ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৯

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন থানায় ৩২টি মামলা দায়ের হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে (৭৩ জন)। এছাড়া তেজগাঁও বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন এবং গুলশান বিভাগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৪ জন এবং এসআরইউ বিভাগ কর্তৃক আরও ৪ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল এবং ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রোল, ২টি পেট্রোলযুক্ত পলিথিনের গোলা, ১টি গ্যাসলাইট, ৬টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।