পাবনায় বিএনপি আ.লীগ দফায় দফায় সংঘর্ষ-গুলি

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো বেড়া পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাপ্তাহিক হাটের দিন হলেও আতঙ্কে অধিকাংশ দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটলেও পুলিশ অস্বীকার করেছে। গত তিন দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।

এদিকে দুপুর থেকে পৌর শহরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় শুরু হওয়া সংঘাত বিকেল পর্যন্ত থেমে থেমে চলে বলে জানিয়েছেন বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এর কিছুক্ষণ পরই বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়। পরে উভয় দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

সেই ঘটনার জের ধরে গতকাল সকাল থেকে পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে সওদাগরপাড়া ও আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন।

দুপুরের দিকে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। মুহূর্তেই তা বৃশালিখা এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।

এর আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সার্বিক বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে।