সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে সাদিক কায়েম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন।

সাদিক কায়েম জানান, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা তার খাগড়াছড়ির বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের মূল দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়ি পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন, তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হওয়ায় তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়।
 
সাদিক কায়েম বলেন, এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।