ময়মনসিংহের ত্রিশালে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকা ও আধা পাকা আমন ধানের পাশাপাশি শীতকালীন সবজিরও ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। অন্যদিকে টানা বৃষ্টিতে কাজের সুযোগ কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।
কৃষক শফিকুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে পাকা ও আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একইভাবে কৃষক আশিক আহমেদ বলেন, তিন দিনের বৃষ্টিতে তার বেগুন ও শিমের ফুলে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে। এতে ফসলের ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এদিকে বৃষ্টির কারণে ত্রিশাল বাজারে ক্রেতার সংখ্যা কমে গেছে। ফলে বেচাকেনা কমে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, টানা বৃষ্টিতে তাদের বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালকসহ দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ। রিকশাচালক আকরাম বলেন, আরও কয়েক দিন এমন বৃষ্টি চলতে থাকলে না খেয়ে থাকতে হবে। বিকেল ৩টার দিকে তাঁর আয় হয়েছে মাত্র ২৭০ টাকা।
আক্ষেপ করে তিনি বলেন, এখন রিকশার জমার টাকা দেবেন, নাকি সেই টাকা দিয়ে পরিবারের খাবারের ব্যবস্থা করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।