ঝড়ের প্রভাব কেটে গেলেই বাড়বে রাতের শীত

উত্তাপ বইছে সাগরে আর শীত বাড়ছে সারা দেশে। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। তাপমাত্রা শুধু তেঁতুলিয়ায় নয় কমেছে সারা দেশেই। এই কমে যাওয়ার গতি বাড়িয়েছে বৃষ্টিপাত। দেশের দক্ষিণ-পশ্চিমাংশে ভারী বৃষ্টিপাত ঝরলেও দেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে।

কিন্তু হঠাৎ করে এই তাপমাত্রা কমে যাওয়া কেন? হঠাৎ করে বৃষ্টিপাত ও তাপমাত্রা কমে যাওয়ার পেছনে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব বলছেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে বিগত ৪৩ বছরের আবহাওয়ার উপাত্ত নিয়ে কাজ করা আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ  দেশ রূপান্তরকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে হালকা থেকে মাঝারি এবং

কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে স্থল নিম্নচাপ আকারে ভারতের ওড়িশায় অবস্থান করে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজ শনিবার পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হবে এবং রবিবার থেকে বৃষ্টির মাত্রা কমতে থাকবে।’

আবহাওয়া অধিদপ্তরের উপাত্ত অনুযায়ী, বঙ্গোসাগরে সৃষ্ট ‘আকভান’ ঘূর্ণিঝড়টি গতকাল শুক্রবার সকালে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করে গতকাল সন্ধ্যায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে।

গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শীতের এই সময়ে এটি ভারী বৃষ্টিপাতের রেকর্ড। এ ছাড়া সাতক্ষীরায় ৬০, খুলনার কয়রায় ৪৬, খুলনায় ৪৯, চাঁদপুরে ৫০, কুমিল্লায় ৪১, মাদারীপুরে ৩৬ ও ঢাকায় ১৯ মিলিমিটারসহ সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। গতকাল দিনভর সারা দেশেও বৃষ্টি হয়েছে এবং আকাশ ছিল মেঘলা।

২০ দিনের ব্যবধানে ৩ ঘূর্ণিঝড় কেন? : বঙ্গোপসাগরে গত ২৮ অক্টোবরের ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৩ নভেম্বরের ‘মুরাসু’ এবং গতকাল ২০ নভেম্বর ‘আকভান’ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত করেছে। মাত্র ২০ দিনের ব্যবধানে একই স্থানে তিন ঘূর্ণিঝড়। এর আগে কবে এমন পরিস্থিতি দেখা দিয়েছিল তা জানতে গিয়ে দেখা যায় ১৯৮৭ সালের ১৬ অক্টোবর, ৩ নভেম্বর ও ১৩ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশে তিনটি ঘূর্ণিঝড় আঘাত করেছিল। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার বলেন, ‘১৯৮৭ সালেও ভারত মহাসাগরে এলনিনোর প্রভাব ছিল, এবারও এলনিনোর প্রভাব বইছে। এই এলনিনোর কারণে এবার ভারত মহাসাগরের বঙ্গোপসাগর অংশে পরপর তিনটি ঘূর্ণিঝড় হলো।’

তিনি আরও বলেন, ‘সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বর্তমানে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এই বাড়তি উষ্ণতার কারণে ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে। একই চিত্র ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায়ও। অস্ট্রেলিয়ায় এক মাসে পরপর দুটি ঘূর্ণিঝড় আঘাত করেছে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এখন এলনিনোর প্রভাব বইছে।’

ড. সমরেন্দ্র কর্মকারের সঙ্গে একমত পোষণ করে আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগরের এই ভিন্ন রূপ এলনিনোর কারণে। সাধারণত সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ২৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলেই ঘূর্ণিঝড় সৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হয়। এলনিনোর কারণে সমুদ্রের উষ্ণতা বাড়ছে এবং এর প্রভাবে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে।

এলনিনো কি? : এলনিনো মানে প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্রস্রোত। এই স্রোতের ফলে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে পেরুর দিকের পানি। এ সময় দক্ষিণ গোলার্ধের পুবালি বায়ুর প্রবাহ বদলে যায়। পুবালি বায়ু যখন পুবে না বয়ে পশ্চিমে বয়ে যায়, তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। কারণ বাতাসের প্রবাহ সমুদ্রস্রোতকে বয়ে নিতে থাকে পশ্চিম দিকে। ফলে পশ্চিমের দিকে বৃষ্টি বাড়ে। আর বাংলাদেশ, ভারত, মিয়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত এসব অঞ্চলে দেখা দেয় বৃষ্টির অভাব। বেড়ে যায় তাপমাত্রা। শুকিয়ে যায় মাটি। এমনকি খরাও দেখা দিতে পারে। সাধারণত ৪ থেকে ৭ বছর পরপর এ পরিস্থিতি দেখা দেয়। স্থায়ী হয় ১২ থেকে ১৮ মাসের মতো। কিন্তু বর্তমানে এটি আরও ঘন ঘন দেখা যাচ্ছে।

কাল থেকে কমবে রাতের তাপমাত্রা : কাল রবিবার থেকে বৃষ্টিপাত কমে এলে রাতের তাপমাত্রাও কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ। তিনি বলেন, ‘কালকের পর থেকে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আর এই কমে যাওয়া শুধু দেশের উত্তরাঞ্চলেই নয়, সারা দেশেই ঘটবে।’

তাহলে কি সারা দেশে শীতের তীব্রতা বাড়বে? জবাবে তিনি বলেন, ‘না, রাতের তাপমাত্রা কমলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কমবে না। আকাশে মেঘের বলয় থাকবে না বলে দিনে সূর্যের আলো বেশি থাকবে এবং শীতের অনুভব কম থাকবে।’

সাধারণত কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে নামলেই শীতের আবহ শুরু হয়ে যায়। সেই হিসাবে বর্তমানে প্রায় সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা এই লেবেলে নেমে গেছে। তবে এবার শীতের তীব্রতা বাড়তে মধ্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। এ বিষয়ে আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, ‘এলনিনোর কারণে শীতের তীব্রতা বাড়তে না দেওয়ার একটা সমীকরণ আছে। সেই সঙ্গে আমাদের দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে মধ্য ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।’

উল্লেখ্য, অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু বিদায়ের শীতের আগমনের প্রস্তুতি শুরু হয়। দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে এবং জানুয়ারি মাসে গিয়ে সবচেয়ে বেশি শীত অনুভব হয়ে থাকে। এ জন্য দেশের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি। সাধারণত কোনো অঞ্চলের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ থেকে ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস ছিল না।