সরকারের সঙ্গে দৌড়াতে পারছে না প্রশাসন

বিগত চার বছরে সরকারি চাকুরের সংখ্যা কমেছে প্রায় এক লাখ। অথচ চার বছর আগের তুলনায় অর্থনীতির আকার অনেক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে প্রশাসনিক কার্যক্রমের পরিধি। কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্যপদ থাকায় প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রমের গতির সঙ্গে তাল মেলাতে পারছে না প্রশাসন। বিষয়টি স্পষ্ট হয়ে উঠে গত ১২ নভেম্বর সচিবদের জরুরি বৈঠকে। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব হঠাৎ করেই বৈঠকে ডাকেন সচিবদের। বৈঠকে ঢিলেমি না করে কাজের গতি বাড়াতে সচিবদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে গত সেপ্টেম্বরেও কাজের গতি বাড়াতে সচিবদের তাগাদা দেওয়া হয়। সচিবরা মন্ত্রিপরিষদ সচিবকে জানান, মন্ত্রিসভার চাহিদা অনুযায়ী পেপারওয়ার্কের জন্য দক্ষ এবং উপযুক্ত কর্মকর্তার অভাব থাকায় তা সময়মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, শূন্যপদে কর্মকর্তা না থাকায় জরুরি প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গত দুই মাসে মন্ত্রিপরিষদ বিভাগ আট কর্মকর্তাকে নিজ নিজ পদের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। প্রশাসনে এমন অতিরিক্ত, ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্ব পালন করা কর্মকর্তার সংখ্যা কয়েকশ। ১৫ মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভাগ এবং অধিদপ্তরগুলোতে প্রায় ৩০০ শূন্যপদের বিপরীতে ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও চলতি দায়িত্ব পালন করছেন কর্মকর্তারা। একজন কর্মকর্তা নিজ দায়িত্বের পাশাপাশি ক্ষেত্রবিশেষে অতিরিক্ত আরেকটি পদের দায়িত্ব পালনে বিধি থাকলেও কেউ কেউ চারটি পদেও দায়িত্ব পালন করছেন। বিভাগীয় ও জেলা কার্যালয়সহ মাঠপর্যায়ের শূন্যপদ এ হিসাবের বাইরে। বিশেষজ্ঞরা জানান, এ ধরনের পরিস্থিতি একদিকে প্রশাসনে জরুরি জনবল সংকটের চিত্রই ফুটিয়ে তুলেছে; অপরদিকে সরকারি ক্রয়, নীতিনির্ধারণী কার্যক্রম, নিয়োগ-বদলি ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতিসহ সুশাসন ব্যাহত করছে। 

গত ১৫ আগস্ট সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসির এক আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার কারণে অনেক কর্মকর্তা কাজ পাচ্ছেন না। এর ফলে প্রশাসনে গতিশীলতা আসছে না।

এদিকে বিগত ২০২১ সালে দেশের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ছিল ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৬ সালে ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বেড়েছে শিল্প, কৃষি ও সেবা খাতের উৎপাদনও। বেড়েছে বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) সংখ্যা ও বাজেট। সেই সঙ্গে সরকারের কার্যক্রমও চার বছর আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সরকারের কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কার্যক্রম এগিয়ে নেয় প্রশাসন। কিন্তু জনবল সংকটের কারণে সরকারের গতির সঙ্গে প্রশাসন তাল মেলাতে পারছে না।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবেদা আফসারী রাজনৈতিক শাখা ৪-এর সঙ্গে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন শাখা-৭ ও ৮ এবং তদন্ত (সংস্থা) পদে। এ ছাড়া একই মন্ত্রণালয়ের উপসচিব বিকাশ বিশ্বাস বাজেট শাখা ১-এর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বাজেট-৩ ও ৪ শাখার। অথচ অতিরিক্ত দায়িত্বে থাকা পদগুলোতে পৃথক কর্মকর্তা থাকার কথা ছিল।

এ প্রসঙ্গে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া দেশ রূপান্তরকে বলেন, নিজ পদের অতিরিক্ত দায়িত্ব পালন করলে কোনোটিই একজন কর্মকর্তার ঠিকভাবে পালন সম্ভব নয়। প্রশাসনে যোগ্য কর্মকর্তা রয়েছে। শুধু রাজনৈতিক বিবেচনায় দায়িত্ব অর্পনের সংস্কৃতি পরিহার করলেই অনেক যোগ্য কর্মকর্তা কাজ পাবেন। এতে প্রশাসনিক কাজের গতিও ফিরবে। একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব দেওয়া হলে স্বজনপ্রীতি, দুর্নীতির সুযোগ থেকে যায় উল্লেখ করে তিনি বলেন, জনবলের ঘাটতি থাকার অজুহাতে একজনকে এক বা অধিক দায়িত্ব দেওয়া ঠিক নয়। প্রশাসনিক কার্যক্রমের গতি ও ধারাবাহিকতা ঠিক না থাকলে এর মূল্য জনগণের পাশাপাশি সরকারকেও দিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, সরকারের প্রশাসনিক ব্যস্ততা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শূন্যপদগুলোর কার্যক্রমও এড়ানো যাচ্ছে না। আবার শূন্যপদ পূরণে যোগ্য কর্মকর্তাও পাওয়া যাচ্ছে না। অনুসন্ধানে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৪০টি শূন্যপদে দায়িত্ব পালন করছেন অন্য কর্মকর্তারা। কেউ কেউ ৩-৪টি পদেরও দায়িত্ব পালন করছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ৩৯টি, শিল্প মন্ত্রণালয়ে ৩০, মন্ত্রিপরিষদ বিভাগে ২৮, শিক্ষা মন্ত্রণালয়ে ২৫, রেলপথ মন্ত্রণালয়ে ১৯, অর্থ মন্ত্রণালয়ে ১৭, স্থানীয় সরকার, গৃহায়ন ও গণপূর্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রত্যেকটিতে ১৬টি করে শূন্যপদের দায়িত্ব পালন করছেন অন্যান্য কর্মকর্তা। এ ছাড়া কৃষিতে ১০টি, সড়ক পরিবহন ও সেতু বিভাগে ১০টি, বাণিজ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসনে ৬টি করে শূন্যপদে অন্য কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫ অনুযায়ী, সারা দেশে সরকারি দপ্তরগুলোতে সব মিলিয়ে অনুমোদিত পদসংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। তার মধ্যে কর্মরত আছে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। শূন্যপদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি। এর আগে ২০২১ সালের পরিসংখ্যানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। ওই সময়ে অনুমোদিত পদসংখ্যা ছিল ১৯ লাখ ১৩ হাজার ৫২টি এবং শূন্যপদ ছিল ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি। ২০২১ সালের তুলনায় ২০২৫ সালে প্রশাসনিক কার্যক্রম ও অর্থনীতির আকার বাড়লেও চার বছরের ব্যবধানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমেছে ৯০ হাজার ৫৭৭ জন।

সরকারের কয়েকজন সিনিয়র কর্মকর্তা জানান, প্রশাসনে বিপুল পরিমাণ শূন্যপদ থাকায় ‘রুলস অব বিজনেস’ ও ‘অ্যালোকেশন অব বিজনেস’ যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হচ্ছে না। অথচ সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ দুটি বিধি অবশ্য পালনীয়। তারা আরও জানান, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর-দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশন, মাঠপর্যায়ে বিভাগ, জেলা ও উপজেলা কার্যালয়সহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে প্রয়োজনীয়সংখ্যক যোগ্য জনবল অপরিহার্য। কিন্তু তা না পাওয়ায় সরকারি নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি জনবান্ধব, দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর জনপ্রশাসন গড়ে তোলার কার্যক্রমও বিঘিœত হচ্ছে। এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, জনবল সংকট থাকলে ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও চলতি দায়িত্ব প্রদানের নীতিমালা রয়েছে। এ ক্ষেত্রে ওই নীতিমালা অনুসরণ করা হয়।

অর্থ বিভাগের ২৭ ফেব্রুয়ারি ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী, সরকারি দপ্তর ও অধীনস্থ প্রতিষ্ঠানের শূন্যপদে জনস্বার্থে নিজস্ব দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত বা চলতি দায়িত্ব দেওয়া যায়। এ ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে দায়িত্ব প্রদানের তারিখ উল্লেখ করে অফিস আদেশ জারি করতে হবে এবং সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সমপদে অতিরিক্ত দায়িত্ব পালন করলে বিধি অনুযায়ী কার্যভার ভাতা পাওয়া যায়। নিজ পদের চেয়ে উচ্চতর পদে চলতি দায়িত্ব পেলেও ভাতা প্রাপ্য হবেন। তবে নিম্নপদ, তৃতীয় কোনো পদ কিংবা একাধিক পদের চলতি দায়িত্বে ভাতা পাওয়া যাবে না। নতুন সৃষ্ট পদে পদায়ন ছাড়া দায়িত্ব দিলেও কার্যভার ভাতা প্রাপ্য হবে না।

গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানিয়েছিলেন, দেশের সব মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও অধিদপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। শূন্যপদ পূরণে ৪৫তম ও ৪৯তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে বলেও তিনি জানান।

এ ছাড়া সরকারের স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিভাগে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকার পাঁচ লাখ জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনে দুর্নীতি ও ব্যাংক খাতে লুটপাটের কারণে একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে সরকার। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন চরমভাবে দলীয়করণ করা হয়। এখনো প্রশাসনে আগের সরকারের স্বার্থ দেখভাল করা কর্মকর্তারা রয়েই গেছেন। এ জন্য বর্তমান সরকার অর্থনীতি পুনরুদ্ধার ও প্রশাসন পুনর্গঠনের ওপর জোর দিয়েছে। পর্যায়ক্রমে নিয়োগ কার্যক্রম সম্পন্নের মাধ্যমে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।