প্রতিপক্ষের মুখে বল ছুঁড়ে হলুদ কার্ড দেখলেন মেসি, বড় হার মায়ামির 

কিকঅফের ঠিক আগে ক্লাবের সহ-মালিক হোর্হে মাসের হাত থেকে ২০২৬ এমএলএস গোল্ডেন বুট পুরস্কার নেওয়ার উচ্ছ্বাসটা বেশিক্ষণ স্থায়ী হলো না লিওনেল মেসির; ঘরের মাঠে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলের লজ্জাজনক হারে শিরোপা ধরে রাখার অভিযানে বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। 

মায়ামি নু স্টেডিয়ামে আজ বেস্ট-অব-থ্রি প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে দশ জনের দলে পরিণত হওয়া মেসিদের রীতিমতো বিধ্বস্ত করেছে সপ্তম বাছাই কলম্বাস, যেখানে জোড়া গোল করে নায়ক বনে গেছেন চিলির ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া এবং অন্য গোলটি করেছেন তাহা হাবরুন।

এই পরাজয়ে এমএলএস কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল মেসির দল, কারণ আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারলেই থেমে যাবে বর্তমান চ্যাম্পিয়নদের যাত্রা।

ম্যাচ শুরু আগে গোল্ডেন বুটের পুরষ্কার হাতে মেসি, ছবি: সংগৃহীত

নিয়মিত মৌসুমে ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট করে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতার পাশাপাশি ষষ্ঠ ফুটবলার হিসেবে একাধিকবার এই সম্মাননা অর্জন করেন মেসি, যিনি টানা তৃতীয়বার লিগের এমভিপি হওয়ার দৌড়েও এগিয়ে আছেন। কিন্তু নতুন নির্মিত ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার নু স্টেডিয়ামে মায়ামির পুরোনো রক্ষণদুর্বলতা যেন আবারও যেন চাড়া  দিয়ে উঠল। চলতি বছরের এপ্রিলে এই মাঠে খেলা শুরুর পর নিয়মিত মৌসুমের ১৭ ম্যাচের মাত্র ছয়টিতে জেতা মায়ামি এদিন প্রথমবারের মতো কোনো গোল না করেই মাঠ ছাড়ল, যা মার্চের শুরু থেকে এমএলএসে তৃতীয়বার তাদের গোলশূন্য থাকার ঘটনা।

ম্যাচের শুরু থেকেই নিজেদের ভুলে বিপদ ডেকে আনে স্বাগতিকেরা; অষ্টম মিনিটে গোললাইন ছেড়ে বেরিয়ে এসে বক্সের ভেতর তাপিয়াকে ফাউল করে বসেন মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার, আর নবম মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া নিজেই। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠেন মেসি, কিন্তু ২৩তম মিনিটে খুব কাছ থেকে নেওয়া তাঁর শট এবং ৩১তম মিনিটে চিরচেনা ফ্রি-কিক দুর্দান্ত দক্ষতায় রুখে দেন কলম্বাসের যুক্তরাষ্ট্র জাতীয় দলের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে (ম্যাচে মোট পাঁচটি সেভ করেন তিনি), পাশাপাশি লুইস সুয়ারেজও সহজ সুযোগ হাতছাড়া করেন। 

মায়ামির বিপদ আরও বাড়ে ৩৬তম মিনিটে, যখন স্টিফেন মোরেইরাকে বেপরোয়া ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার গঞ্জালো লুহান; আর প্রথমার্ধের শেষ দিকে হতাশা চরমে পৌঁছালে খুব কাছ থেকে থ্রো-ইন করার সময় তাপিয়ার মুখে বল মেরে হলুদ কার্ড দেখেন মেসিও, এমনকি বিরতিতে যাওয়ার সময় নিজ সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয় খেলোয়াড়দের।

বিরতির সময় সুয়ারেজকে তুলে নিয়ে দলের ফরমেশন বদলালেও দশ জনের মায়ামিকে কোনো সুযোগই দেয়নি কলম্বাস; দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নেয় তারা। ৫২তম মিনিটে ব্রাইস মেন্দেজের থ্রু বল ধরে ঠান্ডা মাথায় সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তাহা হাবরুন, আর ৫৮তম মিনিটে মায়ামি ডিফেন্ডার ইয়ানিক ব্রাইটের ঢিলেঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে দারুণ শক্তিমত্তায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তাপিয়া। গত ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সের ১৫তম বা তলানিতে থাকা কলম্বাস অন্তর্বর্তীকালীন কোচ লরেন্ট কুর্তোয়ার অধীনে টানা ছয় জয়ে প্লে-অফে উঠে এসেছিল, আর এদিন এতটাই দাপট দেখায় যে দ্বিতীয় ম্যাচে নিষেধাজ্ঞা এড়াতে ৩০ মিনিটের বেশি সময় বাকি থাকতেই তাপিয়াকে তুলে নেন কোচ।

নিয়মিত মৌসুমে কলম্বাসের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেষ করা মায়ামি সর্বশেষ ১৮ লিগ ম্যাচে মাত্র পাঁচটি জয় নিয়ে প্লে-অফে এসেছিল, আর এখন ২ ডিসেম্বর ঘরের মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ খেলতে হলে শুক্রবার ওহাইওতে জিততেই হবে তাদের।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে মায়ামি কোচ ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেস বলেন, ‘দল ম্যাচ শেষ করে দেওয়ার মতো চার-পাঁচটি পরিষ্কার সুযোগ তৈরি করেছিল, কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি এবং ওদের গোলরক্ষক সেভগুলো করেছে। এরপর লাল কার্ড এল, যা ম্যাচের চরিত্র পুরোপুরি বদলে দিল। তবে ১১ বনাম ১১ লড়াইয়ের দিকে তাকালে আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি; এটি তেমনই একটি দিন ছিল যখন কোনো কিছুই আপনার পক্ষে যায় না, দাঁতে দাঁত চেপে তা সহ্য করতে হয়। এখনো আরেকটি ম্যাচ বাকি, আমাদের সেখানে গিয়ে জিততে হবে এবং ঘরের মাঠে ফিরে ফয়সালা করতে হবে। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি।’

একইভাবে শুক্রবারের বাঁচা-মরার লড়াইয়ের চাপ মেনে নিয়েও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শুনিয়েছেন মায়ামির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। পরবর্তী ম্যাচের সমীকরণ নিয়ে কাসেমিরো বলেন, ‘চাপ? অবশ্যই চাপ আছে। ইন্টার মায়ামি সব সময় জয়ের জন্য খেলে এবং আমরা জানি পরের ম্যাচ হারলে আমরা বাদ পড়ে যাব। সুতরাং, এটাই চাপ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। আমরা জানি আমাদের আরও ভালো করতে হবে, কারণ আমরা আরও ভালো করতে পারি। পয়েন্ট টেবিলে আমরা দ্বিতীয় ছিলাম, তাই পরের ম্যাচটিকে কাজে লাগিয়ে বাকিদের দেখিয়ে দেব আমরা কতটা শক্তিশালী।’ 

অন্যদিকে শুরুতেই গোল হজম করার ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে বলেন, ‘আমরা শুরুতেই গোল হজম করতে পারি না। প্রথমার্ধে জাল অক্ষত রাখতে পারলে আমরা অবশ্যই গোল করব।’