাদন ও সংরক্ষণ-ব্যবস্থায় বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যার একটা ফল আমরা পাচ্ছি পেঁয়াজের ক্ষেত্রে, স্বাধীনতার পর এই বছর কোনো আমদানির প্রয়োজন হয়নি। তবে এটাই পূর্ণাঙ্গ ফল নয়, আরও একটু অপেক্ষা করতে হবে। আমরা কৃষিপণ্যের আমদানির পরিবর্তে রপ্তানিতে যাব, এটাই আমাদের লক্ষ্য।’