আজ বিকেল ৩টায় শুরু হচ্ছে কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল। তবে উৎসব শুরুর আগেই প্রশ্ন উঠেছে সমুদ্রপাড়ে বালিয়াড়ির এই আয়োজন তিন মাস নাকি তিন বছরের। প্রকাশ্যে ৯০ দিনের কথা প্রচার হলেও সংশ্লিষ্ট দুই পক্ষের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, বন্দোবস্তের মেয়াদ আসলে তিন বছরের।
মেয়াদের এই ধোঁয়াশার পাশাপাশি আয়োজন ঘিরেও রয়েছে নানা অসংগতি। জানা গেছে, শহরের মোটেল শৈবালের দক্ষিণ-পশ্চিম পাশের ৩৫ একর বালিয়াড়ি বিনা ভাড়ায় পেয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। অথচ বিনা ভাড়ার জমিতেই স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে ৪০ হাজার থেকে ১৫ লাখ টাকায়। সঙ্গে যুক্ত হচ্ছে ৫ থেকে ১৫ শতাংশ সার্ভিস চার্জ। ক্যাশলেস লেনদেনের নিয়মে স্টল বিক্রির টাকাও সরাসরি জমা হবে স্পেলবাউন্ডের অ্যাকাউন্টে, যা এক সপ্তাহ পর পর পাবেন উদ্যোক্তারা। আবার খাবার ও কেনাকাটার মাত্র ৬টি সাধারণ জোন ঘুরতেই পর্যটকদের গুনতে হবে ৫০০ টাকা। ১৫টি জোনের প্রচারণা চালানো হলেও বালুর ভাস্কর্যসহ মূল আকর্ষণ বাকি ৯টি জোনে প্রবেশের জন্য পর্যটকদের গুনতে হবে বাড়তি ফি। পাশাপাশি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত সৈকতে আলোকসজ্জা, স্থায়ী সাব-স্টেশন, ওয়াশরুম ও ইটের ওয়াকওয়ে নির্মাণে কাটা পড়েছে ঝাউগাছসহ বালিয়াড়ির সাগরলতা ও ঘাস।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভ (পিপিআই)-এর আওতায় কার্নিভালটি বাস্তবায়ন করছে স্পেলবাউন্ড। এখন পর্যন্ত অপ্রকাশিত রয়েছে লিখিত চুক্তিপত্র। দুই সংস্থা আনুষ্ঠানিকভাবে মেয়াদ নিয়ে কথা না বললেও উভয় পক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে, ৩৫ একর জমি স্পেলবাউন্ডকে বিনা ভাড়ায় তিন বছরের জন্য দেওয়া হয়েছে; যেখানে আয়ের ২০ শতাংশ করপোরেশন ও ৮০ শতাংশ আয়োজকরা পাবে। এক্ষেত্রে প্রথমে তিন মাস (২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭) সাড়া মিললে কার্নিভাল চলতে থাকবে। নতুবা পরের বছর স্পেলবাউন্ড আবার আয়োজন করবে; সেক্ষেত্রে বালিয়াড়িতে রয়ে যাবে স্থায়ী সাব-স্টেশন, ওয়াশরুমসহ কিছু জোন।
৩১ জানুয়ারি পর্যন্ত স্পেলবাউন্ডকে বিনা ভাড়ায় বালিয়াড়ির জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতেই প্রথমবারের মতো পিপিআইয়ের মাধ্যমে তিন মাসব্যাপী এই কার্নিভালের আয়োজন। এতে করপোরেশন জমি দিয়েছে আর বিনিয়োগ করেছে আয়োজক প্রতিষ্ঠান। তিনি বলেন, আয়োজন সফল হলে তিন মাসের এই সময়সীমা ধাপে ধাপে বাড়ানোর পাশাপাশি অন্যান্য পর্যটন এলাকায়ও এমন কার্নিভালের পরিকল্পনা নেওয়া হবে।
জেলা প্রশাসনকেও কার্নিভাল তিন মাসের বলে অবহিত করা হয়েছে জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, তবে চুক্তি কত দিনের তা পর্যটন করপোরেশনই বলতে পারবে। কার্নিভালের আয়োজন, টিকিট, স্টল বরাদ্দ এসব বিষয় সরাসরি করপোরেশনই তদারকি করছে।
ইসিএ এলাকায় অবকাঠামো ও গাছ কাটার অভিযোগ, প্রশাসনের তদন্ত প্রত্যাখ্যান : বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, কক্সবাজার সমুদ্রসৈকত ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ), যেখানে বালিয়াড়ির প্রকৃতি নষ্ট, গাছ কাটা বা স্থায়ী অবকাঠামো নির্মাণ আইনত নিষিদ্ধ। অথচ অবকাঠামো নির্মাণে সৈকতের প্রায় ৩০টি ঝাউগাছসহ বালিয়াড়ির সাগরলতা ও ঘাস কাটা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, বন বিভাগ ও সিভিল অ্যাভিয়েশনসহ ঘটনাস্থল পরিদর্শন করে কার্নিভাল উপলক্ষে গাছ কাটার কোনো প্রমাণ পাইনি। এ ছাড়া বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে ঝড়ে পড়া গাছ বন বিভাগ এবং বিমান চলাচলের সুবিধার্থে সিভিল অ্যাভিয়েশন গাছের উপরের অংশ কেটেছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমীন খান জানান, কার্নিভালের স্থানটি ইসিএ জোন নয়, বরং পর্যটন করপোরেশনের নিজস্ব জায়গা।
এদিকে প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, যে পাঁচটি সংগঠন গাছ কাটার অভিযোগ দিয়েছে তাদের বাদ দিয়েই প্রশাসনের কমিটি একটি মনগড়া প্রতিবেদন দিয়েছে। আমরা সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, তদন্ত করতে হলে অভিযোগকারীদের সঙ্গে নিয়েই কার্নিভালের স্থান পরিদর্শন করতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুল বান্না বলেন, বেলার পক্ষ থেকে কার্নিভাল স্থান পরিদর্শনে গাছ কাটা, ঘাস উপড়ে ফেলা ও সাগরলতা ধ্বংসের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে আইনি নোটিস দেওয়া হয়েছে।
সরেজমিনে বালিয়াড়ির ভেতরের চিত্র : সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধান ফটক (কবিতা চত্বর) দিয়ে ঢুকলেই আলোকসজ্জায় রাঙানো চারপাশ। বালিয়াড়ি সমান করে তৈরি করা হয়েছে উত্তরমুখী ইটের ওয়াকওয়ে। সেই রাস্তার সঙ্গে লাগোয়া অবস্থানে সাগরলতা বিনষ্ট করে গড়া হয়েছে ভিআর জোন, ব্র্যান্ড প্যাভিলিয়ন, বালু ভাস্কর্য, অ্যাম্ফিথিয়েটার (কালচার জোন) ও পিঠা জোন (লাইভ মিউজিক উইথ অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট)। এর পূর্বপাশে খানিকটা দূরে সাজানো হয়েছে এসএমই জোন, ফুটসাল পয়েন্ট, সিনেমা জোন, ইলেকট্রিক সাব-স্টেশন, গো-কার্ট জোন, কমান্ডো ক্যাম্প জোন, মার্কেটপ্লেস, ক্যাম্পিং জোন, ব্যাডমিন্টন কোর্ট, ওপেন লাইব্রেরি, তিনটি ফুড জোন, চারটি ওয়াশরুম, কিডস জোন এবং ভেতরের পুকুর (কায়াকিং, ফিশিং, চিলড্রেন বোট ও ওয়াটার লেজার শো)। রাস্তার পশ্চিমে তৈরি হয়েছে ফটো এক্সিবিশন, সানসেট ভিউ পয়েন্ট, আর্ট এক্সিবিশন জোন, বার-বি-কিউ জোন ও ওয়েলনেস জোন।
টিকিটের শর্ত আর ক্যাশলেস লেনদেনের নিয়ন্ত্রণ : একবার প্রবেশের (ওয়ান টাইম) টিকিট ২০০ টাকা ও সারা দিনের (ফুল ডে) টিকিট ৫০০ টাকা। আয়োজকদের ওয়েবসাইট ও টিকিটিং পার্টনার টিকিফাইয়ের তথ্যমতে, মূল টিকিটে কেবল ফুড জোন, পিঠা এরিনা, মার্কেট জোন, বার-বি-কিউ জোন, অ্যাম্ফিথিয়েটারে লাইভ মিউজিক ও লাইভ বাস্কিং এই ৬টি সাধারণ এলাকায় যাওয়া যাবে, যার চারটিই খাবার ও কেনাকাটার। মূল আকর্ষণ বাকি ৯টি জোনে প্রবেশের জন্য লাগবে আলাদা টিকিট। এর মধ্যে ক্যাম্পিং, গো-কার্ট, ভিআর গেমিং বা বালু ভাস্কর্যের টিকিটের দাম অপ্রকাশিত।
পুরো এলাকা ক্যাশলেস করতে সিটি ব্যাংক ও বিকাশের সঙ্গে চুক্তি হয়েছে। প্রবেশমুখে বিকাশের ‘ওয়ান স্টপ সার্ভিস’ বুথে কাগজপত্র ছাড়াই তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুবিধা। আর স্টল বিক্রির টাকা সরাসরি স্পেলবাউন্ডের অ্যাকাউন্টে জমা হয়ে এক সপ্তাহ পর পর পরিশোধ করা হবে উদ্যোক্তাদের।
বিনা ভাড়ার জমিতে স্টল ভাড়া ও সার্ভিস চার্জ : তিনটি ফুড জোনের মধ্যে ২০টি ‘কনটেইনার ফুড প্যাভিলিয়ন’ ১৫ লাখ টাকা করে (সঙ্গে ১০% মাসিক সার্ভিস চার্জ, আলাদা বিদ্যুৎ বিল ও ঘণ্টায় ৩,৫০০ টাকা জেনারেটর চার্জ); ৫০টি ‘প্যাগোডা ফুড স্টল’ ৩ লাখ টাকা করে (১৫% সার্ভিস চার্জ) এবং ২০টি ‘পপ-আপ ফুড কার্ট’ ১ লাখ ৫০ হাজার টাকা করে (১৫% সার্ভিস চার্জ ও অগ্রিম এলপিজি ফি, বিদ্যুৎ সংযোগ নেই)।
কেনাকাটা ও প্রদর্শনীর পাঁচটি ক্যাটাগরিতে ২৫টি ‘মার্কেটপ্লেস প্যাগোডা স্টল’ ভাড়া ৩ লাখ টাকা করে ও স্থানীয়দের জন্য ‘যৌথ ছাউনির নিচে টেবিল’-এ ২০টি টেবিল ১ লাখ টাকা করে (অতিরিক্ত বিদ্যুৎবিহীন)। ২৫টি ‘নভেম্বরের অফ-পিক রোটেটিং স্টল’-এর ১৫ দিনের ভাড়া ৪০ হাজার ও ২৫টি ‘পিক সিজনের রোটেটিং স্টল’-এর ১৫ দিনের ভাড়া ৭০ হাজার টাকাপ্রতিটিতে ৫% মাসিক সার্ভিস চার্জ (অতিরিক্ত ব্র্যান্ডিং অন্তর্ভুক্ত নয়)। ‘ক্রাফট ভিলেজ’-এ মোট ৪৩,৭০০ বর্গফুটের মধ্যে সর্বনিম্ন ৫,০০০ বর্গফুট জায়গা প্রতি বর্গফুট ৫০০ টাকা (১৫% সার্ভিস চার্জ, বিদ্যুৎ পয়েন্ট থাকলেও স্টল নির্মাণ খরচ নেই)। সব ভাড়া ভ্যাট ছাড়া; সার্ভিস চার্জে ৭% ভ্যাট, ৫% বিদ্যুৎ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা খরচ এবং ৩% আয়োজকদের মুনাফা অন্তর্ভুক্ত।
প্রবেশ টিকিটের বাইরে যে ৯ জোনে গুনতে হবে বাড়তি টাকা : বালু ভাস্কর্য ও চিত্রকর্ম জোনে দেশি-বিদেশি ভাস্করদের তৈরি ১৫-২০টি বিশাল ভাস্কর্যে রয়েল বেঙ্গল টাইগার, মা হাতি ও শাবক, ইলিশ, সাম্পান নৌকা, জেলেদের জীবনচিত্র, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন ও শহীদ মিনারের প্রতিকৃতি রয়েছে। চিত্রকর্ম জোনে দেশীয় শিল্পীদের কাজের পাশাপাশি ভ্যান গগের শিল্পকর্মের আদলে আর্ট ইনস্টলেশন ও আলোকসজ্জা থাকছে।
ওপেন থিয়েটার জোনে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘ওয়েভ অব স্টোরিজ অ্যান্ড স্টারস’ ওপেন-এয়ার ফিল্ম প্রদর্শনী, উইকেন্ড কনসার্ট, ওপেন মাইক ও বিশেষ টেন্টে সার্কাস চলবে। মোটেল শৈবালের ভেতরের পুকুরের চারপাশেও আলোকসজ্জা ও বিনোদন থাকবে।
এ ছাড়া গো-কার্ট ও স্পোর্টস জোনে গো-কার্টিং, ওয়াটার স্পোর্টস, বিচ ফুটবল, বিচ ক্রিকেট ও ভলিবল; ক্যাম্পিং জোনে ওভারনাইট বিচ ক্যাম্পিং, ক্যাম্পফায়ার, সেলফ বার-বি-কিউ ও রাতের আকাশ দেখা; এক্সপেরিয়েন্স জোনে হ্যামকে বিশ্রাম নিয়ে বালুশিল্প ও সিনেমা দেখা; ওয়েলনেস জোনে সানরাইজ ইয়োগা ও মেডিটেশন; ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে ‘কুলা লাইব্রেরি’-তে বই পড়া ও টেলিস্কোপে তারা দেখা; গেমিং জোনে ভিআর এক্সপেরিয়েন্স ও ইনডোর-আউটডোর গেমস এবং কিডস জোনে বাউন্সিং ক্যাসল, মিনি গলফ ও বিশেষ রাইড থাকছে।
স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রকল্প ও বিজনেস ইন্টিগ্রেশন বিভাগের প্রধান আহমেদ সুপ্রতিম (ভাস্কর) জানান, নিরাপত্তার জন্য দুই শতাধিক নিরাপত্তাকর্মী ও এক শতাধিক পরিচ্ছন্নতাকর্মী রাখা হয়েছে। এ ছাড়া চারটি জোনে প্রায় ১২০টি ওয়াশরুম তৈরি করা হয়েছে।
আলাদা ফি প্রসঙ্গে তিনি বলেন, প্রবেশ ফি দিয়ে ঢুকে তাঁবু ও ক্যাম্প ফায়ারিং জোন ছাড়া সবই দেখা যাবে। তবে ওই ৯টি জোনে প্রবেশ করতে আলাদা প্রবেশ ফি দিতে হবে। কোন জোনের ফি কত ও তাঁবুতে রাত্রিযাপনে কত লাগবে জানতে চাইলে তিনি বলেন, এখনো জোন ফি নির্ধারণ করিনি। তবে একেক জোনের ফি একেক ধরনের হবে।
গাছ কাটার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঝাউগাছ আছে বলেই জায়গাটি আমরা পছন্দ করেছি। তাই গাছ কাটার প্রশ্নই ওঠে না। তবে চুক্তির বিষয়ে তিনি মুখ খুলতে রাজি হননি।