সম্প্র্রতি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এ নিয়ে আইন ও বিচারাঙ্গনে চলছে নানা বিতর্ক। অনেক আইনজীবীও এ সিদ্ধান্তে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, আইনি পেশার মান বাড়াতে কেবল বয়স কমানো নয়; বরং স্বচ্ছ মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়া ও নৈতিকতার কঠোর প্রয়োগ প্রয়োজন। বিপরীতে আইন পেশার সুনাম ও মর্যাদা রক্ষায় এ সিদ্ধান্তের পক্ষে যুক্তিও আছে সংশ্লিষ্টদের। তবে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না এমন সিদ্ধান্তের পরবর্তী পরিস্থিতি নিয়ে ভ্রান্তি তৈরি হয়েছে।
এ নিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটির নেতৃস্থানীয় পাঁচজনের সঙ্গে কথা বলেছে দেশ রূপান্তর। তাদের মতে, আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে ৩৫ বছর বয়স নির্ধারণের সিদ্ধান্ত মূলত ইন্টিমেশনের (আইনে কমপক্ষে স্নাতকের পর ছয় মাসের শিক্ষানবিশকাল শুরুর প্রক্রিয়া) ক্ষেত্রে। ইন্টিমেশনের পর বার কাউন্সিলের তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হয়। এটা পাঁচ বছর পর পর নবায়নের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এই বয়সের বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বয়স নির্ধারণে সংশ্লিষ্ট বিধিবিধান সংশোধন ও আরও কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বার কাউন্সিলকে। যদিও বয়স নির্ধারণ নিয়ে বার কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও মতবিরোধ রয়েছে।
গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের এক সভার বরাতে ১৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে এবং বর্তমানে এলএলবিতে অধ্যয়নরতদের সুবিধার্থে এটি কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে। যুক্তি হিসেবে তিনি বলেন, ‘বিভিন্ন বয়সের মানুষ আইন পেশায় প্রবেশ করায় আইন অঙ্গনে টাউট শ্রেণির মানুষের সংখ্যা বাড়ছে।’ একই দিন সুপ্রিম কোর্টে একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেছিলেন, ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন অঙ্গনের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন মন্তব্যের পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
যদিও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর দিন সাংবাদিকদের বলেন, ‘আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ নিয়ে কোনো সভা বা সিদ্ধান্ত হয়নি। অ্যাডহক কমিটি এমন সিদ্ধান্ত নিতে পারে না। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে এর চেয়ারম্যান হলেও তার কোনো ভোটাধিকার নেই। ভাইস চেয়ারম্যান হচ্ছেন অ্যাডহক কমিটির নির্বাচিত প্রধান।’
ওকালতিতে প্রবেশের ৩৫ বছর নিয়ে চলমান আলোচনা ও বিতর্কের মধ্যেই ২৭ অক্টোবর দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেয় বার কাউন্সিল। যদিও সেখানে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। গত ১৯ আগস্ট বার কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকা একজন সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী নাম না প্রকাশের শর্তে দেশ রূপান্তরকে বলেন, বার কাউন্সিলের সিদ্ধান্ত হলো ৩৫ বছরের পর কেউ ইন্টিমেশন জমা দিতে পারবেন না। রেজিস্ট্রেশন বা অন্যান্য বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিস্তারিত কিছু উল্লেখ না করেই বার কাউন্সিল তাড়াহুড়ো করে একটি বিভ্রান্তিকর গণবিজ্ঞপ্তি দিয়েছে। গণমাধ্যমেও বিভ্রান্তিকর তথ্য এসেছে। যদি এমন কোনো সিদ্ধান্ত বার কাউন্সিল বাস্তবায়ন করতে চায় তাহলে বিধি সংশোধনীসহ আরও কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা। এটি আইন পেশায় আগ্রহী ডিগ্রিধারীদের তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় উত্তীর্ণদের সনদ দেয় এবং সনদধারীরা আদালতে শুনানি করতে পারেন। বার কাউন্সিল আইনজীবীদের পেশাগত আচরণবিধি তদারকি, অসদাচরণের শাস্তিমূলক ব্যবস্থাও নেয়। অরাজনৈতিক সংস্থা হলেও বার কাউন্সিলের নির্বাচন ও পরিচালনায় গত কয়েক দশকে ‘রাজনৈতিক হস্তক্ষেপ’র অভিযোগ রয়েছে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর বার কাউন্সিল চলছে ১৫ জনের অ্যাডহক কমিটি দিয়ে।
বার কাউন্সিল-সংশ্লিষ্টরা জানান, আইন পেশায় আগ্রহী একজন স্নাতক ডিগ্রিধারীকে কমপক্ষে ১০ বছর ধরে আইন পেশায় আছেন, এমন একজন আইনজীবীর অধীনে ছয় মাস শিক্ষানবিশকাল সম্পন্নের চুক্তিপত্র করা এবং তা বার কাউন্সিলে জমা দেওয়ার পর্বটি হলো ইন্টিমেশন। ইন্টিমেশনধারী শিক্ষার্থীরা আইন শিক্ষানবিশ হিসেবে গণ্য হন। এ প্রক্রিয়া শুরু করতে বয়সের কোনো বাধ্যবাধকতার বিধান এতদিন ছিল না। ইন্টিমেশন শেষে তারা আইন শিক্ষানবিশ রেজিস্ট্রেশনের সুযোগ পান এবং তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে বার কাউন্সিলের সনদ নিয়ে আদালতে সরাসরি শুনানি করতে পারেন।
বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার দেশ রূপান্তরকে বলেন, ‘১৯ আগস্টের বৈঠকে আইন পেশায় প্রবেশে ৩৫ বছর নির্ধারণ হয়। এর ভিত্তিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তীতে দুই বার করে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। তাই গণবিজ্ঞপ্তি দেওয়া হলেও এ বিষয়, রেজিস্ট্রেশনের মেয়াদসহ আরও কিছু বিষয়ের অস্পষ্টতা দূর করতে হবে।’
৩৫ বছরের বয়সসীমা ইন্টিমেশনের ক্ষেত্রে প্রযোজ্য কি না, এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) মো. রুহুল কুদ্দুস কাজল দেশ রূপান্তরকে বলেন, ‘ঠিক’। এই বয়সসীমার বিষয়টি একটি ‘আর্লি ওয়ার্নিং’। ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে শুধু সতর্কতার জন্য এই সিদ্ধান্ত। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয়ে আইনের সংশোধনীর প্রয়োজন আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রয়োজন নাও হতে পারে। ইতিমধ্যে বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটিকে বিধি প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।’
জানতে চাইলে সংস্থার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন দেশ রূপান্তরকে বলেন, ‘যেকোনো আইন পরিবর্তনের একটি পদ্ধতি আছে, সেটা এখানে অনুসরণ করা হয়নি। বার কাউন্সিলে এখন কোনো ভোটে নির্বাচিত প্রতিনিধি নেই।’ তবে, অ্যাডভোকেট জয়নুল আবেদিনের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘উনি ঠিক বলেননি। কমিটির সবার সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।’
বার কাউন্সিলের একজন সদস্য আলাপকালে বলেন, ৩৫ বছর বয়সের একদিন আগে কারও রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ এবং তা নবায়ন হলে পরবর্তী পাঁচ বছর যতগুলো পরীক্ষা হবে তার সবগুলোতে শিক্ষার্থী অংশ নিতে পারবেন। এভাবে যতবার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হবে, ততবারই পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নবায়ন সাপেক্ষে অংশ নিতে পারবেন। এখন এ বিষয়গুলো সমাধান করে আইন পেশায় প্রবেশে বয়স নির্ধারণের বিষয়টি সুরাহা করা উচিত।
যা বলছেন আইনজীবীরা : জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘অদক্ষ লোকজন ও বিভিন্ন চরিত্রের লোকজন এই পেশায় আসছে ৩৫ বছর নির্ধারণের ক্ষেত্রে এই যুক্তিতে একমত হলেও এসবের কারণ হলো বার কাউন্সিলের দুর্বলতা। পেশাগত গুরুতর অসদাচরণ, ফৌজদারি মামলায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় না।’ তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে বার কাউন্সিলের নিয়ন্ত্রণে শিথিলতা রয়েছে। যদি নিয়ন্ত্রণ করতেই হয়, তাহলে বার কাউন্সিলকে আগে সক্রিয় ও দল নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান হতে হবে।’
বার কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু দেশ রূপান্তরকে বলের, ‘অন্য পেশা থেকে আসা কিছু লোকের আইন পেশার দুর্নাম হয়। ৩৫ বছর নির্ধারণ সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতেই হয়েছে, এই সিদ্ধান্ত সঠিক।’ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল দেশ রূপান্তরকে বলেন, ‘বিচারপ্রত্যাশীদের ভোগান্তির সুযোগ নিচ্ছে এক শ্রেণির মানুষ। তাই আইন পেশায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে আসতে হবে এসব বিবেচনায় এই সিদ্ধান্ত যৌক্তিক।’ সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘৩৫ বছর নির্ধারণ করা হলে যারা নিয়মিত প্র্যাকটিস করবেন, তাদের রেখে বাকি সবাইকে বাদ দিতে হবে। অবসরের পর আইন পেশায় আসায় অনেক বিচারক অপেক্ষাকৃত ভাল করেন। তাদের পথ কি রুদ্ধ করা হবে?’