কোম্পানির মুনাফা আছে নগদ অর্থ নেই

যারা শেয়ারবাজারে ব্যবসা করেন, তাদের চোখ থাকে কোম্পানির আর্থিক প্রতিবেদনে। কারণ তাতে প্রতিষ্ঠানটির আয়-ব্যয়, লাভ-লোকসানের হিসাব থাকে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কত হলো কিংবা নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) কত হলো, তা বুঝে নিতে চান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী সবাই। বিনিয়োগকারীরা আরেকটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেন, তা হচ্ছে কোম্পানির নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লোতে। বিশেষ করে কোম্পানি কাগজে-কলমে মুনাফায় থেকেও যদি নগদ প্রবাহ না থাকে, তাহলে দুশ্চিন্তায় পড়ে যান ভুক্তভোগীরা।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশ একটি চলমান প্রক্রিয়া। সম্প্রতি জাহিন স্পিনিং, রংপুর ফাউন্ড্রি, ড্রাগন সোয়েটারসহ কিছু কোম্পানি তাদের প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশ করেছে। এসব কোম্পানির কেউ লোকসান করেছে, কেউ লাভ করেছে। কিন্তু বেশিরভাগ কোম্পানির ক্যাশ ফ্লো সন্তোষজনক নয়। আবার কিছু কোম্পানির ক্যাশ ফ্লো নেই। আবার অনেক কোম্পানির কাগজে-কলমে মুনাফা থাকলেও ক্যাশ ফ্লো নেই।

সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩ পয়সা। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ পয়সা। অর্থাৎ, প্রতিষ্ঠানটি লাভে ফিরেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ ভালো রয়েছে। কিন্তু এ সময়ে অর্থাৎ ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। অর্থাৎ নগদ প্রবাহ কমে গেছে।

একইভাবে পেনিনসুলা চিটাগং, বিডি থাই ফুড, ডমিনেজ স্টিলসহ অনেক কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে। এর মধ্যে কিছু কোম্পানি লাভে রয়েছে, কিছু লোকসানে। তবে বিনিয়োগকারীদের হিসাবে রয়েছে শুধু ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ।

আবার কিছু কোম্পানির লাভ বা লোকসানের তুলনায় নগদ প্রবাহ বেশি। ফলে বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে বিষয়টি নিয়ে ভাবার কিছু নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, কোম্পানির ক্যাশ ফ্লো থাকা না থাকা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। বিষয়গুলো পরিষ্কার হলে এ নিয়ে আর দ্বিধাদ্বন্দ্ব থাকে না।

আর্থিক বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানির মুনাফা হওয়া এবং সেই মুনাফার সমপরিমাণ নগদ অর্থ হাতে থাকা এক বিষয় নয়। আয় স্বীকৃত হলেও তার বিপরীতে নগদ অর্থ আদায় হতে সময় লাগতে পারে। আবার পণ্য বিক্রির অর্থ বকেয়া থাকা, মজুত পণ্যে অতিরিক্ত অর্থ আটকে যাওয়া কিংবা ব্যবসার পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার কারণেও কোম্পানির নগদ অর্থের প্রবাহ দুর্বল হতে পারে।

এ বিষয়ে ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী দেশ রূপান্তরকে বলেন, একটি কোম্পানির ইপিএস, এনএভিপিএসসহ ক্যাশ ফ্লো ভালো থাকা জরুরি। তবে এটাই একমাত্র উপায় নয়। কোম্পানির প্রবৃদ্ধি কতটা হচ্ছে,  সেটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো কোম্পানির ক্যাশ ফ্লো হঠাৎ করে বেড়েও যেতে পারে। তাই ক্যাশ ফ্লোর চেয়ে অন্যান্য বিষয়ে চোখ রাখা দরকার।

মুনাফা বাড়লেও নগদ প্রবাহ দুর্বল কেন : একটি কোম্পানি পণ্য বিক্রি করে আয় দেখালেও ক্রেতার কাছ থেকে তাৎক্ষণিক অর্থ না পেলে সেই বিক্রির পুরো অর্থ নগদ হিসেবে হাতে আসে না। অথচ হিসাবের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ হলে বিক্রির আয় মুনাফার হিসাবে যুক্ত হতে পারে। ফলে আয় বিবরণীতে মুনাফা বাড়লেও নগদ প্রবাহে তার প্রতিফলন নাও দেখা যেতে পারে।

বিশেষ করে যেসব কোম্পানির পাওনা বা হিসাব গ্রহণযোগ্য অর্থের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়তে থাকে, তাদের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ ক্রেতাদের কাছ থেকে অর্থ আদায় না হলে কোম্পানির দৈনন্দিন পরিচালন ব্যয়, ঋণের কিস্তি এবং অন্যান্য দায় পরিশোধে চাপ তৈরি হয়।

আবার নগদ অর্থসংকটের আরেকটি কারণ হতে পারে মজুত পণ্যের পরিমাণ বেড়ে যাওয়া। কোনো কোম্পানি উৎপাদন বা পণ্য কেনার পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করলেও সে পণ্য বিক্রি না হওয়া পর্যন্ত অর্থ নগদে ফিরে আসে না।

কোম্পানির গুদামে পণ্যের পরিমাণ বাড়তে পারে, আর্থিক প্রতিবেদনে সম্পদের পরিমাণও বাড়তে পারে; কিন্তু হাতে ব্যবহারযোগ্য নগদ অর্থের পরিমাণ বাড়ে না। বিশেষ করে উৎপাদন ও ভোগ্যপণ্য খাতের কোম্পানিগুলোর ক্ষেত্রে মজুত পণ্যের প্রবৃদ্ধি এবং বিক্রির প্রবৃদ্ধির মধ্যে সামঞ্জস্য আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা কীভাবে বোঝা যায় : শুধু আয় বিবরণী দেখে কোনো কোম্পানির আর্থিক সক্ষমতা মূল্যায়ন করা যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের একই সঙ্গে তিনটি আর্থিক বিবরণী বিশ্লেষণ করা প্রয়োজন। এগুলো হচ্ছে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। বিশেষ করে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, হিসাব গ্রহণযোগ্য অর্থ, মজুত পণ্য, স্বল্পমেয়াদি দায় এবং ব্যাংকঋণের পরিমাণের পরিবর্তন পর্যবেক্ষণ করতে হবে।

কোনো কোম্পানি এক বছর পরিচালন কার্যক্রম থেকে ঋণাত্মক নগদ প্রবাহ দেখালেই সেটিকে আর্থিকভাবে দুর্বল বলা যায় না। তবে ধারাবাহিকভাবে কয়েক বছর মুনাফা করার পরও পরিচালনযোগ্য নগদ প্রবাহ ঋণাত্মক থাকলে সেটি গভীরভাবে যাচাই করা দরকার।

এ ক্ষেত্রে পরিচালন নগদ প্রবাহ ও নিট মুনাফার অনুপাতও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে পরিচালন নগদ প্রবাহ নিট মুনাফার তুলনায় অনেক কম থাকলে মুনাফার মান নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

কোম্পানির মুনাফা থাকলেও পর্যাপ্ত নগদ অর্থ না থাকলে নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা সীমিত হতে পারে। কারণ, হিসাবের মুনাফা সব সময় তাৎক্ষণিকভাবে বিতরণযোগ্য নগদ অর্থে রূপ নেয় না। আবার কোনো কোম্পানি ঋণ নিয়ে বা সম্পদ বিক্রি করে সাময়িকভাবে নগদ অর্থের সংকট সামাল দিতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে ব্যবসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে কোম্পানি ইচ্ছাকৃতভাবে নগদ প্রবাহ কম দেখায়। এখানে কোম্পানির তাদের স্বার্থে উল্টো ঠকে যান বিনিয়োগকারীরা। সংশ্লিষ্টদের উচিত, কোম্পানি যে হিসাব দেয়, তাতে আরও নজর দেওয়া।