ইনস্টাগ্রামে স্টোরিতে ভুল হলে ঠিক করা যাবে

ছবি বা ভিডিও দিয়ে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করার পর দেখলেন বানান ভুল করেছেন। কিন্তু এত দিন তা সংশোধনের সহজ উপায় ছিল না। ভুল ঠিক করতে অনেক সময় স্টোরি মুছে নতুন করে পোস্ট করতে হতো। তবে এবার সেই ঝামেলা কমাতে নতুন সুবিধা আনছে ইনস্টাগ্রাম। স্টোরি প্রকাশ করার পরও ১৫ মিনিট পর্যন্ত সেটি এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে সম্পাদনা করা স্টোরিতে ‘এডিটেড’ লেবেল যুক্ত থাকবে। ফলে দর্শকরা বুঝতে পারবেন, প্রকাশের পর কনটেন্টটিতে কোনো পরিবর্তন করা হয়েছে। নিয়মিত স্টোরি পোস্ট করেন এমন ব্যবহারকারীদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন ব্র্যান্ডের জন্যও এই সুবিধা কার্যকর হবে।

শুধু ভুল সংশোধন নয়, স্টোরিকে আরও আকর্ষণীয় করে তুলতেও নতুন কিছু পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম। স্টোরির ব্যাকগ্রাউন্ডে যুক্ত হচ্ছে ব্লার ও গ্রেডিয়েন্টের মতো ভিজ্যুয়াল এফেক্ট। পাশাপাশি ফন্ট এবং স্টিকারের বিকল্পও বাড়ানো হচ্ছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী স্টোরির নকশা আরও সহজে সাজিয়ে নিতে পারবেন।

এদিকে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও একটি নতুন উদ্যোগের কথা জানিয়েছে ইনস্টাগ্রাম। সম্প্রতি সংস্থার প্রধান অ্যাডাম মোসেরি এবং ভাইস প্রেসিডেন্ট টেসা লায়ন্স একটি ভিডিওতে ‘ফিচারস’ নামে নতুন ফরম্যাটের কথা তুলে ধরেছেন। এই ফরম্যাটে নির্মাতারা আগে আপলোড করা রিলের সময়সীমা বাড়ানোর সুযোগ পাবেন। এর মাধ্যমে সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও প্রকাশ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

এর ফলে ইনস্টাগ্রামে শুধু ছোট ভিডিওর মধ্যেই কনটেন্ট তৈরির পরিসর সীমাবদ্ধ থাকবে না। দীর্ঘ ভিডিওর মাধ্যমে নির্মাতারা তাদের বিষয়বস্তু আরও বিস্তারিতভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন। একই সঙ্গে ফলোয়ার বাড়ানো, বিজ্ঞাপন এবং ব্র্যান্ডের সঙ্গে প্রচারমূলক কাজের সুযোগও তৈরি হতে পারে।