নিজের ভুলের দায় অন্যের ওপর চাপানোর পরিণতি

মানুষ মাত্রই ভুল করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের সিদ্ধান্ত ও কাজে ভুল হতে পারে। কিন্তু ভুল করার চেয়ে বড় সমস্যা হলো, সেই ভুল স্বীকার না করে অন্যের ওপর দায় চাপিয়ে দেওয়া। অনেকেই নিজের ব্যর্থতা, অবহেলা কিংবা অন্যায় আচরণের জন্য অন্যকে দায়ী করেন। কেউ নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরিস্থিতিকে দোষ দেন, কেউ ভুল সিদ্ধান্তের দায় সহকর্মীর ওপর চাপান। এভাবে নিজের দোষ আড়াল করতে গিয়ে অন্যের সম্মান ও অধিকার ক্ষুণœ করেন। অথচ ইসলাম মানুষকে নিজের কাজের দায়িত্ব নিতে এবং ভুল হলে তা স্বীকার করে সংশোধন করতে শিক্ষা দিয়েছে।

নিজের ভুলের দায় অন্যের ওপর চাপানোর প্রবণতা মানুষের একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর পেছনে অহংকার, আত্মসম্মানবোধের ভুল ধারণা, সমালোচনার ভয় এবং শাস্তি এড়িয়ে যাওয়ার মানসিকতা কাজ করে। অনেকের ধারণা, ভুল স্বীকার করলে নিজের মর্যাদা কমে যাবে। কেউ আবার নিজের ভাবমূর্তি রক্ষার জন্য অন্যকে দোষী প্রমাণ করার চেষ্টা করেন। কর্মক্ষেত্র, পরিবার, ব্যবসা কিংবা সামাজিক সম্পর্ক, সব জায়গায় এ ধরনের প্রবণতা দেখা যায়।

এর ফলে মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি হয়। নির্দোষ ব্যক্তি অন্যের ভুলের দায় বহন করতে গিয়ে অপমানিত হন। পারিবারিক সম্পর্ক নষ্ট হয়, কর্মক্ষেত্রে সহযোগিতার পরিবেশ ব্যাহত হয় এবং সামাজিক ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। সবচেয়ে বড় কথা, যে ব্যক্তি নিজের ভুলের দায় স্বীকার করেন না, তার পক্ষে আত্মশুদ্ধি ও চরিত্র সংশোধন করা কঠিন হয়ে পড়ে।

ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে সেটার জন্য সে নিজেই দায়ী হবে। কোনো ভারবহনকারীই অন্যের গুনাহের ভার বহন করবে না।’ (সুরা আনআম ১৬৪)

অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্য দায়ী। নিজের অপরাধ বা ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

অন্যের ওপর মিথ্যা অপবাদ চাপানোর বিষয়েও কোরআনে সতর্ক করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি কোনো অপরাধ করে, অতঃপর কোনো নির্দোষ ব্যক্তির ওপর তা আরোপ করে, তাহলে সে তো মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করল।’ (সুরা নিসা ১১২)

ইসলাম মানুষকে নিজের ভুল বুঝতে, অনুতপ্ত হতে এবং সংশোধনের চেষ্টা করতে উৎসাহিত করেছে। ভুল স্বীকার করা দুর্বলতা নয়। বরং এটি সাহস, সততা ও আত্মমর্যাদার পরিচয়। কারও অধিকার ক্ষুণœ হলে তার কাছে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করাও জরুরি।