কাঠমিস্ত্রির পাঠাগারে ছড়াচ্ছে জ্ঞানের আলো

প্রাতিষ্ঠানিক শিক্ষা দ্বিতীয় শ্রেণি পর্যন্ত হলেও জ্ঞানচর্চা ও বই পড়ার প্রতি ভালোবাসা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুষ্টিয়ার খোকসা কমিউনিটি পাঠাগারের প্রতিষ্ঠাতা জসিম উদ্দীন। পেশায় কাঠমিস্ত্রি এই বইপ্রেমী মানুষটি এবার পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ক্ষুদে পাঠক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ইসলাহুল উম্মাহ একাডেমি প্রতিষ্ঠিত ‘ইসলাহুল উম্মাহ মুক্তপাঠাগার’ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বই পড়া ও পড়াশোনার প্রতি আগ্রহের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ১০ জন ক্ষুদে শিক্ষার্থীকে সেরা পাঠক হিসেবে পুরস্কৃত করা হয়।

একাডেমির কো-চেয়ারম্যান মারুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সা'দ বিন আব্দুর রউফ। প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও কথাসাহিত্যিক এবং পাবনা সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ আখতার জামান। সম্মেলনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জানায়, চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থেকে খোলা আঙিনায় গড়ে ওঠা পাঠাগার থেকে যেকোনো সময় পছন্দের বই নিয়ে পড়ার সুযোগ তাদের কাছে বেশ আনন্দের। ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটিতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি অঙ্কন, ক্যালিগ্রাফি, ইংরেজি ও আরবি কথোপকথন, পাঠচর্চা, আবৃত্তি, নাট্যচর্চা ও বিতর্কের মতো সহশিক্ষা কার্যক্রমও পরিচালিত হয়। এসব কার্যক্রম তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশে ভূমিকা রাখছে।

মুক্তপাঠাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরে একাডেমির প্রধান শিক্ষক সৈয়দা ইসমাত আরা বলেন, শিশুদের প্রকৃত জ্ঞানান্বেষী হিসেবে গড়ে তুলতে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়। পাঠ্যবই পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করলেও ইতিহাস, বিজ্ঞান, গল্প, কবিতা ও উপন্যাসের মতো বৈচিত্র্যময় বই শিশুদের জীবন ও সমাজ সম্পর্কে গভীরভাবে জানতে শেখায়। এ লক্ষ্যেই উন্মুক্ত পরিবেশে পাঠাগারটি গড়ে তোলা হয়েছে। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও বই পড়ার সুযোগ রয়েছে।

দ্বিতীয় শ্রেণি পাস একজন কাঠমিস্ত্রিকে প্রধান অতিথি করার বিষয়ে তিনি বলেন, জসিম উদ্দীন তাদের কাছে শুধু একজন কাঠমিস্ত্রি নন, তিনি স্বপ্ন গড়ার কারিগর ও জ্ঞানচর্চার নীরব সাধক। কাঠের কাজের পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে তিনি আলোকিত সমাজ গড়ার পথ তৈরি করেছেন। শিশুদের সামনে এমন একজন মানুষকে সম্মানিত অতিথি হিসেবে তুলে ধরাও একটি বড় শিক্ষা।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন বলেন, পাঠ্যবইয়ের বাইরে গল্পের বই পড়লে শিশুদের কল্পনার জগৎ প্রসারিত হয়। ইতিহাস অতীত সম্পর্কে জানায়, বিজ্ঞান প্রশ্ন করতে শেখায়, কবিতা অনুভূতিতে নাড়া দেয় এবং উপন্যাস জীবন ও সমাজকে নতুনভাবে চিনতে সাহায্য করে।

তিনি বলেন, দূর কুষ্টিয়া থেকে পাবনার এই গ্রামীণ জনপদে আসতে পেরে তিনি গর্বিত। শৈশবে দারিদ্র্য ও পারিবারিক টানাপোড়েনের কারণে দ্বিতীয় শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পেশায় একজন কাঠমিস্ত্রি হলেও শিশুদের নিয়ে তার স্বপ্ন অনেক বড়। নতুন প্রজন্মকে বইয়ের সঙ্গে যুক্ত রাখতে নিজের বাড়িতেই পাঠাগার গড়ে তুলেছেন। খোকসা কমিউনিটি পাঠাগারে প্রতিদিন শিশুদের প্রাণবন্ত আড্ডা ও কচিকাঁচার আসর বসে, যা তাকে আনন্দ ও অনুপ্রেরণা দেয়। বইয়ের প্রতি ভালোবাসাই তাকে কুষ্টিয়া থেকে পাবনায় নিয়ে এসেছে বলে জানান তিনি।

প্রধান আলোচক আখতার জামান বলেন, ধর্মীয় চেতনা ও বিজ্ঞানমনস্কতার সমন্বয় এবং পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তপাঠের এমন উদ্যোগ ইসলাহুল উম্মাহ একাডেমিকে শুধু একটি বিদ্যালয় নয়, বরং স্বপ্ন গড়ার কর্মশালায় পরিণত করবে। ব্যতিক্রমী এই আয়োজনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত।

জানা গেছে, জসিম উদ্দীনের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি গ্রামে। দারিদ্র্য ও পারিবারিক সংকটে দ্বিতীয় শ্রেণির পর প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হয়ে গেলেও বইয়ের প্রতি তার ভালোবাসা কমেনি। জীবিকার প্রয়োজনে কাঠমিস্ত্রির কাজ করে জমানো অর্থ দিয়ে ধীরে ধীরে বই সংগ্রহ করেন তিনি। একপর্যায়ে ২০১৬ সালের দিকে নিজ বাড়ির আঙিনায় গড়ে তোলেন খোকসা কমিউনিটি পাঠাগার।

বর্তমানে পাঠাগারটিতে গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ের দুই হাজারের বেশি বই রয়েছে। এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের জন্য পাঠাগারটি সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত। কর্মব্যস্ততার মধ্যেও নিয়মিত পাঠাগারে সময় দেন জসিম উদ্দীন। শিশুদের বই পড়ায় উৎসাহিত করার পাশাপাশি পাঠাগারের বইয়ের সংগ্রহ বাড়াতেও কাজ করে যাচ্ছেন তিনি।