ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। ছাত্রদের জন্য বিদ্যমান পদ্ধতিতে উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীদের জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। এ জন্য যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত যেসব ছাত্রীর নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা ইতিমধ্যে এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের বা তাদের অভিভাবকদের নামে হিসাব খুলতে হবে।

শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।

বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে কিংবা নতুন হিসাব খুললে সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবককে আবেদনপত্রে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে।