নলখাগড়ার হৈমন্তী ফুল

‘গারুয়া পাহাড় হৈতে দক্ষিণ সাগর।

ঘরবাড়ী নাহি কেবল নল খাগড়ার গড় ॥

বনেতে লুকাইয়া যত ডাকাতিয়াগণ।

পথিক ধরিয়া মারে ধনের কারণ ॥

জালিয়া হাওর নাম ব্যক্ত ত্রিভুবন।

দিনেকের পথ জুড়ি নলখাগড় বন ॥

ভাসান গাইতে পিতা যান দেশান্তরে।

পথে পাইয়া কেনারাম আগুলিল তারে ॥’

মৈমনসিংহ গীতিকা (কবি চন্দ্রাবতী)

মধ্য কার্তিকের এক সৌম্য সকাল। ঢাকার বনশ্রী থেকে চললাম ডেমরার দিকে। পথের বাম পাশে খাল-নদী, জলাভূমি। সেসব জলাভূমিতে এখনো মরা কাশফুলের গুচ্ছগুলো শরতের বার্তা ঢেলে দিচ্ছে হেমন্তে ফোটা নলখাগড়া ফুলের মঞ্জরির কাছে। এ যেন রিলে রেসের মতো, মৃত্যু ও জন্মের এক অভিনব চক্র। কাশফুল না থাকলেও সেখানে নলখাগড়ার ঝোপ আর ফুল হেমন্তের নতুন বার্তা নিয়ে এসেছে। কোনো কোনো জায়গায় এত বেশি নলখাগড়া ফুল ফুটেছে যে তা থেকে চোখ ফেরানো যায় না। বাসের জানালা দিয়ে এসব দৃশ্য প্রাণভরে উপভোগ করছি আর আফসোস করছি নলখাগড়ার বনে বিহার করতে না পেরে। নলখাগড়ার দেখে মৈমনসিংহ গীতিকার দস্যু কেনারামের কাহিনিটি মনে পড়ল।  

মৈমনসিংহ গীতিকার দশটি পালাগানের একটি জনপ্রিয় পালাগান হলো ‘দস্যু কেনারামের পালা’। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক বাঙালি নারী কবি চন্দ্রাবতী রচনা করেন। সেই পালাগানে তৎকালীন ময়মনসিংহ অঞ্চলের সুপ্রসিদ্ধ জালিয়ার হাওরের যে বর্ণনা দেওয়া হয়েছে সে বর্ণনায় রয়েছে নলখাগড়া বনের এক চমৎকার দৃশ্য। আবার সে দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে আতঙ্ক ও আধ্যাত্মিকতা। মনসা দেবীর বর ও পূজার ফলশ্রুতিতে কেনারামের জন্ম হয়। কিন্তু জন্মের অল্প দিন পরেই তার মায়ের মৃত্যু ঘটে। এরপর নানা ঘটনাপ্রবাহে কেনারাম ভয়ংকর এক দস্যু হয়ে ওঠে। একদিন কবি চন্দ্রাবতীর পিতা, মনসামঙ্গলের গায়ক দ্বিজ বংশীদাস জালিয়া হাওরের নলখাগড়ার বনের ভেতর দিয়ে যাওয়ার সময় কেনারামের দল তাকে ঘিরে ধরে। কেনারাম তার তলোয়ার উঁচিয়ে ধনসম্পদ লুট করতে আসে। কিন্তু বংশীদাস ভীত না হয়ে শান্তভাবে গান ও ভক্তিভাব প্রকাশ করেন। বংশীদাসের সুর, বেহুলার ভাসান গান ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের ছোঁয়ায় কেনারাম সেদিন তার ভুল বুঝতে পেরে অপরাধের পথ চিরতরে ত্যাগ করে সৎ ও ধার্মিক জীবন বেছে নেয়।

এসব ভাবতে ভাবতে আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডেমরার ধীৎপুর গ্রামে।

সে গ্রামে বালু নদের পাড়ে একটা ডোবা মতো জায়গায় এবার কাছেই পেলাম নলখাগড়াকে। কাশফুলের সঙ্গে এর পার্থক্য হলো কাশফুলের রঙ ধবধবে সাদা ও রুপালি, ফুলগুলো অত্যন্ত তুলতুলে, নরম, রেশমি পালকের মতো। নলখাগড়া ফুলের রঙ ধূসর-সাদা, হালকা সবুজ, বেগুনি বা বাদামি আভার মিশ্রণ থাকে, ফুলগুলো কাশের মতো অত নরম না, কিছুটা ঝাড়–র মতো ছড়ানো এবং শক্ত হয়। নলখাগড়ার গাছ শক্ত ও কাশের চেয়ে লম্বা। উভয়ই ঘাস গোত্রের গাছ ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র।

প্রাচীনকালে নলখাগড়ার কা- কেটে ‘খাগের কলম’ বানানো হতো যা দিয়ে তালপাতার পুঁথি লেখা হতো। বাংলার লোকজ সংস্কৃতিতে চৈত্র সংক্রান্তির শিবের গাজন বা চড়ক পূজায়, শ্রাবণ-ভাদ্র মাসে দেবী মনসার পূজায়, আশ্বিন মানে নল সংক্রান্তিতে, মাঘ মাসে স্বরস্বতী পূজায় নলখাগড়ার নল বা কা- ব্যবহারের প্রচলন রয়েছে। নলখাগড়াও কাশ বা কুশের সমগোত্রীয়। হিন্দু ধর্মে ‘কুশ’ অত্যন্ত পবিত্র। শ্রাদ্ধ শান্তি, তর্পণ, যজ্ঞ ও যেকোনো মাঙ্গলিক কাজে কুশ-আসন বা কুশের আঙটি ব্যবহার করা বাধ্যতামূলক। কাশের বিকল্প হিসেবে নলখাগড়ার পাতা ব্যবহার করেও কখনো কখনো কুশ তৈরি করা হয়। এমনকি নলখাগড়ার নল বা কান্ড  দিয়ে বাঁশির কথা কবি নজরুল তার একটি প্রবন্ধে উল্লেখ করেছেন।

নল খাগড়ার উদ্ভিদতাত্ত্বিক নাম চযৎধমসরঃবং শধৎশধ, ইংরেজি নাম পড়সসড়হ ৎববফ ও গোত্র পোয়েসী। এর অন্য বাংলা নাম শর, অর্থাৎ নলখাগড়ার পরিপক্ব শক্ত কান্ড চোখা করে কেটে তীর বানানো হতো যা যুদ্ধের সময় ব্যবহৃত হতো। মধ্যযুগের বিভিন্ন কাব্যে তীর বা শর বোঝাতে ‘শর’ শব্দটি ব্যবহৃত হয়েছে। নলখাগড়া একটি বহুবর্ষজীবী বীরুৎ জাতীয় দ্রুতবর্ধনশীল পত্রঝরা স্বভাবের কন্দজ উদ্ভিদ যা ৪ থেকে ১০ মিটার লম্বা হয়, কান্ডের ব্যাস ১৫-২৫ সেন্টিমিটার। সাধারণত জলাভূমি, হাওর, বিল বা স্যাঁতসেঁতে কাদা-মাটিতে বেশি জন্মে।

কবি জীবনানন্দ দাশের মতো পৃথিবীর পথে আমি বহুদিন বাস করেও কখনো এমন নিবিড়ভাবে দেখা হয়নি নলখাগড়ার বনসৌন্দর্য, ফুল আর হেমন্ত বাতাসে দোলানো রাজসিক পুষ্পমঞ্জরি। কীসের মায়া, অনেক খুঁজেও পাইনি সে উত্তর, বুঝিনি কেন আমি গিয়েছিলাম সেখানে, ওই নলখাগড়ার বনে: “খাগড়ার বনে ব্যাং ডাকে কেন  থামিতে কি পারে;/ ‘তুমি কেন এইখানে’, ‘তুমি কেন এইখানে’ শরের বনের থেকে দেয় সে উত্তর।”

লেখক : কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ