নেসেটের ডেপুটি স্পিকার হলেন ‘প্রতিবাদী মুয়াজ্জিন’

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলা অনেক কঠিন কাজ। সেখানে দাঁড়িয়ে আজান দিয়ে প্রতিবাদ জানানো আরও সাহসী পদক্ষেপ। এমনই এক প্রতিবাদী কণ্ঠস্বর আহমেদ তিবি।

চিকিৎসক থেকে রাজনীতিক হয়ে ওঠা তিবির জীবনজুড়ে রয়েছে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, রাজনৈতিক সাহস ও নানা প্রতিকূলতার মুখে নিজের অবস্থান ধরে রাখার ইতিহাস।

২০১৬ সালে জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধের প্রস্তাবিত বিলের প্রতিবাদে নেসেট কক্ষে আজান দেন তিনি। হঠাৎ ‘প্রতিবাদী মুয়াজ্জিন’ হওয়া সেই সংসদ সদস্য এবার ইসরায়েলের কট্টর ডানপন্থীদের বাধা পেরিয়ে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ভোটে নির্বাচিত হওয়ার পর তিবি আল-জাজিরাকে বলেন, ‘লিকুদ পার্টি ও ইতামার বেন গভির আমাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বেপরোয়া উসকানি দিয়েও তারা ব্যর্থ হয়েছেন।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের এই ব্যর্থতাকে রাজনৈতিক জয় হিসেবে দেখছেন তিবি।

তিবি আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তাআল পার্টির চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্ব করছেন। তবে ডেপুটি স্পিকারের দায়িত্ব তার জন্য নতুন নয়। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) পরিচিতি অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৩ সালেও তিনি এই পদে ছিলেন।

তিবির জন্ম তৎকালীন ফিলিস্তিন ভূখণ্ডের উত্তরাঞ্চলের তাইবে শহরে, ১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর। তার পরিবার ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিল। তার বাবা কামেল তিবি, মা হাইফা তাজি। আহমেদ তিবি তার বাবার সাত সন্তানের মধ্যে দ্বিতীয়। তার শৈশব কেটেছে তাইবে শহরে।

তিবি ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করেন। এর পরিবর্তে দেশটিকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ আখ্যা দিয়ে তিনি দাবি তোলেন, এটিকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ হতে হবে।

১৯৮৪ সালে তিউনিসিয়ার রাজধানীতে ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে দেখা করেন তিবি। তখন ইসরায়েলের আইনে পিএলওকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে গণ্য করা হতো। দেশে ফেরার পর ইসরায়েলি পুলিশ তিবিকে জিজ্ঞাসাবাদ করে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।

তিবি ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ওয়াই রিভার সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধি দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেন।

তিবি ১৯৯৬ সালে তাআল প্রতিষ্ঠা করেন। ইসিএফআরের তথ্য অনুযায়ী, একদল আরব শিক্ষাবিদকে সঙ্গে নিয়ে দলটি গঠন করা হয়েছিল।

তাআল গঠনের তিন বছরের মাথায় ১৯৯৯ সালে তিবি প্রথমবারের মতো নেসেটের সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বালাদের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে বালাদ থেকে পদত্যাগ করে তাআল পুনর্গঠন করেন।

স্পষ্টভাষী অবস্থান ও রাজপথে সক্রিয় থাকার কারণে তিবি বারবার ইসরায়েলি সরকার এবং সহিংস কট্টর ডানপন্থী কর্মীদের নিশানা হয়েছেন।

দ্বিতীয় ইন্তিফাদার সময় ২০০০ সালের সেপ্টেম্বরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত অ্যারিয়েল শ্যারনের উসকানিমূলক প্রবেশের বিরোধিতা করতে গিয়ে তার ডান হাত ভেঙে যায়। পরের বছর শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী হন।

২০০২ সালে ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ঢোকেন তিবি। সেখানে সেনাদের মুখোমুখি হন। এরপর তার সংসদীয় দায়মুক্তি প্রত্যাহার করে ইসরায়েল।

কঠোর সমালোচনার পাশাপাশি তিবির একটি ভাষণ নেসেটে বিশেষ প্রশংসা পেয়েছিল। ইসিএফআরের পরিচিতি অনুযায়ী, ২০১০ সালে হলোকাস্ট নিয়ে হিব্রু ভাষায় তিনি ওই ভাষণ দেন।