হিলি ইমিগ্রেশনে যাত্রী ছাউনি-হেলথ স্ক্রিনিং সেন্টার হচ্ছে

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি ও হেলথ স্ক্রিনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি লাগেজ তল্লাশির জন্য আধুনিক স্ক্যানার মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান।

তিনি বলেন, জিরো পয়েন্টের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে দুই দেশের সম্মতির প্রয়োজন হয়। এ কারণে বিকল্প স্থানে এসব স্থাপনা নির্মাণের সম্ভাবনা এবং জায়গার সংকুলান পর্যালোচনা করতে সরেজমিনে পরিদর্শনে এসেছেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরে পৌঁছালে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানায়। পরে তিনি বন্দরের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় জিরো পয়েন্টসংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্টও পরিদর্শন করেন।

লাগেজ তল্লাশিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্থলবন্দর চেয়ারম্যান জানান, ইমিগ্রেশন ও কাস্টমস এলাকায় লাগেজ স্ক্রিনিংয়ের জন্য স্ক্যানার মেশিন স্থাপনের প্রস্তাব রয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি স্থলবন্দরে লাগেজ স্ক্যানার স্থাপন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ ও চাহিদার ভিত্তিতে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

পরিদর্শনকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, পানামা পোর্ট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।