নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। গত জুনে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ বিরতি কাটিয়ে শনিবার ৩৮ ক্রিকেটারকে নতুন চুক্তির আওতায় এনেছে পিসিবি, যেখানে রিজওয়ানের পাশাপাশি জায়গা হারিয়েছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক শান মাসুদ ও সাইম আইয়ুবের মতো পরিচিত মুখও।
চিরাচরিত ‘এ, বি, সি’ গ্রেডিং ব্যবস্থা ভেঙে এবার প্রথমবারের মতো সংস্করণভিত্তিক নতুন কাঠামোয় চুক্তি সাজিয়েছে পিসিবি, যেখানে ১ নভেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে পাঁচটি বিশেষায়িত ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। লাহোরে এক সংবাদ সম্মেলনে নতুন এই চুক্তির তালিকা ঘোষণা করেন জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসন ও পিসিবির হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ; সেখানে আকিব স্পষ্ট করেন যে তিন সংস্করণের যেকোনো একটিতে বর্তমানে নিয়মিত খেলছেন, এমন ক্রিকেটারদেরই এই চুক্তিতে রাখা হয়েছে যাতে তাঁরা নিজ নিজ সংস্করণে পূর্ণ মনোযোগ দিতে পারেন।
তবে রিজওয়ানের চুক্তি থেকে ছিটকে পড়ায় জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, সে বিষয়ে দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি বোর্ড। রিজওয়ানের ভবিষ্যৎ ও চুক্তির কাঠামো প্রসঙ্গে আকিব জানান, প্রয়োজন হলে রিজওয়ানকে অবশ্যই জাতীয় দলে ডাকা হবে। কেন্দ্রীয় চুক্তির সঙ্গে দল নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই।
এদিকে রিজওয়ান ও শান মাসুদের পাশাপাশি এবারের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন হাসান আলি, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলি, হুসাইন তালাত, খুররম শেহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটারও।
নতুন কাঠামোয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা আগের ৩০ জন থেকে বাড়িয়ে ৩৮ জনে উন্নীত করা হলেও শীর্ষ যৌথ ক্যাটাগরি ‘এবি’ (টেস্ট ও ওয়ানডে)-তে জায়গা পেয়েছেন কেবল বাবর আজম ও সালমান আলি আগা। কেবল টেস্টের ‘এ’ ক্যাটাগরিতে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল; আর ওয়ানডে ও টি-টোয়েন্টির যৌথ ‘বিসি’ ক্যাটাগরিতে শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও হারিস রউফসহ আছেন ছয়জন।
এছাড়া কেবল টি-টোয়েন্টির ‘সি’ ক্যাটাগরিতে নাসিম শাহ ও শাদাব খানের সঙ্গে আছেন হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক, আর বাকি ১৯ জন তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে উন্নয়নমূলক ‘ডি’ ক্যাটাগরিতে, যেখানে নাসিম শাহর দুই ভাই উবাইদ শাহ ও হুনাইন শাহর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ভূমিকা রাখা তাইয়্যেব আরিফ ও গাজি ঘোরিও জায়গা করে নিয়েছেন।
এক নজরে পাঁচ আলাদা ক্যাটাগরিতে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন যারা।
ক্যাটাগরি এবি (টেস্ট ও ওয়ানডে): বাবর আজম, সালমান আলি আগা।
ক্যাটাগরি এ (টেস্ট): আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সৌদ শাকিল।
ক্যাটাগরি বিসি (ওয়ানডে ও টি-টোয়েন্টি): আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি সি (টি-টোয়েন্টি): হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক।
ক্যাটাগরি ডি (ডেভেলপমেন্ট): আব্দুল সামাদ, আব্দুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, মুহাম্মদ গাজি ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসেইন, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ।